31/03/2026
নতুন শিক্ষাবর্ষে তালিবে ইলমদের জন্য সাফল্যের মহাসড়ক
প্রিয় তালিবে ইলম, নতুন শিক্ষাবর্ষ তোমার জন্য একটি নতুন সুযোগ, নতুন স্বপ্ন আর জ্ঞানের আলোয় নিজেকে উদ্ভাসিত করার সময়। এখনই সময় নিজেকে গড়ার। তোমার আজকের মেহনতই হবে আগামীর উজ্জ্বল দীপ্তি। আসো, শুরুটা হোক পরিকল্পিত, প্রেরণায় ভরা।
প্রিয় তালিবে ইলম, মাদ্রাসার পবিত্র পরিবেশে ইলমে অহী অর্জনের এই পথে সফলতা পেতে হলে প্রয়োজন দু'আ, ইলমের মর্যাদা, নিয়তের বিশুদ্ধতা, সঠিক পরিকল্পনা, অধ্যবসায় আর আন্তরিক চেষ্টা।
আসো, জেনে নাও, কিভাবে শিক্ষাবর্ষের শুরু থেকেই পড়াশোনাকে চমৎকার করে তুলতে পারো। করণীয় কি আর বর্জনীয় কি- তা হৃদয়ে ধারণ করো।
(১) পড়াশোনার জন্য লক্ষ্য নির্ধারণ করো:
শিক্ষাবর্ষের শুরুতে নিজের জন্য একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করো। তুমি কী অর্জন করতে চাও? প্রতিটি কিতাবের পাঠে কতটুকু দক্ষতা অর্জন করতে চাও? এই লক্ষ্য তোমাকে পথ দেখাবে। লক্ষ্য অনুযায়ী বছরের প্রথম দিন থেকেই নেজামুল আওকাত ( নিয়মিত রুটিন) তৈরি করো।
(২) সঠিক পদ্ধতি:
ক. নতুন সুবহে সাদিকের আগেই জাগো! তাহাজ্জুদ পড়ে নাও। হযরাত মুসান্নিফীন বর্গের জন্য,আসাতেজায়ে কেরামের জন্য, নিজের ও অন্যান্যদের জন্য দু'আ করো। কিছু সময় মুখস্থ করো।
খ. প্রতিদিন ফজরের নামাজের পর তিলাওয়াত করো। ১-২ ঘণ্টা কঠিন বিষয়গুলো অনুশীলন করার অভ্যাস করো। এ সময়টা মস্তিষ্ক ফ্রেশ থাকে, বুঝতেও সহজ হয় এবং সকালের সতেজ মনে জটিল বিষয়গুলো সহজে আয়ত্ত আসে।
গ. গ্রুপ স্টাডি : বাদ আসর:
ভালো বন্ধু মানেই ভালো পড়াশোনা। সৎ, মেধাবী বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করো। প্রশ্নোত্তর পর্ব চালু করো—একজন প্রশ্ন করবে, অন্যজন উত্তর দেবে। এতে একে অপরের ভুল ধরিয়ে দেওয়া ও নতুন দৃষ্টিকোণ থেকে শেখা সম্ভব হবে। এতে নিজের দুর্বলতাও সহজেই ধরা পড়বে।
ঘ. রাত ৯-১০টা: দিনের পড়া রিভাইজ দাও।
যে সময় যে কাজে লাগবে, সে সময় সে কাজেই মন দাও।
(৩) নিয়মিত পড়াশোনা:
উস্তাদের দিক নির্দেশনা অনুযায়ী মেহনত করো। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনার অভ্যাস গড়ে তোলো। প্রতিদিনের পাঠ ধারাবাহিকভাবে শেষ করো, পিছিয়ে পড়লে চাপ বাড়বে।
(৪) প্রস্তুত থাকো ক্লাসের আগে:
ক. দরসের ( ক্লাসের) আগে মুতালা'আ করে নাও। অর্থাৎ যে বিষয়টির দরস (ক্লাস) আছে, তার মূল বিষয়বস্তু আগেই পড়ে রাখো। সম্ভব হলে, হাদীস, তাফসীর,ফিকহ ইত্যাদি - শাব্দিক অর্থ ও মূল বক্তব্য নিজে হাতে নোট করো—তাহলে ক্লাসে আত্মবিশ্বাস বাড়বে, ক্লাসে শিক্ষকের ব্যাখ্যাও সহজে বুঝতে পারবে।
খ. প্রতিদিন নিয়মিত ভাবে, দেরি না করে সময়মতো ক্লাসে পৌঁছাও। দরসে উপস্থিত থেকে- শ্রদ্ধা ও অত্যন্ত মনোযোগের সাথে সবক শুনো। মোবাইল, অপ্রয়োজনীয় কথাবার্তা বা অন্য চিন্তা থেকে দূরে থাকো। ক্লাসে শিক্ষকের ব্যাখ্যা নোট করো। (হযরত মুফতী আমিনী (রহ.) এই বিষয়টির প্রতি খুবই জোর দিতেন। তিনি ঘুমানোর সময়ও মাথার কাছে কাগজ কলম রাখতেন, গাড়িতে , নিজে ওয়াজ করার সময়, ওয়াজের খুতবা পাঠের সময়ও তিনি নোট লিখতেন।)
গ. সম্ভব হলে সামনের বেঞ্চে বসো। উস্তাদের চোখে চোখ রেখে শুনো। কোনো বিষয় বুঝতে না পারলে লজ্জা না করে বিনয়ের সাথে শিক্ষককে প্রশ্ন করো। এটি তোমার জ্ঞানের গভীরতা বাড়াবে। "(ইমাম বুখারী (রহ.) বলেছেন, প্রশ্ন করতে লজ্জা পাবে না।)"
ঘ. ক্লাস শেষে তাকরার (অন্যদের সাথে -দিনের পাঠ পুনরাবৃত্তি করো) ("হাকীমুল উম্মত হযরত থানবী রহ. বলেছেন; কোন ছাত্র নিয়মিত তিনটি কাজ করলে আমি তার আলেম হওয়ার ব্যাপারে দায়িত্ব নিতে পারি। ১. নিয়মিত সবক মুতালাআ করা ২. দরসে মনোযোগের সাথে সবক শুনা। ৩. তাকরার করা।")
(৫) কিতাবের পাঠ রুটিন তৈরি:
ক. প্রতিটি কিতাবের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করো। সব বিষয়ে ভারসাম্য রক্ষা করো।
খ. দৈনিক ও সাপ্তাহিক পরিকল্পনা: প্রতিদিন কোন অধ্যায় বা পাঠ শেষ করবে তা ঠিক করো। সপ্তাহ শেষে ( জুমাবার) পুরো সপ্তাহের পড়া মিলিয়ে দেখো, কোথায় কমতি রয়েছে তা চিহ্নিত করো।
গ. পড়ার মাঝে ৫-১০ মিনিটের বিরতি নাও। এতে মন সতেজ থাকবে। তবে বিরতি যেন দীর্ঘ না হয়!
(৬) নোট তৈরি:
ক. পড়া শেষে (আরবী, উর্দু কিংবা বাংলায়) উস্তাদের ব্যাখ্যা, হাদিসের কিংবা পাঠ্যের মূল শিক্ষা, গুরুত্বপূর্ণ মাসআলা—সবকিছু সংক্ষেপে নোট করো। এটি বোঝার গভীরতা বাড়ায়। (পরীক্ষার সময় এগুলিই হবে তোমার রত্নভাণ্ডার।)
খ. গুরুত্বপূর্ণ পয়েন্ট, উদাহরণ ও শব্দের অর্থ লিখে রাখো।
(৭) দু'আ করো, নিয়ত বিশুদ্ধ:
প্রতিটি কাজ শুরু করো নিয়তের বিশুদ্ধতায়। পরিশ্রম করো, ধৈর্য ধরো, দু'আ করো—তোমার সফলতা তখন আল্লাহর পক্ষ থেকেই আসবে ইনশাআল্লাহ। বাকি আল্লাহর উপর ছেড়ে দাও।
(৮) করণীয়
• প্রতিদিন নিয়মিত নামাজ পড়ো, কুরআন তিলাওয়াত করো। এটি মনকে শান্ত ও পড়ায় মনোযোগী করে।
• শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও তাদের নির্দেশনা মেনে চলো।
• স্বাস্থ্যের যত্ন নাও—পর্যাপ্ত ঘুম (প্রতিদিন অন্তত ৬-৭ ঘণ্টা ঘুম জরুরী)। স্বাস্থ্যকর খাবার ও হালকা ব্যায়াম তোমাকে সতেজ রাখবে। কারণ সুস্থ শরীরেই জ্ঞানের আলো বিচরণ করে।
• সময়ের সদ্ব্যবহার করো। প্রতিটি মুহূর্ত ইলমের জন্য ব্যয় করো।
(৯) বর্জনীয়
• অলসতা ও টালবাহানা থেকে দূরে থাকো। “আজ না পড়ে কাল পড়ব” এই মনোভাব তোমাকে পিছিয়ে দেবে।
যে কাজ সময় নষ্ট করে, তা কাজের নয়। সব ধরনের পাপ, গল্পগুজব, অপ্রয়োজনীয় আড্ডা, গেমস, অকারণ মোবাইল ব্যবহার বা সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করো না।—এসব থেকে নিজেকে মুক্ত রাখো। কারণ সময়ে হচ্ছে জীবন। সময় একবার গেলে, আর ফেরে না।
• নেতিবাচক চিন্তা বা বন্ধুদের সঙ্গে অপ্রয়োজনীয় গল্পে সময় নষ্ট করা থেকে বিরত থাকো।
• শিক্ষক বা সহপাঠীদের সঙ্গে অশ্রদ্ধাশীল আচরণ করো না।
(১০) শেষ কথা :
ইলম আহরণের পথ কখনো সহজ নয়, তবে এটি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রতিটি পাঠে তোমার হৃদয় ও মনকে ঢেলে দাও। যখন ক্লান্ত লাগবে, তখন মনে করো, তুমি শুধু নিজের জন্য নয়, আল্লাহর জন্য, উম্মাহর জন্য জ্ঞানের আলো বহন করছো।
প্রিয় তালিবে ইলম, নতুন শিক্ষাবর্ষে নিজেকে নতুন করে গড়ে তোলো, ইলমের সমুদ্রে ডুব দাও, আর সফলতার শিখরে পৌঁছে যাও।
আসো, এই বছরটা হোক আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার বছর। আসো, আমরা হই আলোকবর্তিকা—নিজের জন্য, সমাজের জন্য, উম্মাহর জন্য।
ফরিয়াদ করি, তোমার প্রতিটি প্রচেষ্টা আল্লাহর দরবারে মাকবূল হোক। আল্লাহ তোমাদের সকলকে তাঁর জ্ঞানের নূর দিয়ে আলোকিত করুন। আমীন।
ফি আমানিল্লাহ।
------সংগৃহীত