29/07/2026
বায়োলজিতে ইংরেজি ভার্সনের বোর্ড পরীক্ষায় ট্রান্সলেশনে সামান্য কয়েকটা ভুল পাওয়া গেছে আর তাতেই চারদিকে কী হাহাকার! ভাই, আপনারাই বলুন, আমরা কিসের জাতি? আমরা বাঙালি! আমাদের রক্তে বাংলা, আমাদের স্বপ্নে বাংলা, আমাদের সব কিছুতেই বাংলা।
আসুন সবাই মিলে এক বাক্যে মেনে নিই প্রশ্ন ভুল হওয়া কোনো সমস্যাই নয়, বরং এটি আমাদের "মাতৃভাষা প্রীতি"র এক অনন্য নিদর্শন!
আমরা বাংলাদেশি, বাংলায় জিতব, বাংলায় মরব। মাঝখান দিয়ে এই "ইংরেজি ভার্সন" নামক বস্তুটির কী দরকার ছিল, বলুন তো? আর ইংরেজিতে ভুল থাকবে না তো কি বাংলায় ভুল থাকবে? বোর্ড কর্তৃপক্ষ যে ইংরেজি ভার্সনের মতো বিজাতীয় একটা জিনিসে ভুল করে হলেও আপনাকে খাঁটি বাংলার মর্ম বোঝানোর চেষ্টা করছে, সেটা আপনারা বুঝতেই পারছেন না!
জীববিজ্ঞানের মতো একটা বিষয়ে ট্রান্সলেশান ভুল এসেছে? ভালোই তো হয়েছে! বিজ্ঞান আবার কিসের ইংরেজি? আপনি কি আগে জীববিজ্ঞানের বাংলা ভাষায় লেখা বইটা ভালো করে পড়েছেন? আগে বাংলা বইয়ের প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা লাইন মুখস্থ করুন। রক্তে রক্তে বাংলা বইয়ের টপিক ঢুকিয়ে নিন। তারপর না হয় সময় পেলে ইংরেজি নিয়ে ভাবা যাবে যদিও তারও কোনো বিশেষ প্রয়োজন আছে বলে মনে হয় না।
ইংরেজি অনুবাদে ভুল থাকাটাই তো এই দেশের মাটি ও মানুষের সবচেয়ে স্বাভাবিক নিয়ম। ভুল আছে মানেই তো আমরা আমাদের শিকড়কে ভুলে যাইনি! যা আছে, একদম ঠিকই আছে।কাজেই এত কান্নাকাটি বন্ধ করুন।
-শেখ ফারহান হাসিব।