28/06/2026
একটি হৃদয়বিদারক বিদায়!
আজ আমাদের আবরার একাডেমি ইসলামিক স্কুলের প্রাঙ্গণ শোকে স্তব্ধ। আমাদের দ্বিতীয় শ্রেণির ছোট্ট মেধাবী শিক্ষার্থী গাজী মো: ওবায়দুল্লাহ আর নেই। গত বৃহস্পতিবার শেষ ক্লাস করে, সে তার মায়ের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। গতকাল ২৭ জুন আনুমানিক দুপুর ১:৩০ মিনিটে পানিতে ডুবে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
গল্পটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু নিয়তির নিষ্ঠুর লিখন ছিল আরও করুণ। ভাগিনার বিপদের সময় তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তার প্রিয় মামা, যিনি ছিলেন ২২ বছরের টগবগে যুবক। ছিলেন একজন কুরআনের হাফেজ। প্রিয়জনকে বাঁচাতে গিয়ে তিনিও সঁপে দিলেন নিজের প্রাণ। তিনিও পাড়ি জমান না ফেরার দেশে।
মানুষের ভালোবাসার এমন নজির বিরল, কিন্তু এমন বিদায় মেনে নেওয়া বড় কঠিন। একটা অবুঝ শিশু আর একজন হাফেজে কুরআন, দুজন মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন মুহূর্তের ব্যবধানে। ওবায়দুল্লাহর নিষ্পাপ হাসি আর তার মামার কুরআন তেলাওয়াতের কণ্ঠ আজ আমাদের আর তাদের পরিবারের স্মৃতির পাতায় শুধুই হাহাকার জাগাচ্ছে।
হে আল্লাহ, তুমি ওবায়দুল্লাহ এবং তার মামাকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। তাদের কবরের অন্ধকার দূর করে দিয়ে সেখানে নূরের আলোয় ভরিয়ে দাও। তাদের পরিবারকে এই পাহাড়সম শোক সহ্য করার অসীম ধৈর্য দান করো।
প্রিয় ওবায়দুল্লাহ! তোমাকে সুরা ওয়াকিয়াহ হিফয করিয়েছি, সুরা ইয়াসিন হিফয করাচ্ছিলাম। দুই মুবিন হয়ে গেছে। বাকিটুকু শেষ করার আগেই জান্নাতে চলে গেলা। সেখানেই শেষ কইরো। তুমি জান্নাতের পাখি হয়ে সুখে থেকো। আর হে হাফেজ সাহেব, আপনি জান্নাতের সুউচ্চ মাকাম লাভ করুন।
পরিচালক-
আবরার একাডেমি ইসলামিক স্কুল