03/03/2023
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণীতে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসি ২০২২ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছে, তার আলোকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রশ্নের ধরণ:
এমসিকিউ বা বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিশেষ কোটার প্রার্থীদের আবেদন করতে হবে।
প্রাথমিক ও চূড়ান্ত আবেদন:
ভর্তির পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ১৫ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। চূড়ান্ত আবেদন চলবে ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। এবছর এ, বি ও সি তিন ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'সেকেন্ড টাইম' ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগও থাকছে।
যারা ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন:
কেবলমাত্র ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেনো, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন- কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারগরী শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল, 'এ' লেভেল ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
আবেদনকারীদের যোগ্যতা:
ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।
বিভাগ বন্টন:
ভর্তি পরীক্ষার 'এ' (মানবিক) ইউনিটে থাকছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। 'বি' (বাণিজ্য) ইউনিটে থাকছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। আর, 'সি' (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
এ, বি ও সি এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে অনুষ্ঠিত হবে। তিন ইউনিটের পরীক্ষায়ই সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।
আবেদন ফি:
এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। যারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবে কেবলমাত্র তারাই নির্ধারিত ইউনিটের ফি জমা দিবে।
চূড়ান্ত আবেদন ফি:
ইউনিট 'এ' (মানবিক) ১০% সার্ভিস চার্জ ১২০ টাকাসহ সর্বমোট ১৩২০ টাকা, ইউনিট 'বি' (বাণিজ্য) ১০% সার্ভিস চার্জ ১০০ টাকাসহ সর্বমোট ১১০০ টাকা এবং ইউনিট 'সি' (বিজ্ঞান) ১০% সার্ভিস চার্জ ১২০ টাকাসহ সর্বমোট ১৩২০ টাকা।
বিধিনিষেধ:
পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যেমন: মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে আনা যাবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর কান অনাবৃত রাখতে হবে ।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।