14/09/2025
পূর্ব ঘোষণা অনুযায়ী গত ৪ সেপ্টেম্বর/ ১১ রবিউল আউয়াল দারুল ফিকরে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উস্তাদগণ যতটুকু আশা করেছিলেন তার চেয়ে অনেক বেশি সুন্দর, সুশৃঙ্খল হয়েছে পুরা অনুষ্ঠান। সকাল নয়টায় শুরু হয়ে আছরের পর পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
যোহর পর্যন্ত বাংলা বক্তৃতা প্রতিযোগিতা হয়। উর্দু থেকে হেদায়াতুননাহু পর্যন্ত ছাত্ররা এতে অংশগ্রহণ করে। কাফিয়ার একজনকে বিশেষ বিবেচনায় এ ফরীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়৷
যোহরের পর থেকে আছর পর্যন্ত আরবি বক্তৃতা প্রতিযোগিতা হয়৷ কাফিয়া থেকে মেশকাত পর্যন্ত ছাত্ররা এতে অংশগ্রহণ করে। হেদায়াতুননাহুর দু-তিনজন নিজ আগ্রহে আরবি বক্তৃতায় অংশ নেয়।
দুই ফরীক মিলিয়ে ষাটোর্ধ্ব প্রতিযোগী ছিল। কিতাবখানার অধিকাংশ উস্তাদ প্রায় পুরা সময় সামনে বসা ছিলেন। মাওলানা নিয়ামুল ইসলাম সাহেব বাংলা বক্তৃতার সময় উপস্থাপনা করেন। আর আরবির সময় উপস্থাপনা করেন মাওলানা অলিউল্লাহ সাহেব। উভয়ের উপস্থাপনাই চমৎকার ছিল।
বক্তৃতার ফাঁকে ফাঁকে তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, হালকা নাস্তা, চিরকুটে ভাগ্য পরীক্ষা ইত্যাদি বিষয় ছাত্রদেরকে পুরা সময় উজ্জীবিত রেখেছে।
আরবি বক্তৃতায় অংশগ্রহণকারী প্রত্যেকে পুরা বক্তৃতা সুন্দরভাবে শুনিয়েছেন। কেউ মাঝখানে আটকে যাননি। বাংলা বক্তৃতায় উর্দু জামাতের কয়েকজন আটকে গিয়েছিল। কয়েকজন আবার পুরা বক্তৃতায় শেষ পর্যন্ত শুনিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে বাংলা বক্তৃতায় প্রথম হয়েছে তাইসীরের একজন তালিবুল ইলম।
উল্লেখ্য, দারুল ফিকরে এখন পর্যন্ত বক্তৃতা প্রশিক্ষণ মজলিস চালু হয়নি। কোন ধরণের প্রশিক্ষণ ছাড়াই উস্তাদদের সামনে নির্ভুলভাবে বক্তৃতা করতে পারা সাহসের ব্যাপার। উস্তাদগণ ভেবেছিলেন, ছাত্রদের বক্তৃতা হয়তো তেমন ভালো হবে না।কিন্তু ছাত্রদের প্রাঞ্জল, নির্ভুল বক্তৃতা উপস্থাপন উস্তাদদের মুগ্ধ করেছে।
আল্লাহ তাআলা দারুল ফিকরের সকল তালিবুল ইলম ও উস্তাদগণকে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াব করুন।