20/09/2026
আমাদের মাধ্যমিকের বিদ্যাপীঠ খারাবাদ বাইনতলা স্কুল অ্যান্ড কলেজের দপ্তরি আইয়ুব আলী মোল্লা আজ আর আমাদের মাঝে নেই। আমাদের কাছে তিনি ছিলেন অত্যন্ত আপন একজন—আইয়ুব ভাই।
মাধ্যমিকে পড়ার সময় বন্ধুদের সঙ্গে কতবার যে স্কুল পালিয়েছি, তার হিসাব নেই। আইয়ুব ভাই আমাদের আটকানোর চেষ্টা করতেন। কিন্তু আমরা তো তখন দুরন্ত বয়সের; তাঁর বাধা উপেক্ষা করে কখনো দেয়াল টপকে, কখনো অন্য কোনো কৌশলে স্কুল থেকে বেরিয়ে যেতাম। শেষ পর্যন্ত গেটে দাঁড়িয়ে তিনি অনেকটা নিরুপায় হয়ে হাসতে হাসতে বলতেন—
“যে পালাবি, সে তার কপাল নিয়ে পালাবি।”
আজ সেই কথাগুলো মনে পড়ছে, আর বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে যাচ্ছে।
আইয়ুব ভাই শুধু স্কুলের একজন দপ্তরিই ছিলেন না; তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বিশেষ করে ফুটবলের প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা। কখনো লাইন্সম্যান, কখনো রেফারি হিসেবে ফুটবল মাঠে দায়িত্ব পালন করেছেন। খেলাধুলার প্রতি তাঁর আন্তরিকতা ও ভালোবাসা আমাদের এলাকার ক্রীড়াঙ্গনেরও একটি পরিচিত দৃশ্য ছিল।
তিনি ছিলেন আপাদমস্তক একজন ভদ্র, দায়িত্বশীল ও সজ্জন মানুষ। তাঁর সঙ্গে আমাদের শৈশব-কৈশোরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সময়ের সঙ্গে সেই দিনগুলো দূরে সরে গেছে, কিন্তু আইয়ুব ভাইয়ের মতো কিছু মানুষ স্মৃতির ভেতর থেকে কখনো দূরে সরে যান না।
তাঁর মৃত্যুর সংবাদ শুনে গভীরভাবে ব্যথিত হয়েছি। আজ মনে হচ্ছে, আমাদের সেই স্কুলজীবনের একটি পরিচিত অধ্যায়ও যেন তাঁর সঙ্গে শেষ হয়ে গেল।
আইয়ুব ভাই, আপনার প্রতি গভীর শ্রদ্ধা। আপনার স্মৃতি আমাদের মাঝে বেঁচে থাকবে।
🖊️ আবু হানিফ