10/05/2026
Preparation for Accreditation: Documentation and Evidence শীর্ষক
কর্মশালা অনুষ্ঠিত
------------------------------------------------------------------
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির যৌথ উদ্যোগে এবং HEAT প্রকল্পের অর্থায়নে স্কুলসমূহের ডিন, অ্যাক্রেডিটেশনের লক্ষ্যে গঠিত ১ নং ক্লাস্টারভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধান ও PSAC সদস্যবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ এবং অ্যাকাডেমিয়া সংশ্লিষ্ট পরিচালকবৃন্দের উদ্দেশ্যে ‘Preparation for Accreditation: Documentation and Evidence’ শীর্ষক একটি কর্মশালা খুলনা বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবনে অবস্থিত সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আজ ১০ ই মে ২০২৬ খ্রি. অনুষ্ঠিত হলো।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূ্র্ণকালিন সদস্য প্রফেসর ড. এস এম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান, পরিচালক, আইকিউএসি, খুলনা বিশ্ববিদ্যালয় এবং ভোট অব থ্যাঙ্স প্রদান করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার, জনাব মো: নূরুল ইসলাম সিদ্দিকী।
মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্যের প্রশংসা করে বলেন, শুরুতে তার নিজেরই সেলফ অ্যাসেসমেন্ট ও কোয়ালিটি বিষয়ে বিভিন্ন উদ্যোগ আয়োজনে ভিন্নমত ছিলো কিন্তু স্যার এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করেছেন যে, শেষপর্যন্ত তাকেও সেটা কনভিন্স করেছে। এটাই লিডারশিপ। এটাই কোয়ালিটি অ্যাসুরেন্সে লিডারশিপের ভূমিকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম উচ্চশিক্ষার মানোন্নয়ন, বাংলাদেশের বিশ্ববিদ্যালসমূহে কোয়ালিটি অ্যাসুরেন্সের গোড়াপত্তনের ইতিহাস আলোচনা করে বলেন বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে যেতে হলে সিস্টেমেটিক হওয়ার কোনো বিকল্প নেই। তিনি তার জ্যেষ্ঠত্বের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আমার জন্য শুরুর দিককার বাধা বিপত্তি এড়িয়ে কাজটিকে সহজ করে নিতে সুবিধা হয়েছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কালচারে নতুনকে গ্রহণ করার মানসিকতা ও অ্যাক্রেডিটেশন বিষয়ে অগ্রগণ্যতার প্রশংসা করে বলেন, শিক্ষকবৃন্দ যদি তাদের অবস্থান থেকে আর একটু এগিয়ে আসেন তাদের টিম স্পিরিট নিয়ে ও অ্যাক্রেডিটেশনের ডকুমেন্টেশন ও প্রমাণক সংকলন ও সংগ্রহে তাদের চিরন্তন যোগ্যতার পরিচয় দিতে পারেন, তবে খুলনা বিশ্ববিদ্যালয় নিসন্দেহে একটি মাইল স্টোন অতিক্রম করবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এস এম কবির খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে তার আগমন, এসএ প্রোগ্রামে রিভিউয়ার হিসেবে অংশগ্রহণ, পরবর্তীতে অ্যাক্রেডিটেশন সংক্রান্ত বিভিন্ন কর্মশালার দীর্ঘ স্মৃতিচারণ করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় তার জন্য একটি বিশেষ স্থান। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোয়ালিটি অ্যাসুরেন্স ও অ্যাক্রেডিটেশন বিষয়ে তুলনামূলকভাবে এগিয়ে আছে, যা প্রশংসনীয়।
প্রথম পর্বের উদ্বোধনী শেষে, টেকনিক্যাল সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো: জাকির হোসেন তার Prepartation for BAC Application Documents: An Update শিরোনামীয় প্রেজেন্টেশনে ক্লাস্টার-১ ভুক্ত ডিসিপ্লিনসমূহ কি ধরনের প্রস্তুতি গ্রহণ করবে সে বিষয়ে ধারণা প্রদান করেন। ইতোপূর্বেও বিভিন্ন সময়ে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, তার অভিজ্ঞতা তুলে ধরে প্রফেসর ড. মো: জাকির হোসেন কিভাবে সহজে ডিসিপ্লিনসমূহ অ্যাক্রেডিটেশন স্টান্ডার্ড ও ক্রাইটেরিয়া অনুযায়ী ডকুমেন্টস সংগ্রহ, সংকলন ও সংরক্ষণ করবেন সে বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি ইউআরপির অভিজ্ঞতা তুলে ধরে স্টেকহোল্ডার সার্ভে, সেল্ফ অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রস্তুতকরণ, কারিকুলাম পরিমার্জন, সিএলও-পিএলও ম্যাচিং, কোর্স আউটলাইন, কোর্স ফাইল প্রস্তুতকরণ ও ডকুমেন্টেশন বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করেন। সেশন শেষে ড. জাকির ক্লাস্টার-১ ভুক্ত ডিসিপ্লিনসমূহ হতে আগত Program Self-Assessment Committee (PSAC) সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালায় Preparation for Accreditation: Documentation and Evidece ও Self Assessment শিরোনামীয় সেশনে Keynote Presenter প্রফেসর ড. এস এম কবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক অডিটরদের অ্যাক্রেডিটেশন অভিজ্ঞতা তুলে ধরে ডকুমেন্টেশন ও প্রমানক উপস্থাপনে কোথায় কোথায় সমস্যা সৃষ্টি হয় কিভাবে সেগুলিকে মোকাবিলা করে প্রোগ্রাম অফারিং এনটিটি অর্থাৎ ডিসিপ্লিনসমূহ অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় ভাল অবস্থান তৈরি করতে পারেন, সে বিষয়ে ধারণা বিনিময় করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: ওয়াসিউল ইসলাম সেশন শেষে প্রশ্নোত্তর পর্বে আলোচনা যাতে মূল বিষয় থেকে দূরে সরে না যায় সেজন্য সার্বক্ষণিক মডারেশনে নিয়োজিত ছিলেন।