03/07/2026
সব শিক্ষার্থী শুধু শ্রেণিকক্ষে আসে না; কেউ কেউ হৃদয়ের ভেতর একটি স্থায়ী আসন তৈরি করে যায়।
শিক্ষকতার দীর্ঘ পথচলায় অসংখ্য মুখের সঙ্গে পরিচয় হয়। সময়ের স্রোতে অনেকেই হারিয়ে যায়, অনেক নাম স্মৃতির ধুলোর নিচে চাপা পড়ে। কিন্তু কিছু শিক্ষার্থী থাকে, যাদের কথা মনে পড়লেই বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। আব্দুল্লাহ আল মাসুদ তেমনই এক আলোকিত নাম।
প্রতিদিন প্রায় ২৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে আমার ইংলিশ ব্যাচে উপস্থিত হতো। এই পথ তার জন্য কখনো সহজ ছিল না। কখনো দগ্ধ দুপুরের নির্মম রোদ, কখনো অবিরাম বর্ষণের সিক্ত পথ, কখনো ক্লান্ত শরীর, কখনো জীবনের নানান বাস্তবতার কঠিন হিসাব—সবকিছুকে নীরবে অতিক্রম করে সে ঠিক সময়েই ক্লাসে এসে বসত। তার চোখে আমি ক্লান্তি দেখেছি, কিন্তু কখনো অজুহাত দেখিনি; অবসাদ দেখেছি, কিন্তু কখনো হাল ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেখিনি।
আজকের পৃথিবীতে, যেখানে সামান্য অসুবিধাকেও অনেকেই ব্যর্থতার কারণ বানিয়ে ফেলে, সেখানে মাসুদ আমাকে নতুন করে শিখিয়েছে—স্বপ্নের পথে সবচেয়ে বড় বাহন- কোনো যানবাহন নয়, সবচেয়ে বড় বাহন হলো -'অদম্য ইচ্ছাশক্তি'। একজন শিক্ষক হিসেবে আমি তাকে শুধু ইংরেজি শেখাইনি; বরং তার কাছ থেকেও শিখেছি নিষ্ঠার ভাষা, সময়ের মূল্য এবং স্বপ্নকে ভালোবাসার প্রকৃত অর্থ। অনেক সময় শিক্ষকও তার শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষা নেয়—মাসুদ তার জীবন্ত প্রমাণ।
"দূরত্ব কখনো পথের নয়, দূরত্ব থাকে মনের ভেতর;
যার বিশ্বাস আকাশ ছোঁয়, তার কাছে পৃথিবীও ছোট হয়ে যায়।"
প্রিয় আব্দুল্লাহ আল মাসুদ, তোমার পরিশ্রমকে আল্লাহ কবুল করুন এবং তোমার স্বপ্নগুলোকে এমন উচ্চতায় পৌঁছে দিন, যেখানে দাঁড়িয়ে একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে—
"কোনো পথই দীর্ঘ নয়, যদি গন্তব্য সত্যিই প্রিয় হয়।"
আজ তোমাকে নিয়ে লিখছি ,কারণ তুমি আমাকে আবারও বিশ্বাস করিয়েছ—
"রোদ যদি পোড়ায়, পোড়াক;
বৃষ্টি যদি ভিজায়, ভিজাক;
যে হৃদয় স্বপ্নকে সেজদা করে,
তার পথরোধ করার ক্ষমতা কোনো ঝড়ের নেই।"
একজন শিক্ষকের জীবনে সার্টিফিকেট, ফলাফল কিংবা প্রশংসার চেয়েও বড় প্রাপ্তি হলো এমন একজন শিক্ষার্থী, যে নিজের নীরব অধ্যবসায় দিয়ে শিক্ষককে গর্বিত হতে শেখায়। আমি চাই তুমি তোমার জীবনে এমন সফল হও, যেন একদিন গর্ব করে বলতে পারি- আব্দুল্লাহ আল মাসুদ আমার ছাত্র ♥️