28/03/2024
অস্বাভাবিক নকল করে কথা বলা, নিজের কন্ঠকে বদলে ফেলা,ভাসিয়ে, গলা কাঁপিয়ে কথা বলা কখনোই আবৃত্তি নয়। আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক মানেই সাবলীলতা। মনের ভাব প্রকাশ করতে আমাদের প্রাত্যহিক কথা বলার যে ধরণ সেভাবেই কবি ও কবিতার কথাকে বলতে পারা, অন্যকে বোঝাতে পারাই কবিতা বলা বা আবৃত্তি। কেবল কবিতা কেন? শিল্প সংস্কৃতির প্রতিটি মাধ্যমই হবে সাবলীল। যা নকল, মেকি, বানোয়াট, অতিরঞ্জন, তা কখনোই শিল্প না। শিল্প মানেই প্রকৃতি ও প্রাকৃতিক। সহজ মানেই সর্বোচ্চ সুন্দর। যখন কেউ একটি বানোয়াট এবং অস্বাভাবিক, বেশী ভালো ও পরিপূর্ণ, নিখাদ হওয়ার চেষ্টা করবে, সারাক্ষণ শিল্পী ভাব ধরে রাখার চেষ্টা করবেন তিনি প্রকৃত শিল্পী নয়। যতো বড় শিল্পী ততোই সহজ, ততোই প্রাকৃতিক। তার কথা সহজ, তার পোষাক সহজ, তার চিন্তাও সহজ। আর এই সহজকে অর্জন করতেই এক জীবন চলে যায়। মানুষ কখনো নিখাদ হয়না। যে নিখাদ সে সত্য না। সুতরাং সেই অভিনয় না করে ভালে মানুষ হওয়ার চেষ্টা করা আর নিজে যা, সেটাকে সেভাবেই প্রকাশ করাটাই সুন্দর। খুব উচ্চ মানের শব্দ ব্যবহার করা, কথায় সারাক্ষণ অনেক মেদ ও সাহিত্য ব্যবহার করা সহজ। আর সহজ হলো, সস্তা কথা বলা, সস্তা হওয়া।
কিন্তু সহজ করে সুন্দর কথাগুলো বলতে পারা, সহজ তবে সস্তা নয়, সহজ তবে মানসম্মত কথা বলতে পারাই কঠিন এবং পারদর্শিতার বিষয়। এইযে সূক্ষ দক্ষতা সেটাই প্রকৃত শিক্ষা।
আমি চাই আমার ছোট্ট বন্ধুরা, আমার শিক্ষার্থীরা এমন সহজ, প্রগতিশীল, ইতিবাচক ও প্রাকৃতিক হোক। শিল্প চর্চার নামে, শিল্পী হতে গিয়ে যে মেকি চরিত্র বহন করে কেউ কেউ সেগুলো দেখে তারা বিভ্রান্ত না হোক।
এই যে কঠিন সময়ে মৃত্তিকা থেকে বছরে মাত্র পাঁচজন সহজ প্রাকৃতিক মানুষ জন্ম দিতে পারার জন্যই আমার এই সৃজনশীল বিদ্যালয় পরিচালনা। আমি জানি তোমরা আমাকে সাহায্য করবে।
পরিচালক, মিল্কি রেজা।
মৃত্তিকা শিশু শিক্ষায়তন।