15/01/2024
হা হা হি হি
টিভি, ফেবু, ইউটিউব ইত্যাদি সকল মিডিয়া দেখলে মনটা এমনিতেই ভাল হয়ে যায়। এত এত হাসির নাটক, হাসির সিরিয়াল, ট্রল, কমেডি জোক্স, প্র্যাংক, অকথ্য ভাষায় গালি দিচ্ছে এবং কিভাবে মজার জিনিস বানানো যায় তা করতে কিছু মানুষ কত চেষ্টা করে যাচ্ছে অন্য সকল মানুষকে আনন্দ দিবার জন্য। এসব বানাতে গিয়ে কত কাট পিস, সত্যের সাথে মিথ্যার মিশ্রন করছে, একজনের কথা আরেক জনের মুখে লাগিয়ে দিচ্ছে যা দেখে একটা সস্তা আনন্দ পাওয়া যাচ্ছে। অনেকে মনে করতে পারে মানুষকে হাসিয়ে সোয়াব কামাচ্ছে। বর্তমানে মুন্সি মৌলভীরাও একাজে পিছিয়ে নেই। আজিব। আমি যদিও এসব জিনিস দেখি না। কারণ, খুব একটা মজা পাই না। তবে এসব বানাতে গিয়ে মানুষের পরিশ্রম দেখে আশ্চর্য হই। এসব বানাতে গিয়ে নিশ্চয়ই মানুষের অনেক সময় দিতে হয় এবং দিচ্ছে।
এবার আসি আসল কথায়।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ স. বলেন, হে আবূ হুরায়রা! তুমি আল্লাহভীরু হয়ে যাও, তাহলে লোকেদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে। তুমি অল্পে তুষ্ট থাকো, তাহলে লোকেদের মধ্যে সর্বোত্তম কৃতজ্ঞ হতে পারবে। তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্যদের জন্যও তাই পছন্দ করবে, তাহলে পূর্ণ মুমিন হতে পারবে। তোমার প্রতিবেশীর প্রতি সদাচারী ও দয়াপরবশ হও, তাহলে মুসলমান হতে পারবে। তোমার হাসি কমাও, কেননা অধিক হাসি হৃদয়কে মেরে ফেলে। (ইবনে মাজাহ, ৪২১৭)
“অধিক হাসি হৃদয়কে মেরে ফেলে”
কল্ব বা অন্তর বা হৃদয় মরে গেলে কি হয় সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, “আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তা দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তা দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তা দ্বারা শোনে না। তারা গবাদীপশুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল।” (৭:১৭৯)
সুতরাং, বোঝা যাচ্ছে যখন অন্তর বা হৃদয় দিয়ে বিবেচনা করতে পারে না তখন সে হৃদয়কে মৃত বলা যেতে পারে। এখন সমগ্র পৃথিবীর দিকে যদি আমরা নজর দেই তাহলে দেখতে পাব প্যালেস্টাইনসহ সাড়া পৃথিবীতে নিরীহ মানুষ নির্বিচারে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে। একটা শিশুকে কিভাবে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করতে পারে তা আমার মাথায় আসে না। এভাবে হত্যা করতে তারাই পারে যাদের হৃদয় বা অন্তর মৃত। আর এধরনের ঘটনা দেখার পরও আমরা সবাই খুব সাধারণভাবেই জীবন অতিবাহিত করে যাচ্ছি। এধরনের কথা শুরু হলে দু-চার মিনিট একটু আফসোস করে আবার হাসি ঠাট্টায় মেতে উঠছি। এরকম আচরন তখনই করা সম্ভব যখন কারো অন্তর মরে যায়।
বর্তমানে শয়তান (মানুষ এবং জিন) মানুষের সবচেয়ে মুল্যবান হৃদয় বা অন্তরকে হত্যা করার জন্য ব্যপক আকারে সস্তা হাসি উদ্রেগের জন্য কন্টেন্ট তৈরি করে যাচ্ছে। যাতে করে মানুষের অন্তর মরে গিয়ে বিবেচনা করার মত শক্তি হারিয়ে ফেলে। আর যখন মানুষের বিবেচনা শক্তি নষ্ট হয়ে যায় তখন জাহান্নামই হবে তার ঠিকানা। আল্লাহ আমাদের বিবেচনা করার মত অন্তর দিন এবং শয়তানের এই সুক্ষ ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুন এবং শয়তানের হাসির পাত্রে পরিনত হওয়া থেকে আমাদের হেফাজত করুন। আমিন।
Riad Ahmed©️