21/08/2026
৬.৯ লাখ ফেল করার জন্য আমরা দায়ী!
চলুন একটু ব্যাখ্যা করে দোষের ভাগটা নিই।
৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রায় ৪০% ইংরেজি দেখে দেখে পারে, ২০% সর্বোচ্চ তিন অক্ষরের ইংরেজি শব্দ উচ্চরণ করতে পারে, ৪০% একেবারেই ইংরেজি পড়তে পারে না। এগুলোর মধ্যে প্রায় ১০% ইংরেজি সকল অক্ষর ভালোভাবে চিনে না এবং লিখতে পারে না। মাত্র ১০-২০ টি ইংরেজি শব্দের অর্থ না শিখে ৬ষ্ঠ শ্রেণিতে আসে বড়ো একটা অংশ। কঠিন শব্দ নয় I, We, You, My, Our, Me, Us ইত্যাদির অর্থ জানে না অন্তত ৫০% শিক্ষার্থী!
৬ষ্ঠ শ্রেণিতে উঠেই তাদের হাতে ইংরেজির যে সিলেবাস পায় তাতে অন্তর্ভুক্ত আছে ইংরেজি কবিতা, Answering questions, Parts of speech চিহ্নিত করন, voice change, Transformation of sentences( সেন্টেন্স পরিবর্তন), Paragraph, Application, Email, Dialogue, Composition লিখা এবং Rearranging ইত্যাদিসহ আরো অনেক কিছু।
যারা দেখে দেখে পড়তে পারে না তারা সিলেবাসে অন্তর্ভুক্ত উপরোক্ত টপিক্সগুলো পড়বে কীভাবে বা শিখবে কীভাবে? রিডিং না পারা দলের প্রায় ১০% দশম শ্রেণি পর্যন্ত রিডিং শিখতে পারে না! তারা কীভাবে এসএসসি পাশ করবে?
ধরে নিলাম প্রথমে তাদেরকে রিডিং শিখানো উচিত। একটি ক্লাশে ৬০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ২৫ জনই রিডিং না পারলে এবং তাদেরকে রিডিং শেখালে বাকি ৩৫ জন কী করবে? তারা কি ক্লাশে থাকবে? তাদের অভিভাবক কি মানবে? যারা ৫ বছর পড়াশোনা শেষ করে রিডিং শিখতে পারে নাই তাদেরকে কি ৬ষ্ঠ শ্রেণিতে ১-২ মাস আলাদা ক্লাশ করালে শেখানো যাবে?
৬ষ্ঠ শ্রেণির শিক্ষকের ক্লাশে পরিচালনায় কি রিডিং শেখানো দিয়ে শুরু করা যায়?
অন্যদিকে যারা রিডিং পারে না, তারা কিন্তু পাকনা কম না! তাদের অনেকেই রিডিং শেখানোর কারণে প্রেস্টিজ ইস্যূ মনে করে ক্লাশেই থাকবে না।
গণিতে দিকে লক্ষ্য দেখা যাবে যে, ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ভালোভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ পারে না প্রায় ৬০% শিক্ষার্থী। অনেকে শতকিয়াও না শিখে ৬ষ্ঠ শ্রেণিতে আসে। তারা অংক শিখবে কীভাবে? দূর্বলগুলো দূর্বলতা নিয়েই বিভিন্ন তদবির করে উপরের ক্লাশ পর্যন্ত যায় এবং ফরম ফিলাপও করে। তারা এসএসসি পাশ করবে কীভাবে?
এ তো গেল ইংরেজি, গণিতের কথা। অন্তত ৫%শিক্ষার্থী বাংলা রিডিং না শিখে ৬ষ্ঠ শ্রেণিতে চলে আসে।
শুধু এটা পারে না, ঐটা পারে না এ কথা বলাও ঠিক হবে না। অনেকে বেশ ভালো শিখে ৬ষ্ঠ শ্রেণিতে আসে। তাদের জন্য কোনো টেনশন করা লাগে না। তাদেরকে না পড়ালে তারা ভালো করবে! কারণ তাদের ফাউন্ডেশন শক্ত।
অন্যদিকে একটা বড়ো অংশ বাড়িতে বইয়ের ব্যাগ কখনো খুলে না। জানুয়ারী মাসে নতুন বইগুলো ব্যাগে ঢুকিয়ে ডিসেম্বরে সেই বই বের করে! কখনো পড়ে না এবং ব্যাগও খুলে না। সারা বছর এক দিস্তা কাগজও লিখে শেষ করে না।
কোনো অভিভাবক যদি সন্তানের ন্যূণতম খবর রাখে তাহলে তার সন্তান রেডিং না শিখে প্রাইমারি শেষ করবে না! গুণ, ভাগ না শিখে ৬ষ্ঠ শ্রেণিতে যাবে না, এসএসসিতে ফেল করবে না।
পরিশেষে বলবো যে, ৫ম শ্রেণি শেষে যারা অন্তত ভালোভাবে ইংরেজি দেখে দেখে পড়তে পারে এবং গণিতের চার নিয়ম পারে তারা কখনো এসএসসিতে ফেল করবে না।
বলতে বাধ্য হচ্ছি যে, এতোগুলো এসএসসিতে ফেল করার জন্য মুলত আমরাই দায়ী! আমাদের দোষ- দুনিয়াতে এতো কাজ থাকতে আমরা কেন মাস্টরি কাজ নিলাম!?
সন্তান মোবাইলে নাচ গান নিয়ে ব্যস্ত থাকুক, টিকটক করুক ফেসবুক নিয়ে থাকুক, জোর করে ফরম ফিলাপ করাক, ফেল করলে শিক্ষকদেরকে ধুয়ে দিক!