04/05/2025
বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার খাতা কেমন হতে পারে কিংবা কিভাবে উত্তরপত্রে লিখতে হবে? -
বিঃ দ্রঃ কিছুটা সময় ব্যয়িত হলেও লিখিত পরীক্ষার্থীদেরকে অত্র পোস্টটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
>> খাতার সাইজ ও অন্যান্য বিষয়ঃ
(ক) খাতার সাইজঃ ১৪.৫X৯.৫ (অথবা ১৫X১০)
(খ) মোট পৃষ্ঠাঃ ৪০টি। (পরবর্তীতে সাপ্লিমেন্টারী পেইজ নেওয়া যায়)
(গ) খাতাটি বাম পাশে Automated Machine-এ সেলাই করা থাকে।
(ঘ) খাতার দ্বিতীয় পেইজে বিভিন্ন দিকনির্দেশনা (Instructions to Examinees) পরীক্ষার্থীদের নিজ নিজ দায়িত্বে পড়ে নিতে হবে।
>> খাতার উপরে, বামে, ডানে এবং নিচে কতটুকু কিংবা কত ইঞ্চি পরিমাণ খালি জায়গা রাখা উচিৎ?
লিখিত পরীক্ষার খাতায় লিখার ক্ষেত্রে উপরে, বামে, ডানে এবং নিচে কতটুকু কিংবা কত ইঞ্চি পরিমাণ খালি রাখতে হবে কিংবা এক পেইজে কত লাইন লিখতে হবে, এই সংক্রান্ত বিষয়ে উত্তরপত্রে কিংবা বার কাউন্সিল থেকে সুনির্দিষ্টভাবে কোনোরূপ কোনো দিকনির্দেশনা ইতোপূর্বে ছিলনা। তবে সাধারণত বাম পাশে সর্বোচ্চ ১-১.৬" (এক থেকে দেড়) ইঞ্চি, উপরে ১.৬-২" (দেড় থেকে দুই) ইঞ্চি এবং আর ডান পাশে এবং নিচে .৬" (আধা) ইঞ্চি পারিমাণ খালি রাখলেই যথেষ্ট। এক্ষেত্রে পরীক্ষার্থীরা যার যার নিজের সুবিধা ও স্বাচ্ছন্দ্যমত খালি রেখে লিখতে পারেন। তবে খাতার উপরে, ডানে, বামে এবং নিচে অতিমাত্রায় কিংবা প্রয়োজনের তুলনায় অধিক খালি রাখলে কিংবা এক পেইজে হাতেগোনা কয়েক লাইন লিখলে মূল খাতার পরিধি কমে আসবে, যা কোনোভাবেই পরীক্ষকের নিকট সৌন্দর্য ও যথার্থ বলে বিবেচিত নাও হতে পারে। উক্ত খাতায় লিখার ক্ষেত্রে একটি লাইন থেকে অন্য লাইনের দূরত্ব যুক্তিসংগতহারে হওয়ার উচিৎ, যা পরীক্ষকের পড়তে ও বুঝতে সহজেই বোধগম্য হবে। উল্লেখ্য যে, পরীক্ষার্থীরা খাতা ভাঁজ করবে নাকি মার্জিন করবে এইটা সম্পূর্ণরুপে যার যার ব্যক্তিগত চিন্তাধারা কিংবা অভিরুচির উপর নির্ভর করছে।
>> খাতার কভার পেইজঃ
Name of the Candidate, Roll Number, Date & Signature of the Candidate (as per online Form Fill Up) লিখতে হবে। যেহেতু খাতার কভার পেইজ এবং অন্যান্য নির্দেশনা English-এ লিখা, সেহেতু উক্ত তথ্যাদিও English-এ লিখা উচিৎ। তবে বাংলাতেও লিখা যাবে। (১নং ছবিতে দ্রষ্টব্য) এছাড়াও খাতার কভার পেইজে হল পরিদর্শকের সাইন নিশ্চিত করতে হবে, অন্যথায় উত্তরপত্র বিবেচিত নাও হতে পারে।
>> খাতার দ্বিতীয় পেইজঃ
খাতার দ্বিতীয় পেইজে "Instructions to Examinees" থাকবে, যেখানে পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা উল্লেখ থাকবে। পরীক্ষার্থীদেরকে নিজ নিজ দায়িত্বে সেগুলো মনোযোগ সহকারে পড়ে নিতে হবে এবং উক্ত দিকনির্দেশনার পরেই "[Answer to be started from here, otherwise the answer script shall not be considered for marking - প্রশ্নোত্তর এখান হইতে লেখা আরম্ভ হইবে, অন্যথায় উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হইবে না]" লিখা থাকবে। পরীক্ষার্থীদেরকে মূলত সেখান থেকে প্রশ্নের উত্তর লিখতে হবে। অন্যথায় পরীক্ষার্থীর খাতাটি বাতিল বলে গণ্য হবে। (২নং ছবিতে দ্রষ্টব্য)
>> খাতায় বিশেষ সাইন কিংবা সাংকেতিক চিহ্ন (Unusual Signs) ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধঃ
খাতার প্রতিটি পেইজে বার কাউন্সিলের অফিসিয়াল লোগো এবং পেইজ নম্বর উল্লেখ থাকবে। সুতরাং খাতার প্রতিটি পেইজে পেইজ নম্বর কিংবা PTO (অঃ পৃঃ দ্রঃ) লিখার কোনো প্রয়োজন নেই। এছাড়াও খাতাতে কোনো বিশেষ সাইন কিংবা সাংকেতিক চিহ্ন (Unusual Signs) ব্যবহার করলে উক্ত খাতাটি বাতিল করার ক্ষমতা বাংলাদেশ বার কাউন্সিল সংরক্ষণ করে।
>> Preferred Language:
এনরোলমেন্ট লিখিত পরীক্ষার প্রশ্ন Bangla ও English উভয় ভাষায় হয়ে থাকে। অনলাইন ফরম ফিলাপের সময়ে "Preferred Language" হিসাবে পরীক্ষার্থীরা যাই নির্বাচন করুক না কেন, লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ পছন্দানুযায়ী যে কোনো একটি ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং কোনো পরীক্ষার্থী কোনো অবস্থাতেই Bangla এবং English ভাষায় একসাথে লিখতে পারবেনা। তবে Bangla ভাষায় লিখার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের নাম (Name of Law), বিধি-বিধান (Section/Order/Rule/Article), বিচারিক সিদ্ধান্ত (Case Reference/Precedent), Legal Terms, Maxims English-এ লিখা যাবে।