17/01/2026
ঐতিহাসিক বিদায়ী সংবর্ধনা: কাওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গৌরবময় এক অধ্যায়।
কাওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও ঐতিহাসিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে দীর্ঘ ৩৮(+-) বছর একই প্রতিষ্ঠানে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে একসাথে অবসর গ্রহণকারী প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষকের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানের আয়োজক কমিটিতে ছিলো বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা, যা এই বিদায়কে আরও আবেগঘন ও স্মরণীয় করে তোলে।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী শিক্ষকদের রাস্তা থেকে সজ্জিত গাড়িতে করে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।
- অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দুস সালাম আজাদ।
- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হোসেন মিয়া এবং শিক্ষা সম্পাদক মো. ফরিদ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, সুজন মিয়া, অপূর্ব রায় প্রিন্স, আলামিন মিয়া, তারেক হোসেনসহ আরও অনেকে।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. খোকন মিয়া (আজাহার) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- অনুষ্ঠান সঞ্চালনা করেন, এস এম শফিকুল ইসলাম।
- প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন, অপূর্ব রায় প্রিন্স।
- কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন, আমজাদ হোসেন।
- গীতা পাঠ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ ও বিদায়ী শিক্ষকগণ তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্যে বিদ্যালয়ের নানা স্মৃতি, সংগ্রাম ও গৌরবময় অধ্যায়ের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বিদায়ী শিক্ষকদের বরণ করে নেন। পরে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সবশেষে সভাপতি আব্দুস সালাম আজাদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে দোয়া-মাহফিলের আয়োজন করা হয় এবং দোয়া শেষে সকল অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
একই প্রতিষ্ঠানে টানা ৩৮ বছর দায়িত্ব পালন শেষে একসাথে চারজন শিক্ষকের অবসর গ্রহণ—এই ঘটনা প্রাথমিক শিক্ষার ইতিহাসে অত্যন্ত বিরল ও প্রায় নজিরবিহীন। কাওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বিদায়ী সংবর্ধনা নিঃসন্দেহে শিক্ষা ও শিক্ষকতার ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।