17/09/2026
ICON কোচিং, কুষ্টিয়া
জরুরি তথ্য ও স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি
সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত একটি সাময়িক সমস্যা এবং তা কেন্দ্র করে ছড়ানো কিছু সম্পূর্ণ ভিত্তিহীন গুজব নিয়ে আমরা পরিস্থিতি স্পষ্ট করতে চাই।
বিদ্যুৎ সমস্যার বিবরণ:
আমরা যে ভবনে অবস্থিত, তার ডেভেলপার ও মূল জমি মালিকের মধ্যকার অভ্যন্তরীণ সমস্যার কারণে গত তিন দিন যাবত মূল বিদ্যুৎ সংযোগে সাময়িক বিঘ্ন ঘটেছিল। যেহেতু আমরা ডেভেলপার পক্ষের অংশ ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছি এবং তৎকালীন সময়ে অন্য মিটার থেকে সংযোগ চালু ছিল, সেহেতু তাদের দ্বন্দ্বের জেরে লাইনটি বিচ্ছিন্ন করা হয়।
অনাকাঙ্ক্ষিত ঘটনা ও গৃহীত ব্যবস্থা:
বিদ্যুৎ না থাকায় বিকল্প হিসেবে আমরা জেনারেটর চালু রেখে ক্লাস পরিচালনা করছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জেনারেটরের নির্গত গ্যাস ও শব্দদূষণের কারণে গত পরশু আমাদের ২–৩ জন শিক্ষার্থী শারীরিক অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করে। এর মধ্যে একজন শিক্ষার্থীর আগে থেকেই শরীরের ডায়াবেটিসজনিত জটিলতা (১০.৮) থাকায় সে বেশি অসুস্থ হয়ে পড়ে।
ঘটনা ঘটার সাথে সাথেই আমরা কোনো প্রকার অবহেলা না করে দ্রুততম সময়ে উক্ত শিক্ষার্থীর অভিভাবকদের সাথে যোগাযোগ করি এবং নিজস্ব ব্যবস্থাপনায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। একই সাথে তাৎক্ষণিকভাবে সেদিনের বাকি ক্লাসগুলো স্থগিত ঘোষণা করে সকল শিক্ষার্থীকে নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। আলহামদুলিল্লাহ, দ্রুত চিকিৎসার ফলে ২–৩ ঘণ্টার মধ্যে অসুস্থ প্রাতঃকালের সকল শিক্ষার্থী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং পরের দিন তারা হাসিমুখে কোচিংয়ে এসে আমাদের সাথে দেখা করে গেছে।
গুজব সংক্রান্ত ব্যাখ্যা:
অত্যন্ত পরিতাপের বিষয়, এই সাময়িক ঘটনাকে কেন্দ্র করে বাইরে একটি অসত্য ও ভিত্তিহীন গুজব ছড়ানো হয় যে—"জেনারেটর বিস্ফোরণ ঘটে ২৫-৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে"। এই তথ্যটি সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকবৃন্দ সরজমিনে এসে প্রকৃত তথ্য দেখে পরিস্থিতি সম্পর্কে সত্যতা নিশ্চিত করেছেন এবং পুরো বিষয়টি যে একটি সাধারণ শারীরিক অসুস্থতাজনিত ঘটনা তা অনুধাবন করেছেন।
বর্তমান পরিস্থিতি ও সিদ্ধান্ত:
ভবন মালিক ও ডেভেলপার পক্ষ থেকে আজ ১৭/০৯/২০২৬ দুপুর ২:০০ টার মধ্যে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে সচল করার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
জেনারেটরসংলগ্ন যে দুটি রুমে ধোঁয়ার প্রভাব পড়তে পারত, গতকাল নিরাপত্তার স্বার্থে শুধু সেই দুটি রুমের ক্লাস বন্ধ রাখা হয়েছিল।
আজ থেকে পূর্বের নির্ধারিত রুটিন অনুযায়ী কোচিংয়ের সকল ক্লাসের কার্যক্রম স্বাভাবিক ও পূর্ণ উদ্যামে চলমান থাকবে।
শিক্ষার্থীদের শারীরিক নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যেকোনো গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদান্তে,
পরিচালনা পর্ষদ
ICON কোচিং, কুষ্টিয়া