জ্ঞানদূত GK

জ্ঞানদূত GK ইতিবাচক চিন্তা ও আত্মোউন্নয়ন ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও বিভিন্ন চাকরির প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখতে পথ চলা।

আমি পঁচিশ বছর ধরে কুরিয়ার সার্ভিসে কাজ করি। চিঠি, পার্সেল, কাগজপত্র, নোটিশ, সব পৌঁছে দিই। আগে চিঠি বেশি আসতো। এখন আসে ব...
22/08/2026

আমি পঁচিশ বছর ধরে কুরিয়ার সার্ভিসে কাজ করি। চিঠি, পার্সেল, কাগজপত্র, নোটিশ, সব পৌঁছে দিই। আগে চিঠি বেশি আসতো। এখন আসে ব্যাংকের কাগজ, চাকরির কাগজ, আদালতের নোটিশ, অনলাইন অর্ডারের বাক্স।

​আমার নাম কামাল। ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, হাজারীবাগ, এই এলাকাগুলোতে আমার রুট। প্রতিদিন একটা ব্যাগ কাঁধে নিয়ে ঘুরি। বৃষ্টি হলে ভিজি। রোদ হলে পুড়ি। শীত হলে কাঁপি। কাজটা ভালো লাগে না। তবু ছাড়িনি।

​আমাদের অফিসে একটা নিয়ম আছে। ঠিকানা ভুল হলে তিনবার চেষ্টা করতে হয়। তারপর লেখা হয়-

"প্রাপককে পাওয়া যায়নি।"

​এই তিনটা শব্দ আমি জীবনে অসংখ্যবার লিখেছি। কিন্তু একদিন একটা খামের উপর এই তিনটা শব্দ লিখতে গিয়ে আমার হাত থেমে গিয়েছিল। খামের উপর লেখা ছিল-

প্রেরক: আবদুল হালিম
প্রাপক: রাশেদ হালিম
বাড়ি: ১৭/বি, লালমাটিয়া, ঢাকা।
নিচে ছোট করে লেখা-
জরুরি। ব্যক্তিগত।

অর্থাৎ, আবদুল হালিম নামে এক বয়স্ক বাবা তাঁর ছেলে রাশেদ হালিমের কাছে চিঠি পাঠিয়েছেন। কিন্তু মজার বিষয় হলো, প্রেরক ও প্রাপক দুজনেরই ঠিকানা একই দেয়া-
১৭/বি, লালমাটিয়া, ঢাকা। মানে বাবা তাঁর নিজের বাড়ির ঠিকানাতেই ছেলের নামে চিঠি পোস্ট করেছেন!

​আমি ঠিকানায় গিয়ে দেখি, ১৭/বি বলে কোনো বাড়িই নেই।
১৭ আছে।
১৭/এ আছে।
১৭/সি আছে।
কিন্তু ১৭/বি নেই।

পাশের দোকানের লোককে জিজ্ঞেস করলাম। ​লোকটা বললো, "আগে ছিল।"
"এখন?"
"ভেঙে ফ্ল্যাট হইছে।"
"হালিম সাহেব?"
লোকটা কাঁধ ঝাঁকালো, "চিনি না।"

​আমি পাশের চায়ের দোকানে গেলাম। ​চা-ওয়ালা বললো, "আবদুল হালিম নামে একজন ছিল।"
"কোথায় গেছে?"
"মারা গেছে।"
"কবে?"
"অনেক বছর।"

​আমি অফিসে ফিরে খামটা "প্রাপককে পাওয়া যায়নি" লিখে জমা দিতে পারতাম। দিইনি। ​পরদিন আবার গেলাম। ১৭ নম্বর বাড়ির পুরোনো দারোয়ানকে পেলাম। বয়স অনেক। নাম গফুর। আমি খামের নামটা বলতেই লোকটা আমার দিকে তাকিয়ে বললো,

​"আপনি আবদুল হালিম সাহেবের ছেলের লোক?"
"না। কুরিয়ার।''
লোকটা বললো, "আবদুল হালিম সাহেব তো নাই।"
​আমি জিজ্ঞেস করলাম, "তার ছেলে কোথায়?"
"বিদেশে।"
"কোন দেশে?"
"কানাডা।"
"যোগাযোগ নেই?"
"না।"

আমি জিজ্ঞেস করলাম, "কেন?"
লোকটা বললো, "বাপ ছেলের ঝামেলা।"

​এই কথাটা বাংলাদেশের মানুষের খুব প্রিয়। সবকিছুর ব্যাখ্যা এক কথায় হয়ে যায়, "ঝামেলা ছিল।"

​আমি বললাম, "কী ঝামেলা?"
লোকটা বললো, "সেইটা আমি জানি না।"
তারপর একটু থেমে বললো, "তবে শেষের দিকে আবদুল হালিম সাহেব প্রতিদিন বিকেলে গেটের সামনে বসে থাকতেন।"
"কেন?"
"ছেলের জন্য।"
"ছেলে আসতো?"
"না।"

​আমি চুপ করে গেলাম।

​কানাডায় ছেলেটার নাম ছিল রাশেদ হালিম। ফেসবুকে খুঁজলাম। পেলাম না। লিংকডইনে পেলাম একজনকে। নাম মিলে যায়। ঢাকায় জন্ম। কানাডায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বয়সও মিলে। আমি তার প্রোফাইলের ছবি দেখলাম। একজন হাসিখুশি মানুষ। বউ। দুইটা বাচ্চা। বরফের মধ্যে দাঁড়িয়ে ছবি। ক্যাপশনে লেখা-

"Home is where your people are."

​আমি অনেকক্ষণ ঐ কথাটার দিকে তাকিয়ে ছিলাম। হোম ইজ হোয়্যার ইয়োর পিপল আর। মানুষ কত সহজে ইংরেজিতে এমন কথা লিখে ফেলে। নিজের ভাষায় বলতে গেলে বুক কাঁপে।

​আমি তাকে মেসেজ পাঠালাম, "আপনার নামে একটা চিঠি এসেছে।"

কোনো উত্তর নেই।

দুই দিন পর উত্তর এলো, "Who are you?"
আমি বললাম, "আমি কুরিয়ার সার্ভিসে কাজ করি। আপনার বাবা একটা চিঠি পোস্ট করেছে।"
সে লিখলো, "My father died years ago."
আমি বললাম, "চিঠিটা আপনার জন্যই।"

অনেকক্ষণ কোনো উত্তর নেই।
তারপর লিখলো, "Don't contact me again."

​আমি চুপ করে গেলাম। চিঠিটা আমার ড্রয়ারে রয়ে গেল।
তারপর এক সপ্তাহ। দুই সপ্তাহ। এক মাস। আমি চিঠিটা অফিসে জমা দিইনি।

​একদিন সন্ধ্যায় রাশেদের কাছ থেকে মেসেজ এলো, "What does the letter say?"
আমি বললাম, "আমি খুলি নাই।"
সে আবার লিখলো, "Can you send me a picture?"

​আমি খামের ছবি পাঠালাম।
সে অনেকক্ষণ কোনো উত্তর দিলো না।

তারপর লিখলো, "That's my father's handwriting."
আমি বললাম, "আপনি চিঠিটা চান?"
অনেকক্ষণ পর উত্তর এলো, "Yes."
আমি বললাম, "ঠিকানা দেন।"

​সে ঠিকানা দিল। সেদিনই আমি চিঠিটা পাঠিয়ে দিলাম। কাজ শেষ। ভাবলাম, এবার আমার দায়িত্ব শেষ। তিন দিন পর একটা ফোন এলো। বিদেশি নম্বর। আমি ধরলাম। ওপাশ থেকে একটা পুরুষের গলা।

​"আপনি কামাল?"
"জি।"
"আমি রাশেদ।"
"জি।"
"চিঠিটা পেয়েছি।"

​আমি চুপ করে থাকলাম।

​সে বললো, "আপনি কি জানেন, আমার বাবা মারা যাওয়ার আগে শেষবার আমাকে কী বলেছিলেন?"
"না।"
"বলেছিলেন, তুই যদি কোনোদিন ফিরে আসিস, আমার কাছে আসিস না।"

আমি কিছু বললাম না।

সে বললো, "আমি আর ফিরিনি।"

​তারপর দীর্ঘ নীরবতা।

​"চিঠিতে কী ছিল জানেন?"
"না।"

সে হাসলো।

তারপর বললো, "আমার বাবা কখনো কাউকে চিঠি লিখতেন না।"

আমি অবাক হলাম।

বললাম, "কিন্তু এটা তো আপনার বাবার হাতের লেখা।"
"হ্যাঁ।"
"তাহলে?"
"তিনি লিখেছিলেন। কিন্তু পাঠাননি।"

আমি বুঝলাম না।

রাশেদ বললো, "চিঠিটা তিনি নিজের আলমারিতে রেখে গিয়েছিলেন।"
"কীভাবে পোস্ট হলো?"
"তার বাড়ি বিক্রি করার পর নতুন মালিক পুরোনো আলমারির কাগজপত্রের মধ্যে খামটা পেয়েছিলেন। হয়তো ভেবেছেন পোস্ট করা হয়নি, তাই দয়ায় পড়ে ডাকবাক্সে ফেলে দিয়েছেন।"
আমি বললাম, "চিঠিতে কী ছিল?"
রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বললো, "একটা মাত্র বাক্য।"
"কী?"

"আমি ভুল করেছিলাম।"

আমি বললাম, "এইটুকু?"
"হ্যাঁ।"
"আর কিছু?"
"না।"

আমি বললাম, "তাহলে আপনি কাঁদছেন কেন?"
রাশেদ কান্না থামিয়ে বললো, "আমি ভেবেছিলাম, বাবারা কখনো ভুল করে না।"

​আমি জানি না কেন, কথাটা শুনে আমার নিজের বাবার কথা মনে পড়লো। আমার বাবা ছিলেন রাগী মানুষ। আমি ছোটবেলায় একবার স্কুল থেকে পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম। বাবা জানতে পেরে আমাকে এমন মেরেছিলেন যে তিনদিন স্কুলে যেতে পারিনি। তারপর আমি ঠিক করেছিলাম, কোনোদিন বাবার সঙ্গে কথা বলবো না।

দুদিন পরই বাবা মারা গেলেন। আমার রাগটা রয়ে গেল। বাবা রইলেন না। মানুষের রাগেরও একটা সমস্যা আছে। যার ওপর রাগ করা হয়, সে না থাকলেও রাগটা থেকে যায়। তারপর একদিন সেই রাগের কোনো ঠিকানা থাকে না।

​রাশেদ বলল, "কামাল ভাই?"
"জি?''
"আপনি কি একটা কাজ করবেন?"
"কী?"
"আমার বাবার কবরটা খুঁজে দিতে পারবেন?"
আমি বললাম, "পারবো।"
"কেন জানি না, আমি যেতে চাই।"
"আসবেন?"
"হ্যাঁ।"

​তিন মাস পর রাশেদ ঢাকায় এলো। আমি তাকে বিমানবন্দর থেকে নিতে যাইনি। কিন্তু সে নিজেই আমাকে ফোন করলে।

​"কামাল ভাই, আমি ঢাকায়।"
"কোথায়?"
"পুরোনো বাসার সামনে।"

​আমি গেলাম। সে গাড়ি থেকে নামলো। আমি প্রথমে চিনতেই পারিনি। ছবির চেয়ে মানুষ বাস্তবে অন্যরকম।

​সে আমাকে দেখে বললো, "আপনিই কামাল?"
"জি।"

​সে হাত বাড়ালো। আমি হাত ধরলাম। তার হাত কাঁপছিল। আমরা একসঙ্গে কবরস্থানে গেলাম। তার বাবার কবর খুঁজে পেলাম। রাশেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বসে পড়লো।

কোনো দোয়া পড়লো না। কিছু বললো না। শুধু মাটির উপর হাত রাখলো।

​অনেকক্ষণ পর বললো, "বাবা, আমি এসেছি।"

​আমি একটু দূরে দাঁড়িয়ে ছিলাম।

​সে আবার বললো, "তুমি বলেছিলে, আসিস না।''

চুপ

''আমি আসিনি।''

চুপ

''তুমি ভুল করেছিলে।"

চুপ

"আমিও ভুল করেছিলাম বাবা।"

​আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দূরে সরে গেলাম।
মানুষের কিছু কথার সাক্ষী হওয়া উচিত না। কিছু কথা মৃত মানুষের আর জীবিত মানুষের মাঝেই থাকা ভালো।

​ফেরার সময় রাশেদ আমাকে বললো, "কামাল ভাই, আপনি না থাকলে আমি আসতাম না।"
আমি বললাম, "আমি তো শুধু চিঠি পৌঁছাইছি।"
সে বললো, "না।"
"তাহলে?"
"আপনি আমার কাছে একটা ঠিকানা পৌঁছে দিয়েছেন।"
আমি হেসে বললাম, "কবরের ঠিকানা?"
সে মাথা নাড়লো, "না।"
"তাহলে?"
সে বললো, "বাবার কাছে যাওয়ার ঠিকানা।"

​আমি কিছু বললাম না। অফিসে গিয়ে আমার ছেলেকে ফোন করলাম। সে ধরলো না। আবার করলাম। ধরলো।

​বললো, "কী হয়েছে?"
আমি বললাম, "কিছু না।"
"তাহলে ফোন করছো কেন?"
আমি বললাম, "তুই কেমন আছিস?"
সে বললো, "ভালো।"
আমি বললাম, "তোর সঙ্গে আমার কোনোদিন খুব বেশি রাগারাগি হয়েছে?"
ওপাশে সে হাসলো, "আপনার তো প্রতিদিনই রাগারাগি হয়।"
আমি বললাম, "আমি যদি কোনোদিন ভুল করে থাকি?"

সে চুপ করে গেল।

আমি বললাম, "তাহলে আমাকে বলিস।"
"কেন?"
"যাতে আমি ঠিক করতে পারি।"
সে কিছুক্ষণ চুপ করে থেকে বললো, "আব্বা, আপনি ঠিক আছেন তো?''
"হ্যাঁ।"
"কিছু খাইছেন?"
"না।"
"খেয়ে ঘুমান।"

​ফোন কেটে গেল।

​আমি অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইলাম। তারপর ড্রয়ার খুললাম। রাশেদের বাবার চিঠির একটা ফটোকপি সেখানে রেখেছিলাম। মাত্র এক লাইন।

''আমি ভুল করেছিলাম।''

আমি কাগজটা হাতে নিয়ে ভাবলাম, মানুষ পৃথিবীতে কত কিছু লিখে। উপন্যাস। কবিতা। ইতিহাস। আইন। প্রেমপত্র। ক্ষমাপত্র। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন চিঠিটা সম্ভবত এই তিনটা শব্দের, আমি ভুল করেছিলাম। এই তিনটা শব্দ বলতে একজন বাবার পঁচাত্তর বছর লাগে। একজন ছেলের ত্রিশ বছর। কখনো কখনো পুরো একটা জীবন।

​পরদিন অফিসে গিয়ে টেবিলে এক পুরোনো পার্সেল পড়ে থাকতে দেখলাম। প্রাপক মৃত, প্রেরকের খোঁজ নেই। ফেরত যাওয়ার অপেক্ষায় ধুলো জমছে খামের উপর। আমি কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো, পৃথিবীতে কত অভিমান, কত অসম্পূর্ণ কথা এভাবেই কোনো না কোনো টেবিলে ঠিকানাহীন হয়ে জমা পড়ে থাকে।

​অফিসে ভালো লাগলো না। আমি বাড়ি ফিরে এলাম।

আমার ছেলে তখন ঘরে বসে ফোন দেখছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। সে তাকালো।

আমি বললাম, "তোর সাথে আমার একটা কথা ছিল।"
সে অবাক হয়ে বললো, "কী কথা?"

আমি ড্রয়ার থেকে রাশেদের বাবার চিঠির ফটোকপিটা বের করে তার সামনে রাখলাম।

সে খামটার দিকে, তারপর আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল।
তারপর হঠাৎ উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো।

অনেক বছর পর। খুব অল্প সময়ের জন্য। কিন্তু যথেষ্ট। আমি তার পিঠে হাত রাখলাম। কিছু বললাম না। আমার মনে হলো, সেদিন যদি রাশেদের বাবার চিঠিটা পৌঁছে না দিতাম, তাহলে হয়তো আমার ছেলেকে আমি এই কথাগুলো কোনোদিন বলতাম না।

​আমি এখনও কুরিয়ারে কাজ করি। এখনও ভুল ঠিকানার পার্সেল আসে। এখনো অফিসে তিনটা শব্দ লেখা হয়,

"প্রাপককে পাওয়া যায়নি।"

​কিন্তু আমি আর আগের মতো সহজে লিখতে পারি না। কারণ আমি জানি, কখনো কখনো মানুষ ঠিকানায় থাকে না। অভিমানে থাকে। দূরত্বে থাকে। ভুল বোঝাবুঝিতে থাকে। কখনো বিদেশে থাকে। কখনো কবরের নিচে। আর কখনো, একই বাড়িতে থেকেও একটা দরজার ওপাশে থাকে। তাই কোনো চিঠি হাতে নিয়ে যদি মনে হয়, "লোকটা তো নেই।" আমি একটু অপেক্ষা করি। কারণ ঠিকানাটা ভুল হতে পারে। কিন্তু চিঠিটা নয়। চিঠি সাধারণত ঠিক মানুষটার কাছেই যেতে চায়। শুধু পৌঁছাতে কখনো কখনো একজন কামালের দরকার হয়!

সংগৃহ‌ীত।

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে ১৩-১৬ গ্রেডে নিয়োগে উদ্যোগ মন্ত্রণালয়ের
22/08/2026

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে ১৩-১৬ গ্রেডে নিয়োগে উদ্যোগ মন্ত্রণালয়ের

20/08/2026

মধ্যবিত্ত পরিবারের সন্তানদের অধিকাংশেরই বেশিরভাগ চাওয়া পাওয়া পূরণ হয়। তবুও বুকে পুষে রাখে এক আকাশ আফসোস।
কেনো জানেন?
কারণ চাওয়া পাওয়াগুলো এমন সময় পূরণ হয়,যখন সেই চাওয়া -পাওয়ার আনন্দটা থাকে না। স্বপ্নগুলো ফিকে হয়ে যায়।

যেই বয়সটায় ছেলেদের অক্সফোর্ড স্যু, নামি-দামি ব্রান্ডের শার্ট পরতে ইচ্ছা হয়,তখন হাতে টাকা থাকে না।
আর যখন টাকা হাতে আসে,তখন এগুলো পরে সেই আনন্দটা আর আসে না।

যেই বয়সটায় ছেলেদের বিয়ে করতে ইচ্ছে হয়,সেই বয়স কাটে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে সীমাহিন হতাশা, চাপকে সঙ্গী করে পড়ার টেবিলে আর টিউশন বাড়িতে আসা যাওয়ায় ।

যে বয়সে মেয়েদের ঘুরতে যেতে ইচ্ছা হয়,সেই বয়সে থাকে না হাতে টাকা। পায়না পরিবারের অনুমতি। বলা হয় "বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরতে যেও"।
তারপর যখন বিয়ে হয়, চাকরি হয়, তখন এসে পড়ে দায়িত্ব। ফলে সময় করে আর ঘুরতে যাওয়া হয়না। তখন অনেকদিন পর ঘুরতে গেলেও সেই কিশোরি বয়সের আনন্দ, রোমাঞ্চকর অনুভূতি আর থাকে না।

যে বয়সে বাবা মা সুস্থ থাকে, সেই বয়সে বাবা মাকে কিছু দেয়ার সৌভাগ্য হয় না। আর যখন সেই সুযোগ আসে তখন অনেকের বাবা মা দুনিয়াতেই থাকেন না। আর দুনিয়ায় থাকলেও বয়সের ভারে বিভিন্ন রোগ শোকে কাতর থাকেন। ফলে সন্তানদের দেয়া কোনো জিনিস সেভাবে আর উপভোগ করতে পারে না।
আহা জীবন!!

©এম এম মুজাহিদ উদ্দীন

19/08/2026

কোলকাতার একটি হোটেলে আগুনে পু/ড়ে ৯ বাংলাদেশীর মৃত্যু!

19/08/2026

দেশে ১ জুলাই থেকে ৩০ জুন অর্থবছরের পরিবর্তে নতুন করে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণ করা হয়েছে।

19/08/2026

📛এডমিশন নোটিশ📛

পলিটেকনিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, মেরিন, টেক্সটাইল ইন্জিনিয়ারিং এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

🟥 অনলাইনে আবেদন শুরু : ২২ আগস্ট ২০২৬।
🟥 আবেদনের শেষ সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৬।
🟥 ভর্তি পরীক্ষা : ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা–১১টা।

19/08/2026
কীভাবে রক্তে মেশে মাইক্রোপ্লাস্টিক, বাঁচার উপায় কী19/08/2026 একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের থালা–বাটিতে গরম খাবার রাখলে ...
19/08/2026

কীভাবে রক্তে মেশে মাইক্রোপ্লাস্টিক, বাঁচার উপায় কী
19/08/2026


একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের থালা–বাটিতে গরম খাবার রাখলে দ্রুত মাইক্রোপ্লাস্টিক শরীরে ছড়াতে পারে। ছবি: এআই/প্রথম আলো

পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে বলে মাইক্রোপ্লাস্টিক। নিজেদের অজান্তে প্রতিনিয়ত আমরা গ্রহণ করছি মাইক্রোপ্লাস্টিক। বৈজ্ঞানিক সমীক্ষা বলছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫ গ্রাম প্লাস্টিক কণা প্রবেশ করছে। বাতাস, পানি কিংবা প্রিয় খাবার—কোনোটিই আজ এই অদৃশ্য বিষ থেকে মুক্ত নয়।

যেভাবে রক্তে মিশছে

আমাদের অজান্তে ও প্রতিদিনের কিছু অভ্যাসের কারণে মূলত তিনটি প্রধান উপায়ে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে।

১. খাদ্য ও পানীয়ের মাধ্যমে

বোতলজাত পানি, প্রক্রিয়াজাত খাবার, সামুদ্রিক ও প্রাকৃতিক জলাশয়ের মাছ, প্রক্রিয়াজাত লবণ, এমনকি টি-ব্যাগেও মিলছে এই কণা। প্লাস্টিক বা ওয়ান-টাইম পাত্রে গরম খাবার ও পানীয় রাখলে প্লাস্টিকের ক্ষতিকর রাসায়নিক গলে সরাসরি খাবারে মিশে যায়।

২. শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে

কৃত্রিম বা সিন্থেটিক তন্তুর পোশাক, ঘরের কার্পেট, আসবাবের ধুলা এবং যানবাহনের টায়ার ক্ষয়প্রাপ্ত হয়ে বাতাসে মাইক্রোপ্লাস্টিক ছড়ায়। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে সহজে যা ফুসফুসে পৌঁছে যায়।

৩. ত্বক ও প্রসাধন

ফেসওয়াশ, স্ক্রাব ও টুথপেস্টে ব্যবহৃত ‘মাইক্রোবিডস’ এবং সিন্থেটিক কাপড়ের ঘর্ষণে ত্বকের সূক্ষ্ম ছিদ্র দিয়েও এসব কণা শরীরে প্রবেশ করতে পারে।

মারাত্মক হুমকিতে যেসব অঙ্গ

গবেষণার তথ্য বলছে, রক্তনালির প্লাক, ফুসফুস, যকৃৎ, মস্তিষ্ক, প্রজনন অঙ্গ, এমনকি মাতৃগর্ভের ফুল প্লাসেন্টাতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এসব কণা দেহের ভেতরে তীব্র প্রতিক্রিয়া ও প্রদাহ সৃষ্টি করে।

পরিপাকতন্ত্র: প্লাস্টিকের কণাগুলো পেটে জমা হয়ে ভেতরে ঘা বা প্রদাহ সৃষ্টি করে। আমাদের পেটে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, যা খাবার হজম এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। প্লাস্টিকের কণা এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। ফলে হজমশক্তি কমে যায়, সহজে অসুস্থ হয়ে পড়ে শরীর।

শ্বাসতন্ত্র: শ্বাসনালিতে জ্বালাপোড়া এবং প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টি করে। ফলে কাশি, হাঁচি, বুকে বাঁশির মতো শব্দ (হুইজিং), শ্বাসকষ্ট ও অ্যাজমা বা সিওপিডির মতো দীর্ঘমেয়াদি রোগ বৃদ্ধি পায়। দীর্ঘদিন ধরে প্লাস্টিকের কণাগুলো ফুসফুসে জমা হতে থাকলে টিস্যুতে স্থায়ী ক্ষত তৈরি হয়, যা পালমোনারি ফাইব্রোসিসের প্রধান কারণ। টেক্সটাইল, নাইলন বা পলিপ্রোপিলিন ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে ক্রমাগত এসব তন্তু প্রবেশের কারণে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, পালমোনারি হাইপারটেনশন এবং পরবর্তী সময়ে রেসপিরেটরি ফেইলিউরের (ফুসফুস অকেজো হওয়া) মতো মারাত্মক পরিণতি দেখা দেয়।

হরমোনের ভারসাম্যহীনতা: প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত ‘বিসফেনল-এ’ ও ‘থ্যালেটস’-এর মতো উপাদান মানবদেহের এন্ডোক্রাইন সিস্টেমে সরাসরি ব্যাঘাত সৃষ্টি করে। এগুলো ইস্ট্রোজেনসহ অন্যান্য হরমোনের স্বাভাবিক কার্যকারিতাকে বিভ্রান্ত করে থাইরয়েড ও মেটাবলিজমে ব্যাঘাত ঘটায়।

প্রজননক্ষমতায় প্রভাব: মাইক্রোপ্লাস্টিক নারী ও পুরুষ উভয়ের প্রজননস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এটি পুরুষের শুক্রাণুর গুণগত মান ও সংখ্যা কমায় এবং নারীদের ক্ষেত্রে ডিম্বাণুর কার্যকারিতা ব্যাহত করে গর্ভধারণে জটিলতা তৈরি করে।

হৃৎস্বাস্থ্য ও স্ট্রোকের ঝুঁকি: দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যেসব রোগীর রক্তনালিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ছিল, তাঁদের হার্ট অ্যাটাক, স্ট্রোক ও আকস্মিক মৃত্যুর ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় সাড়ে চার গুণ বেশি।

ক্যানসারের আশঙ্কাজনক বৃদ্ধি: ক্ষুদ্র কণাগুলো কোষে প্রবেশ করে কোষের গঠন ক্ষতিগ্রস্ত করে এবং ডিএনএ ভাঙনের কারণ হয়। ফলে পরিপাকতন্ত্র, ফুসফুস ও থাইরয়েডের মতো অঙ্গে ক্যানসার সৃষ্টির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

কমানোর কৌশল: পরিবেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মাইক্রোপ্লাস্টিক শতভাগ দূর করা অসম্ভব। তবে কিছু সতর্কতামূলক অভ্যাসের মাধ্যমে শরীরকে কম ঝুঁকিতে রাখা সম্ভব।

প্লাস্টিকপাত্র বর্জন: বোতলজাত পানির বদলে কাচ, স্টেইনলেস স্টিল বা সিরামিকের পাত্রে পানি ও খাবার সংরক্ষণের অভ্যাস করুন। প্লাস্টিকের পাত্রে খাবার না খাওয়া, ফ্রিজে খাবার রাখতেও আইসক্রিমের বাটি বা প্লাস্টিকের বক্স ব্যবহার এড়িয়ে চলুন।

মাইক্রোওয়েভে প্লাস্টিক নিষিদ্ধ: ওভেনে কখনো প্লাস্টিকের পাত্র বা র‍্যাপিং পেপার ব্যবহার করবেন না। উচ্চ তাপে প্লাস্টিকের প্লাস্টিসাইজার ও কণা দ্রুত খাদ্যে ছড়িয়ে পড়ে।

প্রাকৃতিক তন্তুর পোশাক: সুতি, লিনেন বা পাটের পোশাক ব্যবহারে অভ্যস্ত হন। পলিয়েস্টার বা নাইলনের মতো সিন্থেটিক কাপড়ের পোশাক পরিহার করাই ভালো।

ঘর পরিচ্ছন্ন রাখা: ঘরের সিন্থেটিক কার্পেট এড়িয়ে চলুন। বাতাসের ভাসমান কণা কমাতে নিয়মিত ভেজা কাপড়ে ঘর মুছুন কিংবা ভ্যাকিউম করুন।

প্রাকৃতিক খাদ্যাভ্যাস: অতিরিক্ত প্রক্রিয়াজাত ও প্লাস্টিক মোড়কজাত খাবার এড়িয়ে তাজা ফলমূল ও শাকসবজি খান। টি-ব্যাগের বদলে ঐতিহ্যবাহী উপায়ে পাতা চা ফুটিয়ে পান করা নিরাপদ।

নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের ব্যক্তিগত সচেতনতাই সবচেয়ে বড় ঢাল। দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই পারে আমাদের রক্তে মিশতে থাকা এই অদৃশ্য বিষের মাত্রা অনেকাংশে কমিয়ে আনতে।

• লেখক: জুনিয়র কনসালট্যান্ট, ইন্টারনাল মেডিসিন বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা।

সোর্স প্রথমআলো

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং...
11/08/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি-

Address

Dhaka
Khulna

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানদূত GK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share