20/06/2026
টিচারকে গালি দেওয়ার আগে এই কথাগুলো বুঝুন
প্রথমে নিজেকে দুটি প্রশ্ন করুন:
* আপনার বর্তমান লেভেলের জন্য কি ওই শিক্ষক উপযুক্ত ছিলেন?
* আপনি যে শিক্ষকের কাছে গিয়েছেন, তিনি কি আসলে আপনার মতো শিক্ষার্থীদের জন্য পড়ান?
মানুষের শেখার এবং বোঝার পদ্ধতি সবার এক রকম নয়। কেউ ইংরেজিতে ভালো, কেউ আরও ভালো, কেউ অসাধারণ, আবার কেউ দুর্বল। কিন্তু “ভালো” বা “দুর্বল” হওয়ারও অনেক স্তর আছে। আমরা সুবিধার জন্য ৭, ৮, ৯-এর মতো স্কোর বা লেভেল ব্যবহার করি, কিন্তু বাস্তবে মানুষের দক্ষতা এবং শেখার ক্ষমতার বৈচিত্র্য অনেক বেশি।
একইভাবে, সব শিক্ষকও এক রকম নন। প্রত্যেক শিক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব এবং পড়ানোর পদ্ধতি আলাদা। মানুষ কোনো সফটওয়্যার নয় যে সবাই একইভাবে চিন্তা করবে বা একইভাবে পড়াবে।
এ কারণেই দেখা যায়, একজন শিক্ষার্থীর কাছে কোনো শিক্ষক অসাধারণ মনে হয়, কিন্তু অন্য একজন শিক্ষার্থীর কাছে সেই একই শিক্ষক ততটা কার্যকর মনে হয় না। এর মানে এই নয় যে একজন ঠিক আর অন্যজন ভুল। অনেক ক্ষেত্রেই বিষয়টা হলো শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ম্যাচিং হয়েছে কি না।
উদাহরণ হিসেবে, কিছু শিক্ষার্থী ক্লাসে হাসি-ঠাট্টা, জোকস এবং হালকা পরিবেশ পছন্দ করে। অনেক শিক্ষকও সেই স্টাইলে পড়ান। যাদের সঙ্গে এই স্টাইলের মিল হয়, তারা সেই শিক্ষককে দারুণ মনে করে। কিন্তু আপনি যদি খুব সিরিয়াস প্রকৃতির হন, তাহলে সেই শিক্ষককে আপনার ভালো নাও লাগতে পারে। তাই বলে তাকে “জোকার” বলা ন্যায্য নয়।
আবার কিছু শিক্ষকের ব্যক্তিগত কিছু দুর্বলতা বা অদ্ভুত অভ্যাস থাকতে পারে যেমন আলুর দোষ। অনেক শিক্ষার্থী সেগুলো পছন্দ করবে না। কিন্তু একই সময়ে অন্য কিছু শিক্ষার্থী সেই একই আলুর দোষ ওয়ালা শিক্ষককে খুব পছন্দ করতে পারে। মানুষের পছন্দ-অপছন্দ ভিন্ন।
কিছু শিক্ষক আছেন যারা মূলত মোটিভেশন দেন। অনেক শিক্ষার্থী আছেন যারা জটিল ব্যাখ্যার চেয়ে অনুপ্রেরণা পেলে বেশি উপকৃত হন। আবার অন্য শিক্ষার্থীরা শুধু মোটিভেশন নয়, গভীর একাডেমিক বিশ্লেষণ চান। পৃথিবী বৈচিত্র্যময়, তাই সব শিক্ষার্থীর চাহিদাও এক নয়।
অনেক শিক্ষার্থী আছেন যারা প্রতিটি বিষয় বিস্তারিতভাবে শিখতে চান। তাদের কাছে বিস্তারিত পড়ানো শিক্ষকই সেরা মনে হবে। অন্যদিকে, কিছু শিক্ষার্থী দ্রুত ফলাফল চায় এবং শর্টকাট বা সংক্ষিপ্ত পদ্ধতি পছন্দ করে। তাদের কাছে বিস্তারিত ক্লাস বিরক্তিকর লাগতে পারে।