14/05/2026
কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজে আন্তঃহাউস ‘বাংলা নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা- ২০২৬’ অনুষ্ঠিত
কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজের সেন্ট্রাল হলরুম আজ এক অপূর্ব প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে। অত্যন্ত উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃহাউস ‘বাংলা নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা- ২০২৬’। শিক্ষার্থীদের বাগ্মিতা, আত্মবিশ্বাস, উপস্থাপনশৈলী ও ভাষাগত দক্ষতা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানটির পদ্মা হাউস ও মেঘনা হাউস।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘খ’ গ্রুপে নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের সাবলীল উচ্চারণ, যুক্তিনির্ভর উপস্থাপনা ও প্রাণবন্ত পরিবেশনায় সেন্ট্রাল হলরুম পরিণত হয় করতালি, উৎসাহ ও অনুপ্রেরণার এক জীবন্ত আসরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রিয়াজ আহমেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ‘ক’ গ্রুপের মডারেটর সিনিয়র শিক্ষক মোছাম্মৎ পারভীন আক্তার এবং ‘খ’ গ্রুপের মডারেটর সিনিয়র শিক্ষক খন্দকার উম্মে সালমা।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ‘ক’ গ্রুপে প্রভাষক সোহাগ হাসান খান, সহকারী প্রভাষক জিয়াউর রহমান ও সহকারী শিক্ষক মাফিয়া আক্তার। ‘খ’ গ্রুপে বিচারকের দায়িত্বে ছিলেন প্রভাষক খোরশেদ আলম আকন্দ, সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম ও সহকারী শিক্ষক হরষিত বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে ‘ক’ গ্রুপে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে আরফি তাসমিম দোহা (৮ম শ্রেণি–শিউলি) এবং ছাবিকুন নাহার ছাবিহা (৭ম শ্রেণি–মালতি)। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে আস-মাউল হুসনা অদ্রি (৮ম শ্রেণি–শেফালি) এবং জান্নাতুল ফেরদৌস দ্বীনা (৭ম শ্রেণি–মালতি)। তৃতীয় স্থান অর্জন করে সানজিদা খান (৮ম শ্রেণি–শিউলি)।
‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে নাজিফা রাইনা মাইশা (দশম শ্রেণি–চন্দ্রমল্লিকা), দ্বিতীয় স্থান অর্জন করে ঝিলিক জাহান (নবম শ্রেণি–কৃষ্ণচূড়া) এবং তৃতীয় স্থান অর্জন করে আফরিন সুলতানা নূপুর (একাদশ শ্রেণি–সুরমা)।
সামগ্রিক ফলাফলে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পদ্মা হাউস এবং ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় মেঘনা হাউস।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে বিজয়ী শিক্ষার্থী ও বিজয়ী হাউসকে আন্তরিক অভিনন্দন জানান এবং বলেন- এই প্রতিযোগিতা শুধু প্রতিভা প্রদর্শনের মঞ্চ নয়, বরং আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গঠনের এক উজ্জ্বল অনুশীলন ক্ষেত্র। শিক্ষার্থীদের সাবলীলতা, শুদ্ধ উচ্চারণ ও হৃদয়গ্রাহী উপস্থাপনায় তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও পরিশীলিত, আত্মবিশ্বাসী ও সৌন্দর্যমণ্ডিত উপস্থাপনার মাধ্যমে নিজেদের মেধা ও মননকে বিকশিত করবে। পাশাপাশি তিনি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত দুই মডারেটর, বিচারকমণ্ডলী, আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সেই সঙ্গে করতালি, আনন্দ ও অনুপ্রেরণার সুরে মুখরিত এই আয়োজনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়- যা শিক্ষার্থীদের হৃদয়ে দীর্ঘদিন ধরে প্রেরণার আলো হয়ে জ্বলবে।