30/11/2017
পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়া আপনার বন্ধুটিকে হঠাৎ অনেক বছর পর যখন দেখলেন, পুলিশের গাড়িতে চড়ে রাস্তায় নামামাত্র একঝাঁক পুলিশ তাকে স্যালুট জানাচ্ছে। আপনি অবাক হয়ে যখন তার দিকে যাচ্ছেন, তখন পুলিশ প্রোটকলের কারণে আপনি বাধা পেয়ে আর এগোতে পারলেন না। জানতে পারলেন আপনার সেই বন্ধুটি আজ পুলিশের এসপি। আর দীর্ঘশ্বাসে আপনি বলে বসলেন- "তার ভাগ্যটাই ভালো। " বস, একটু থামেন না! ভাগ্য তাকে আজ এ সাফল্যের পথে আনেনি, বরং ভাগ্যকেই আজ সে এ পথে নিয়ে এসেছে। আপনি যখন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে বন্ধুর সামনে শার্টের কলার ঝাড়ি দিয়ে রাস্তায় হাঁটতেন, তখন সে দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নিত, আর অপেক্ষা করত সঠিক সময়ের । আপনি তার একদিনের সম্মান দেখে ভাবছেন ভাগ্য তাকে এ পথে নিয়ে এসেছে। অথচ সে জানে এই সম্মানটুকু আনতে কতটা রাত তাকে পড়ার টেবিলে বসে নির্ঘুম কাটাতে হয়েছে।
:
অফিসের গাড়িতে চড়ে আপনি যখন বাসায় ফিরছেন, তখন দেখলেন বিএমডব্লিউ গাড়ির ভেতরে বসে আছে আপনার গ্রামের সেই ছেলেটি, যাকে আপনি ছোটবেলায় পাত্তাই দিতেন না। শুদ্ধ ভাষায় ভালো করে কথা বলতে না পারা যে ছেলেটির সাথে আপনি ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেটির কখনো বন্ধুত্ত্ব হয়নি; সে আপনি আজ জানতে পারলেন আপনার সেই বন্ধুর পিএস ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করা আপনারই সমান ডিগ্রী। শুদ্ধ ভাষায় কথা বলতে না পারা আপনার বন্ধুটিই আজ গ্রুপ অব কোম্পানির মালিক। মাথায় আগুন ধরে যাওয়ার মত অবস্থা। ইচ্ছে হচ্ছে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে। হয়তো এবারো বলছেন- "শালা, তোর ভাগ্যটাই ভালো। " বস, থামেন। আপনি যখন ইংলিশ মিডিয়ামে পড়ে এলাকাশুদ্ধ কাঁপিয়ে বেড়িয়েছেন, আপনার লাইফ শাইন। তখন এই ছেলেটিই দিন রাত আপনার চেয়ে বেশি পরিশ্রম করে আপনার অহংকারকে সে জিদে পরিণত করেছিল। ভাগ্য তাকে এই পথে আনেনি, সে ভাগ্যকেই আজ এপথে নামিয়ে এনেছে। সিনেমার গল্প মনে হচ্ছে? এদেশের অসংখ্য গ্রুপ অব কোম্পানির মালিকরা যতটাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, নিঃসন্দেহে আপনার মাসিক খরচ তার ব্যবসা শুরুর মুলধনের চেয়ে বেশি। আকিজ গ্রুপ, পিএইচপি গ্রুপ এগুলো সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি, কতটা কম পুঁজি নিয়েও শুধু পরিশ্রমের বিনিময়ে তারা শুন্য থেকে উঠে এসেছেন।
:
গতকাল আমার এক ঘনিষ্ঠ ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার বন্ধু সারাদিন বিডি জবস এর ওয়েবসাইটে ঢুকে শুধু চাকরির খোঁজ করছিল, আর বিভিন্ন কোম্পানীর এড্রেস লিখে নিচ্ছিল স্মার্ট একটা সিভি বানিয়ে সাবমিট করবে বলে। সন্ধ্যায় সে যখন আমাকে ফাস্ট ফুডের অফার করল, আমি জাস্ট একটা বিডি ফুডস এর চিপস নিতে বললাম। সে সারাদিন শুধু একটি চাকরির আশায় বিডি জবস এর ওয়েবসাইটে এতটাই মগ্ন ছিল যে, দোকানদারকে সে বিডি চিপস দেয়ার পরিবর্তে বলছে - "আমাকে একটা বিডি জবস দিন "। একেই বলে স্বপ্ন। তার ধ্যান জ্ঞান সব একটা চাকরির জন্য, আর তাই সে দোকানদারকে বিডি চিপস এর পরিবর্তে বিডি জবস এর কথা বলে দিল। একদিন হয়তো তার এই কাহিনীটাও ইতিহাস হবে। একদিন সেও ভাগ্যকে নামিয়ে আনবে তার হাতের মুঠোয়।
:
আপনি চাইলেই আপনার একাডেমিক রেজাল্ট, ভার্সিটির নাম কিছুই পাল্টাতে পারবেন না; কিন্তু আপনি চাইলেই আপনার ভবিষ্যৎ আইডেন্টিটি পাল্টাতে পারবেন। এটাই চ্যালেঞ্জ। অহংকার যেখানে প্রবেশ করে, ভাগ্য সেখানে পালিয়ে বেড়ায়। সফল হতে হলে শুধু একটা জেদ লাগে।