12/04/2025
আমার ইনবক্সে হাজারটা প্রশ্ন করেছেন আপনারা পিএইচডি নিয়ে! পিএইচডি করতে যাওয়ার আগে অবশ্যই জানা উচিত পিএইচডি কি এবং কাদের জন্য? এ সম্পর্কে বরাবরের মতোই সুন্দর ব্যাখ্যা করেছেন Dr-Ashiqur Rahman, স্যার। আপনারা চাইলে স্যারের পেইজে ভিজিট করতে পারেন! যেখানে আপনারা উচ্চ শিক্ষা রিলেটেড অনেক ভিডিও এবং পোস্ট পাবেন। ধন্যবাদ ভাইকে এত সুন্দর তথ্যমূলক পোস্ট করার জন্য।
পিএইচডি- কাদের জন্য এবং কীভাবে প্রস্তুত হবেন?
Dr-Ashiqur Rahman
গবেষণার নেশা যাদের......
পিএইচডি—একাডেমিক জগতের সবচেয়ে সম্মানজনক ও চ্যালেঞ্জিং ডিগ্রিগুলোর মধ্যে একটি। এটি শুধু একটি ডিগ্রি নয়, বরং জ্ঞানের সীমানা প্রসারিত করার এক মহাযাত্রা। কিন্তু এই যাত্রা সবার জন্য নয়। যারা গবেষণার প্রতি গভীর ভালোবাসা ও অদম্য ধৈর্য ধারণ করতে পারেন, কেবল তারাই এই কঠিন কিন্তু সুন্দর পথে এগিয়ে যেতে পারেন।
গবেষণার প্রতি অগাধ ভালোবাসা থাকলেই পিএইচডি করুন...
পিএইচডি মূলত গবেষণানির্ভর একটি ডিগ্রি। এখানে আপনাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে, জ্ঞানের ভাণ্ডারে অবদান রাখতে হবে। তাই গবেষণার প্রতি আপনার অন্তরের টান থাকা জরুরি। উত্তর আমেরিকায় একটি পিএইচডি সম্পন্ন করতে গড়ে ৪-৫ বছর সময় লাগে। এই দীর্ঘ সময় আপনাকে অজস্র ল্যাব এক্সপেরিমেন্ট, ডেটা অ্যানালাইসিস, জার্নাল পেপার রাইটিং—এসবের মধ্য দিয়ে যেতে হবে। বারবার ব্যর্থ হবেন, খুব খারাপভাবে সমালোচিত হবে, আবার চেষ্টা করবেন। সঠিক রেজাল্ট না পেলে আপনার সুপারভাইজররাও চাপ দিতে পারেন, কারণ তারা নিজেরাও গবেষণা ফলাফল পেতে মরিয়া, যা তাঁদের নতুন নতুন ফান্ডিং পেতে সহায়তা করবে।
ধৈর্য, অধ্যবসায় ও মানসিক শক্তি—এই তিনই মূল চাবিকাঠি...
পিএইচডির পথ কখনোই সহজ নয়। আপনাকে রাত-দিন এক করে কাজ করতে হবে। উইকেন্ড, ছুটির দিন—এসবের কোনো অস্তিত্ব থাকবে না। ল্যাবে, লাইব্রেরিতে, কম্পিউটারে—সর্বত্র আপনাকে গবেষণার কাজে ডুবে থাকতে হবে। অনেক সময় খাওয়া-দাওয়া মিস করে কাজ চালিয়ে যেতে হবে। এতসব চাপ সামলানোর জন্য দরকার অটুট মানসিক শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে, ৪৭% পিএইচডি শিক্ষার্থী ডিপ্রেশনে ভোগেন। অনেকেই মানসিক চাপে আত্মহত্যার কথাও ভাবেন। তাই শুধু ডিগ্রির লোভে বা বিদেশে সেটেলমেন্টের স্বপ্নে পিএইচডি শুরু করলে এই চাপ সামলানো অসম্ভব হয়ে উঠতে পারে।
সঠিক সুপারভাইজর/ ফান্ডিং প্রোগ্রাম নির্বাচন—সাফল্যের প্রথম ধাপ...
একজন ভালো সুপারভাইজর/ একটি ভালো ফান্ডিং প্রোগ্রাম আপনার পিএইচডি জার্নিকে সুন্দর করে তুলতে পারেন, আবার একজন খারাপ সুপারভাইজর এই সময়টাকে নরকেও পরিণত করতে পারেন। কিছু প্রফেসর অকারণেই রাগারাগি করেন, চাপ দেন, এমনকি পারফরমেন্স খারাপ হলে স্কলারশিপ বন্ধও করে দিতে পারেন। তবে আশার কথা হলো, অনেক ভালো ও সহানুভূতিশীল সুপারভাইজরও আছেন, যারা আপনাকে গাইড করবেন, অনুপ্রাণিত করবেন। তাই পিএইচডি শুরু করার আগে সুপারভাইজর এবং ফান্ডিং সম্পর্কে ভালোভাবে রিসার্চ করে নিন।
(আমার পেজ, লাইক দিয়ে রেখে দিতে পারেন, যেখানে এখন থেকে উচ্চশিক্ষা সম্পর্কিত নিয়মিত পোস্ট পাবেনঃ https://www.facebook.com/ashiqurpage
আমার Youtube চ্যানেল যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত অনেক গুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেকগুলো আপলোড হচ্ছে প্রতিদিনঃ https://www.youtube.com/.ASHIQUR )
গবেষণার জগতে সাফল্যের মাপকাঠি...
পিএইচডি শেষ করে আপনি যদি একাডেমিয়ায় বা রিসার্চ ফিল্ডে ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনাকে পাবলিকেশন, সাইটেশন ও রিসার্চ গ্রান্টের দিকে নজর দিতে হবে। কে কতগুলো উচ্চমানের পেপার প্রকাশ করতে পেরেছেন, কত ভালো এবং সময়োপযোগী কাজ কোড়েরেছেন —এসব দিয়ে গবেষকদের মূল্যায়ন করা হয়। এজন্য আপনাকে নিরলস পরিশ্রম করতে হবে, নেটওয়ার্কিং বাড়াতে হবে এবং নিজের কাজকে বিশ্বদরবারে তুলে ধরতে হবে।
পিএইচডি শুধু তাদেরই জন্য, যারা স্বপ্ন দেখেন বড় কিছু করার
পিএইচডি কখনোই শুধু বিদেশে যাওয়ার বা প্রেস্টিজের জন্য করা উচিত নয়। এটি এমন একটি যাত্রা, যেখানে আপনাকে নিজের সর্বোচ্চ দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে। ফেসবুকের রঙিন ছবি বা অন্যদের সাফল্য দেখে প্রভাবিত হলে চলবে না। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার নিজের প্যাশন। গবেষণার প্রতি ভালোবাসা, জ্ঞানের পিপাসা ও সমাজে অবদান রাখার ইচ্ছাই আপনাকে এই কঠিন পথে টিকিয়ে রাখবে।
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যা করবেন
• সিনিয়র গবেষক ও পিএইচডি ধারীদের সাথে কথা বলুন।
• নিজের ক্যারিয়ার গোল ও জীবনদর্শন নিয়ে গভীরভাবে ভাবুন।
• মানসিকভাবে প্রস্তুত হোন—এটি কোনো সামান্য সময়ের জন্য নয়, বরং একটি ম্যারাথন।
যারা গবেষণাকে ভালোবাসেন, যাদের মনে প্রশ্নের পর প্রশ্ন ঘুরে, যারা বিশ্বকে বদলে দিতে চান—কেবল তারাই পিএইচডির মতো কঠিন যাত্রায় আসুন!
________________________________________
পিএইচডি করতে চাইলে যা জানা জরুরি
লিংকডইনে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর এরিক পপ বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে পিএইচডি করতে আগ্রহীদের জন্য অত্যন্ত মূল্যবান কিছু পরামর্শ শেয়ার করেছেন। ১৭ বছরের অভিজ্ঞতায় হাজারো আবেদন পর্যালোচনা করে তিনি এই পরামর্শগুলো দিয়েছেন। উচ্চশিক্ষা আকাঙ্ক্ষী যে কেউ পিএইচডিতে আবেদন করতে চাইলে এই পরামর্শগুলো বিশেষভাবে সহায়ক হবে।
১. পিএইচডি কী?
পিএইচডি হলো মৌলিক গবেষণার ডিগ্রি। আপনাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে এবং তা শীর্ষস্থানীয় জার্নালে প্রকাশ করতে হবে। "Philosophy" শব্দটি ইঙ্গিত দেয় যে আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে এবং জ্ঞানের সীমানা প্রসারিত করতে হবে।
২. বিশ্ববিদ্যালয় ও গবেষক নির্বাচন
• গবেষণার মিল: আপনার আগ্রহের ক্ষেত্রের সাথে প্রফেসরদের গবেষণা কীভাবে মিলছে?
• সুযোগ-সুবিধা: ল্যাব, লাইব্রেরি, ফান্ডিং—এগুলো ভালোভাবে যাচাই করুন।
• লোকেশন ও ভবিষ্যৎ: এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করে আপনি কী আপনার ক্যারিয়ার গড়তে পারবেন?
৩. সিভি তৈরির টিপস
• গুরুত্বপূর্ণ তথ্য: জিপিএ, র্যাঙ্ক, পুরস্কার, গবেষণা অভিজ্ঞতা, প্রকাশনা, পোস্টার ইত্যাদি অবশ্যই যোগ করুন।
• অতিরিক্ত কার্যক্রম: খেলাধুলা, সংগীত, সামাজিক কাজ—এগুলো আপনার বহুমুখীতা দেখায়, তবে গবেষণার তুলনায় কম গুরুত্বপূর্ণ।
• GRE স্কোর: যদি ভালো স্কোর থাকে, তাহলে পার্সেন্টাইলসহ উল্লেখ করুন।
৪. কীভাবে নিজেকে আলাদা করবেন?
• গবেষণার অভিজ্ঞতা: আবেদনের আগেই অন্তত ১-২টি কো-অথরড পেপার বা কনফারেন্স পেপার থাকা জরুরি।
• সিভিতে প্রকাশনা: সমস্ত লেখকের নাম, জার্নালের নাম, টাইটেল—সবকিছু উল্লেখ করুন। আপনার নাম বোল্ড করে দিন।
• "In Review" পেপার: শুধুমাত্র এগুলো যোগ করুন, "In Preparation" নয়।
৫. স্টেটমেন্ট অব পারপাস (SOP)
• ব্যক্তিগত কারণ: কেন আপনি পিএইচডি করতে চান? এটি যেন আপনার নিজস্ব গল্প বলে।
• গবেষণার মিল: আপনার কাজ কীভাবে তাদের গবেষণার সাথে সংযুক্ত?
• অতিরিক্ত তথ্য: জিপিএ কমে গেলে তার কারণ ব্যাখ্যা করুন (যেমন: পারিবারিক সমস্যা)।
• চোখে পড়ার মতো উপাদান: SOP-এ একটি রঙিন গবেষণার ছবি যোগ করুন!
৬. রেকমেন্ডেশন লেটার
• কে দেবেন? গবেষণা সুপারভাইজর বা ইন্টার্নশিপ মেন্টর—যারা আপনার কাজের দক্ষতা জানেন।
• কীভাবে সাহায্য করবেন? তাদের ডেডলাইনের কথা মনে করিয়ে দিন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন।
৭. কোন প্রফেসরের সাথে কাজ করবেন?
• গবেষণা চেক করুন: প্রফেসরদের গুগল স্কলার ও ওয়েবসাইট দেখুন—তারা সক্রিয় আছেন কি?
• শিক্ষার্থী সহায়তা: তারা কি তাদের শিক্ষার্থীদেরকে সহায়তা করেন? সহযোগিতামূলক কি?
৮. প্রফেসরদের ইমেইল
• সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক: ৩০০ শব্দের মধ্যে লিখুন। কেন আপনি তাদের ল্যাবে যোগ দিতে চান?
• অ্যাটাচমেন্ট: শুধুমাত্র সিভি (PDF ফরমেটে)।
• উদাহরণ: এরিক পপের গ্রুপের FAQ: এখানে ক্লিক করুন
৯. যদি উত্তর না পান?
• হতাশ হবেন না: "অ্যাডমিশন সিজনে" প্রফেসররা প্রচুর ইমেইল পান। সাধারণ মেইল উপেক্ষিত হয়।
• ফলো আপ: ১ সপ্তাহ পর সংক্ষেপে আবার লিখুন। ইমেইল ট্র্যাকার ব্যবহার করবেন না—এটি Privacy Violation হিসেবে বিবেচিত হতে পারে।
১০. একই বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে আবেদন করলে?
• কোর্স ও কোয়ালিফিকেশন: কোন বিভাগে বেশি স্বাধীনতা আছে?
• ইন্টারডিসিপ্লিনারি কাজ: স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে অন্য বিভাগের প্রফেসরদের সাথে কাজ করার সুযোগ আছে কি?
১১. ফান্ডিং ও অ্যাডমিশন প্রক্রিয়া
এই বিষয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত আর্টিকেল লেখা হবে…।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, আপনার জন্য শুভকামনা!
………………..
বিদেশে উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইডলাইন – পর্ব ০৮
Dr-Ashiqur Rahman
Dr. Md Ashiqur Rahman
Regional Manager - Asia at Erasmus+ National Focal Points | Past President, Erasmus Mundus Association | Research Fellow, Spanish National Research Council | Project Manager | Visiting Professor | Erasmus Mundus & MSCA Scholar | Chair - Global Mobility..