10/11/2024
যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
রবি ঠাকুরের রচিত এই লাইন দুইটি আজ ক্ষনে ক্ষনে মনে পড়ছে। মনে পড়ছে এই কারনে যে আমাদের প্রাণপ্রিয় বানিয়াল উচ্চ বিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ জাকারিয়া মিয়াজী স্যারের বিদায়ের কথা শুনে।
আসছে ২৮ শে ডিসেম্বর ২০২৪ এ উনি অবসরে যাচ্ছেন। উনার অবসরে যাওযার সময়টিতে মনে পড়ছে উনার দীর্ঘ শিক্ষকতা জীবনের অনেক সুকর্ম ও সুখ্যাতির কথা। নানা পেশায় চাকুরীর সুযোগ থাকলেও তিনি শিক্ষকতা পেশাকেই বেঁছে নিয়ে ছিলেন মনেপ্রাণে । এলাকার ছেলেমেয়েদের গভীরভাবে ভালোবাসেন বলেই তিনি এই স্কুলটি ছেড়ে অন্য কোন স্কুলে যোগ দেয়ার কল্পনাও করেন নি। শক্ত হাতে হাল ধরেছিলেন এই স্কুলের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি ও পড়াশুনার গুনগত মান বৃদ্ধির জন্য। সফলও হয়েছেন। জেলার নামকরা স্কুলগুলির মাঝে এখন অন্যতম এই স্কুলটি।
সেই ১৯৯৭ সালে সর্বনাশা পদ্মার ভাঙনে যখন আমাদের আগের স্কুল ভবনটি নদী গর্ভে চলে যায় তখন কি দৈন্যদশাই না ছিল এই স্কুলটির! তখনকার মুন্সীগঞ্জ সদরের এম পি আব্দুল হাই সাহেব , আলহাজ্ব আব্দুল মতিন সাহেব, মহিউদ্দিন মেম্বার সাহেব প্রধান শিক্ষক নরেশ চন্দ্র মজুমদার স্যার ও জাকারিয়া মিয়াজী স্যারের মেধা, পরিশ্রম, সময় ও সততা বিনিয়োগের সুফল আজকে এই সফল বানিয়াল উচ্চ বিদ্যালয়। সময়ের পরিক্রমায় জাকারিয়া স্যার চলে যাবেন ঠিকই কিন্তু তার সুকর্মগুলি রয়ে যাবে স্কুলের অনুতে পরমানুতে এবং কোমলমতি ছাত্রছাত্রীদের হৃদয়ে।
তাই স্যারের বিদায়কে স্মরনীয় করে রাখতে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি ও সুপরামর্শ কামনা করছি। এক বছর আগে বিদায় নিয়েছেন প্রধান শিক্ষক জাকির হোসেন স্যার। তার বিদায়ী অনুষ্ঠানটিও স্মরনীয় করে রাখার জন্য প্রাক্তন ছাত্রছাত্রীদের আন্তরিকতার কমতি ছিল না। আশা করি সকল শিক্ষকদের বিদায়ে একই ধারা অব্যাহত থাকবে।