14/08/2023
এইচ এস সি ২০২৩ পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীদের আজ বিদায় দিতে হলো,
আজ হোক বা কাল, একদিন নাহয় একদিন বিদায় দিতেই হবে।
বিদায় সবসময়ই বিষাদময়।
আর সে বিদায় যদি দুই, তিন, চার বছরের ভালবাসার প্রিয় ছাত্রছাত্রীদের জানাতে হয়, তখন বিষাদটা আবেগী রুপ নেয়।
শিক্ষক জীবনে মনের অজান্তেই অসংখ্য স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে পাওয়া আর বন্ধু সূলভ প্রিয় ছাত্রছাত্রীদের বিদায় দেওয়ার অনুভূতি নিশ্চয়ই দু’একটি কথায় প্রকাশ করা কঠিনতম কাজ। যা কোনোভাবেই সম্ভব নয়।
নিত্যদিনের বিদায় একরকম, দুরের যাত্রার বিদায় আরেক রকম। কিছু বিদায় প্রকাশ্যে হয়। আর কিছু অপ্রকাশ্যে। কিছু বিদায় সম্ভাষণ, আড়ম্বর আর আনুষ্ঠানিকতায়পূর্ণ। আবার কিছু বিদায় ঘটে সবার চোখের আড়ালে, একান্তে গোপনে, যেখানে হয়তো মুখ ফুটে বিদায় বলার সুযোগটাও থাকে না।
তবে যাই হোক, বিদায় যেহেতু সবচেয়ে কষ্টের -বিষাদের তাই জীবনের অন্যান্য বিদায়ের সময়, শেষ বিদায়ের কথা স্মরণ রাখতেই হয়। যেন কোনরূপ পরিতাপ নিজেকে দগ্ধ না করে। কোনো অতীত জীবনের কর্মের জন্য। তাহলেই জীবনের খন্ড খন্ড বিদায়গুলো স্বার্থক হয়ে উঠবে।
প্রিয় বন্ধুসুলভ ছাত্রছাত্রীদের ছেড়ে দিতে মন চায় না। কিন্তু জীবনের গতির সাথে এগিয়ে যেতে যে হবেই ।
তাই সময়ের স্রোতে ভেসে শিক্ষার্থীরা যখন শিক্ষা জীবনের সমাপ্তি রেখায় দাড়ায়। তখন তাদের চোখে পড়ে কত-শত আয়োজন, বিদায় সংবর্ধনা আরও কত কি!!
জীবনের জমা হওয়া বর্ণাঢ্য ও স্মৃতিময় ঘটনাগুলো সেদিন চোখের সামনে ভেসে ওঠে, স্মৃতিতে যোগ হয় আরও কিছু নতুন গল্প। যেখানে জায়গা করে নিবে নতুনরা। আর জীবনের এই লগ্নের পর অনেকের সঙ্গে হয়তো আর কখনোই দেখা হবে না। কেমন থাকবে তারা। হয়তো ভালো, হয়তো মন্দ।
তবে যাই হোক, সূর্য যেমন উদিত হবে, তেমন অস্তও যাবে। সবুজ গাছও একসময় নগ্ন গাছ হবে। এটাই বাস্তবতা।
শুকনো পাতা প্রাকৃতিকভাবে বিদায় নেয় নতুন পাতাকে জায়গা করে দিতে। আবার সেই নতুন পাতাও একসময় বিবর্ণ হয়, শুকিয়ে যায়, ঝড়ে পড়ে। তাই বিদায় মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, একটা বিদায় আরেকটি নতুন কিছুকে প্রতিস্থাপন করার সুযোগ তৈরি করে দেয় ।
তাই বিদায়ের দায় একটাই, সেটা হলো জায়গা ছেড়ে দেওয়া। পুরাতনকে বিদায় জানিয়ে সামনে এগিয়ে যাওয়া। হ্যা, পেছনে কারো কারো জলে ভরা চক্ষু থাকবেই, নিজের চোখও হয়তো ছল-ছল করবে জলে, পা চলবে না সামনে, তবু যেতে হবে, চলতে হবে সম্মুখপানে । কারণ বিদায় চিরন্তন, বিদায়-ই মৌলিক। আর বিদায় সব সময় বিষাদময়।
সবশেষে অশ্রুসিক্ত লোচনে আর নির্বাক কন্ঠে মৃদু মৃদু শব্দে বলে উঠা ”দেখা হবে হে প্রিয় ছাত্রছাত্রী হয়তো কোনো এক ক্ষণে”!