17/02/2024
যেসব চিন্তা আমাকে ঘুমাতে দেয় না…০১ঃ প্রযুক্তি নতুন কি ক্ষেত্র তৈরি করছে, কোনগুলো প্রতিস্থাপন করছে?
ভিডিও, সিনেমাটোগ্রাফি, মুভি, এডভারটাইজমেন্ট প্রভৃতি কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে মারাত্নক ধাক্কা আসতে যাচ্ছে! এক্সপার্ট হওয়ার পাশাপাশি যারা এডপ্ট করতে পারবে, তারা টিকবে বাকিরা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
AI generated ভিডিও অন্য মাত্রায় যাচ্ছে (গিয়েছে) সম্প্রতি। Deepfake নিয়ে একটা ভিডিওতে কথা বলেছিলাম। ভিডিওর ক্ষেত্রে প্রযুক্তিগুলো খুব বেশি দ্রুত evolve হচ্ছে। এক বছর আগের প্রযুক্তির সাথে এখনকার প্রযুক্তিগুলোর রাতদিন তফাৎ। বহু প্লাটফর্ম ভিডিও ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। তারমধ্যে runwayml নামের একটা প্লাটফর্ম ভিডিও এডিটিং ও এনিমেশনে চমৎকার কাজ করছিল। সম্প্রতি Chatgpt এর মাদার কোম্পানি OpenAI এর Text to video সার্ভিস দেখলাম। টেক্সট টু ভিডিও মানে আপনি লিখলেন “lady in black saree walking beside a river” লিখলে শাড়ি পড়া নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়া নারীর ভিডিও বানিয়ে দিবে। দুষ্টুরা শাড়ি ছাড়া নারীর ভিডিও বানানোর চেষ্টা করলেও প্রচলিত প্লাটফর্মগুলোতে ফিল্টারিংয়ে বাদ পড়ে যাবে অমন রিকোয়েস্ট।
বলাবাহুল্য prompt engineering এর মতো কাজগুলোয় যারা ভালো করবে তাদের নানা সুযোগ তৈরি হবে।
এরজন্য wired এর একটা শোয়ের কথা মনে করা যায়। যেখানে দেখাচ্ছিল একটা বাচ্চা কিভাবে বেসিক ইন্সট্রাকশন দেয়। যেখানে বড়রা অপেক্ষাকৃত মোটাদাগের ইনস্ট্রাকশন দেন একটা কাজের জন্য। উদাহরণস্বরূপ যদি প্রশ্ন করা হয় টেবিলের উপর রাখা আপেল ও চাকু। এটা কিভাবে পাঁচজনকে ভাগ করে দেয়া যাবে?
বড়দের উত্তর হবে অনেকটা এমনঃ আপেল পাঁচ টুকরো করে সবাইকে এক পিস করে দিয়ে দিবো।
কিন্তু অল্প বয়সীদের বুঝিয়ে বললে তারা ধাপগুলো সম্পর্কে বলবেঃ প্রথমে টেবিলের কাছে যেতে হবে। চাকু নিতে হবে। আপেলটা একটা চপিং বোর্ডে নিয়ে চাকু দিয়ে আপেলের মাঝ বরাবর ধার অংশ রেখে চাপ দিতে হবে।
আমার উদাহরণ পারফেক্ট না হলেও কনসেপ্ট নিশ্চয়ই বুঝতে পারছেন! ডিটেইলড স্টেপ বাই স্টেপ ইন্সট্রাকশন দিতে পারাটাও একটা গুন। ভিডিওটা ছিল এলগরিদম নিয়ে। বিভিন্ন লেভেলের স্টুডেন্টদের কাছে এলগরিদম ব্যাপারটা বোঝানোর জন্য ছিল। অবশ্য বড়দের এধরণের স্টেপ ক্ষেত্রবিশেষ কম ধরতে পারার কারণ আমাদের কিছু প্রায় সব কাজ অভ্যাস হয়ে গেছে। যেমন সাইকেল চালানো। যে চালাতে পারেনা সে হয়তো বলতে পারবে স্টেপগুলো, কিন্তু যারা পারে তাদের অনেকে স্টেপগুলো হয়তো বলতে পারবে না।
এতো কথা বলার কারণ হচ্ছে prompt engineering আদতে AI প্রোগ্রামকে আমাদের কাঙ্ক্ষিত উত্তরের জন্য algorithm সেট করে দেয়ার মতোই ব্যাপার। যেমনঃ আপনি "Solar Energy" নিয়ে কম্পোজিশন রচনা করতে চান, ক্লাস সেভেন স্ট্যান্ডার্ডের। এরজন্য Chatgpt তে লিখতে পারেনঃ
-write a composition on Solar Energy
উত্তর আসবে। কিন্তু আপনি যদি এমনভাবে লিখেন
-Assume you are a student of class seven in a Bangladeshi school. you have to write a composition on "Solar Energy" not more than 300 words. Keep Bangladeshi prospect and perspective. divide it to 6 paragraph with introduction and conclusion. Give title to every paragraph of the composition.
তাহলে উত্তরটা আপনার জন্য গুছিয়ে আসবে। সাধারণ প্রশ্নের চেয়ে ভালো আসবে। কারণ প্রোগ্রামের কাছে তথ্য আছে, খুঁজে বের করে আনা অনেক সময় কঠিন হয়। অবশ্য একসময় আমাদের ব্যাক্তিগত ডাটার সাথে এসব প্রোগ্রাম যুক্ত হয়ে যাবে। তখন আমরা চিন্তা করলেই হয়তো অনেক কাজ হয়ে যাবে।
হ্যাঁ, উত্তর চাইতে পারার জন্য প্রশ্ন করতে পারতে হবে। সেক্ষেত্রে কোন ফিল্ডে এক্সপার্ট যারা থাকবেন তাদের প্রশ্ন বেশি ডিটেইল্ড হবে। উত্তরও ভালো পাবেন তারা। উত্তর আসতে পারে টেক্সট, ছবি, ভিডিও, বস্তু (যেমনঃ থ্রিডি প্রিন্টেড মডেল) যেকোন ফরম্যাটে।
ভিডিও ইন্ডাস্ট্রির কথা চিন্তা করলে এনিমেশন ব্যাপারটা ছিল মারাত্মক ধৈর্য্য ও সময় সাপেক্ষ একটা কাজ। প্রতিটা ক্যারেক্টার, বস্তু, আবহ আলাদা আকার প্রয়োজন পড়তো। প্রতিটা ফ্রেমের জন্য আলাদাভাবে এডজাস্ট করতে হতো! এখন এক লাইন লিখলেই হয়ে যাচ্ছে!
লক্ষ্য করে থাকবেন দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোয় কৃত্রিম মুভি সেট, সেট এক্সটেনশনের ব্যবহার হয়ে এসেছে আগে থেকেই। হলিউডের কথা বাদই দিলাম। সেই দক্ষিনী সিনেমার ভিএফএক্স এখন আরো সুচারু। সাধারণ চোখে ধরা যায় না অনেক সেট এক্সটেনশন। সেট এক্সটেনশন কঠিন শোনালে কৃত্রিম ভাবে যুক্ত করা পাহাড়-পর্বত, রাস্তাঘাটের কথা বলতে পারেন। কলাকুশলীরা সেসব জায়গায় যাওয়া ছাড়াই সেখানকার দৃশ্য করতে পারছেন।
মোদ্দাকথা প্রযুক্তি যে হারে আগাচ্ছে আমি কি এগোতে পারছি? ভবিষ্যতে যেসব সুযোগ তৈরি হবে বর্তমানের অনেক কর্মক্ষেত্র বিলুপ্ত হয়ে। আমি কি সেগুলোর জন্য প্রস্তুত হচ্ছি? নাকি আমিও অর্বাচীন প্রযুক্তি মূর্খ হয়ে কাটাবো বাকি জীবন!
আগামীকাল পরীক্ষা। আর আমি Marques Brownlee এর ভিডিও দেখে দুশ্চিন্তা করতেছি আমাদের অনাগত ভবিষ্যৎ কেমন হতে পারে এসব নিয়ে!
কনটেক্সট বোঝার জন্য কিছু লিংক দিয়ে দিবো কমেন্টে।