19/05/2026
ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে সম্প্রতি ‘স্টার লাইন ফুড প্রোডাক্টস’ ফ্যাক্টরি পরিদর্শনের আয়োজন করা হয়। এই পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পকারখানার আধুনিক পাওয়ার সিস্টেম এবং অটোমেশন প্রক্রিয়ার বাস্তব কর্মপদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
উক্ত সফরের উদ্দেশ্য ও অর্জিত অভিজ্ঞতা অত্যন্ত সুনিপুণভাবে নিজস্ব প্রতিবেদনে তুলে ধরেছেন আমাদের ইইই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম। প্রতিবেদনটি আজ জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ পত্রিকায় বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে।
শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে ফেনী ইউনিভার্সিটি সদা প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
18/05/2026
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজে ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটি (ফুলমস)-এর ‘স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
ফেনী ইউনিভার্সিটি, ১৭ মে ২০২৬: ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মাঝে আইন সচেতনতা বৃদ্ধি, অধিকার ও দায়িত্ব সম্পর্কে বাস্তব ধারণা প্রদান এবং সামাজিক দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটি (ফুলমস)-এর উদ্যোগে ‘স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু। তিনি তাঁর বক্তব্যে ‘স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম’-এর ভূয়সী প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের মাঝে আইন সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয়।” তিনি ভবিষ্যতে ‘ফুলমস’-এর সকল ইতিবাচক কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কর্মসূচিটি দুটি পৃথক সেশনে সম্পন্ন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম সেশন পরিচালনা করেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, সাইবার সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি এই আয়োজনকে একটি ইতিবাচক ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
দ্বিতীয় সেশনটি পরিচালনা করেন ফুলমস-এর জয়েন্ট সেক্রেটারি বিবি জুলেখা। তিনি শিক্ষার্থীদের মৌলিক অধিকার, ভোক্তা অধিকার, আইনি সচেতনতা এবং দৈনন্দিন জীবনে আইনের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব বদরুদ্দোজা তারেক, চাঁদগাজী কলেজের সাবেক সভাপতি জনাব ফজলুল করিম লিটন, গভর্নিং বডির অভিভাবক সদস্য জনাব আনোয়ার হোসেন ফরাজি, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব নুরুল আলম চৌধুরী এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাহেরা বেগম। শিক্ষক জনাব নুরুল আলম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তারা সমাজ ও আইন সম্পর্কে আরও দায়িত্বশীল হয়ে উঠবে।
ফুলমস-এর ফাইন্যান্স সেক্রেটারি সানজিদা জান্নাত সায়িমার সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ফুলমস-এর সাধারণ সম্পাদক কাজী মহিবুল হক সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মাঝে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সমাজে ন্যায়বিচার, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষ অংশে আলোচিত বিষয়গুলোর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে, উপস্থিত সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
14/05/2026
প্রেস বিজ্ঞপ্তি
ফেনী ইউনিভার্সিটিতে একাডেমিক অগ্রগতি ও কৌশলগত উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
ফেনী ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে আজ ১৪ মে, ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের বি-ভবনের ২০১ নম্বর কক্ষে ‘একাডেমিক প্রগ্রেস অ্যান্ড প্রসপেক্ট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম, ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন ।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন তাঁর বক্তব্যে উপস্থিত শিক্ষকবৃন্দকে স্বাগত জানান এবং সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধিতে শিক্ষকদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে একাডেমিক এনভায়রনমেন্টের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে মিলে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।" তিনি আরও যোগ করেন, "সামাজিক সম্প্রীতি বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।"
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং শক্তিশালী ‘টিমওয়ার্ক’-এর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়ন ও অগ্রযাত্রা বজায় রাখতে হলে আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ সহযোগিতা ও চমৎকার সমন্বয় (নিশ্চিত করতে হবে।" তিনি পেশাগত আচরণের ক্ষেত্রে সৌজন্যবোধ এবং মার্জিত ভঙ্গি বজায় রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
সভার শেষ পর্যায়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক মানোন্নয়নে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।
07/05/2026
প্রেস বিজ্ঞপ্তি
ফেনী ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর
ফেনী ইউনিভার্সিটি, ০৭ মে, ২০২৬: ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ৩০তম ও ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য এক ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ মে) বিকালে ফেনীর দক্ষিণ কাশিমপুরে অবস্থিত স্টার লাইন গ্রুপের কারখানায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
‘Bridging Theory with Industrial Practice’—এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই ট্যুরে শিক্ষার্থীরা শিল্পকারখানার আধুনিক যন্ত্রপাতি, অটোমেটেড প্রোডাকশন ইউনিট এবং ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেমের বাস্তব কার্যক্রম দেখার সুযোগ পান।
উক্ত ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে উপস্থিত ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সামিউল হক, প্রভাষক বাঁধন গোলদার, বিভাগের চিফ টেকনিক্যাল অফিসার কিশলয় ধর প্রমুখ।
বিভাগের চেয়ারম্যান সামিউল হক বলেন, শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনে এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের পেশাগত জীবনে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলবে।
পরিভ্রমণ শেষে শিক্ষার্থীরা স্টার লাইন গ্রুপের কারিগরি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং বর্তমান শিল্প বিপ্লবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা ও প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
06/05/2026
'প্রেস বিজ্ঞপ্তি
ফেনী ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের উদ্যোগে বর্ণাঢ্য ‘বৈশাখী পিঠা মেলা’ অনুষ্ঠিত
ফেনী ইউনিভার্সিটি, ০৬ মে, ২০২৬: 'প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট' কোর্সের ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে ফেনী ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের বিবিএ ৩৫-তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার, ৬ মে ২০২৬ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ‘বৈশাখী পিঠা মেলা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর আবুল কাশেম। এ সময় বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান সালমা আক্তারসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এই বিশেষ কোর্স ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোক্তা দক্ষতা, মার্কেটিং কৌশল, কৌশলগত পরিকল্পনা, সাংগঠনিক সক্ষমতা, দলগত কাজ, নেতৃত্ব এবং ইভেন্ট ম্যানেজমেন্টের বাস্তব অভিজ্ঞতা প্রদান করা হয়েছে।
মেলায় শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি পায়েস, চিতই, পাটিসাপটা, নকশি পিঠা, তেলের পিঠাসহ বাহারি রকমের পিঠার স্টল সাজিয়ে তোলেন। এর পাশাপাশি নানা রকম মুখরোচক খাবার, ঠান্ডা শরবত এবং হরেক রকমের ফলের জুস মেলায় আগত দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর আবুল কাসেম বলেন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনে বড় ভূমিকা রাখে। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে উদ্যোক্তা হয়ে ওঠার এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।
বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান সালমা আক্তার শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টা ও সফল আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। দিনব্যাপী এই মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী পিঠার স্বাদ উপভোগ করেন।
06/05/2026
প্রেস বিজ্ঞপ্তি
ফেনী ইউনিভার্সিটিতে ‘মাদকবিরোধী সামাজিক সচেতনতা ও আমাদের সম্মিলিত দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফেনী ইউনিভার্সিটি, ০৬ মে, ২০২৬: ফেনী ইউনিভার্সিটি ইনোভেশন হাব (FU-iHub) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC), ফেনী-এর যৌথ উদ্যোগে অদ্য বিশ্ববিদ্যালয়ের হল রুমে (C #৬০১) ‘মাদকবিরোধী সামাজিক সচেতনতা ও আমাদের সম্মিলিত দায়িত্ব’ শীর্ষক একটি সেমিনার অত্যন্ত গুরুত্বের সাথে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর নূর মোহাম্মদ। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম। তিনি তাঁর ভাষণে মাদকের নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোকপাত করে বলেন, “মাদক শুধুমাত্র একটি জীবন নয়, বরং একটি সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি উন্নত সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক (Keynote Speaker) হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী-এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি মাদকের ভয়াবহতা, স্বাস্থ্যঝুঁকি এবং আইনি প্রতিকারসমূহ বিস্তারিতভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আফসার উদ্দিন। তিনি মাদকের করাল গ্রাসে নিমজ্জিত ব্যক্তিদের সামাজিক বিচ্ছিন্নতার বিষয়টি আলোকপাত করেন। তিনি বলেন, “মাদকাসক্তি একজন ব্যক্তিকে তিলে তিলে ধ্বংসের পথে নিয়ে যায়। সমাজ ও সভ্য পৃথিবীতে মাদকাসক্ত ব্যক্তিরা ব্রাত্য বা অপাংক্তেয় হয়ে পড়ে; তারা পরিবার ও রাষ্ট্রের জন্য কোনো সম্পদে রূপান্তরিত হতে পারে না। তাই নিজের অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় তরুণ সমাজকে অবশ্যই মাদক পরিহার করতে হবে।”
সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ৫ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
ফেনী ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ শিক্ষা পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
05/05/2026
ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ফেনী ইউনিভার্সিটি, ৫ মে ২০২৬: ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ৩৫ ও ৩৬তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সি-৬০১ নম্বর কক্ষে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ঋতু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী; কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন আহমদ মাহবুব-উল-আলম এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক হাসান মাহমুদ এবং ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক সুদীপ দাস ও ইংরেজি বিভাগের সম্মানিত শিক্ষকরা।
দিনব্যাপী এই আয়োজনে ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সংগঠন 'ECHO' (English Cultural and Humanities Organisation) এর বিদায়ী কমিটির বিদায় অনুষ্ঠান এবং নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম শিক্ষার্থীদের মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ঋতু ঘোষ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি বিভাগের শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ অনুরোধ জানান। এ সময় তিনি এক ব্যতিক্রমী উদ্যোগের কথা তুলে ধরে বলেন, “বিগত কয়েকদিনের প্রচণ্ড দাবদাহ আমাদের জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা স্মরণ করিয়ে দিচ্ছে। এই বিরূপ আবহাওয়া ও পরিবেশগত সংকট মোকাবিলায় একটি সবুজ আগামীর প্রত্যয়ে আমরা আজ অতিথি ও শিক্ষার্থীদের উপহার হিসেবে গাছের চারা, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট তুলে দিয়েছি। পরিবেশ রক্ষার এই লড়াই যেন আমাদের হাত ধরেই শুরু হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।
01/05/2026
প্রেস বিজ্ঞপ্তি
ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘গিটহাব কোপাইলট ডেভ ডে’স’ অনুষ্ঠিত
ফেনী ইউনিভার্সিটি, ৩০ এপ্রিল, ২০২৬: ফেনী ইউনিভার্সিটি ক্যাম্পাসে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী প্রযুক্তিভিত্তিক আয়োজন “গিটহাব কোপাইলট ডেভ ডে’স | ফেনী”। গিটহাব-এর বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এই প্রোগ্রামটি আয়োজন করে ছাত্র-নেতৃত্বাধীন ডেভেলপার কমিউনিটি ডেভ অ্যালায়েন্স ফোর্জ (ডিএএফ)। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল সিএসই অ্যাসোসিয়েশন ফেনী ইউনিভার্সিটি (কাফু)।
‘গিটহাব কোপাইলট ডেভ ডে’স’ মূলত ডেভেলপারদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) কোডিং টুলসের ব্যবহার ও এর উপযোগিতা তুলে ধরার একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এই প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখতে পেরেছেন কীভাবে গিটহাব কোপাইলট ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে কোড লেখা, জটিল ডিবাগিং সম্পন্ন করা এবং আধুনিক প্রোগ্রামিং ধারণাগুলো আয়ত্ত করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মেলাতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তায় পারদর্শী হওয়া অপরিহার্য। এই ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক ক্যারিয়ারের জন্য যোগ্য করে তুলবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক। তাঁরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এমন সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান এবং ডেভ অ্যালায়েন্স ফোর্জ-এর উপদেষ্টা মুহাম্মদ আফসার উদ্দিন। তিনি বলেন, “সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এআই এখন আর কেবল ট্রেন্ড নয়, বরং বাস্তবতা। শিক্ষার্থীদের এখনই আধুনিক টুলসের সাথে পরিচিত হতে হবে যাতে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে।”
ইভেন্টটিতে একটি বিশেষ ‘হ্যান্ডস-অন’ সেশন পরিচালিত হয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি গিটহাব কোপাইলট ব্যবহার করে কোডিং অনুশীলন করেন। সেশন শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষকবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ডেভ অ্যালায়েন্স ফোর্জ (ডিএএফ) আগামীতেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে মিলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এমন কর্মশালা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
27/04/2026
প্রেস বিজ্ঞপ্তি
ফেনী ইউনিভার্সিটিতে ‘ল স্পোর্টস কার্নিভাল ২.০’
ফেনী, ২৭ এপ্রিল ২০২৬: ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক স্পৃহা, পারস্পরিক ভ্রাতৃত্ব এবং ক্রীড়াসুলভ মনোভাবকে সুসংহত করার লক্ষ্যে আজ ২৭ এপ্রিল ২০২৬, সোমবার থেকে শুরু হয়েছে ‘ফেনী ইউনিভার্সিটি ল স্পোর্টস কার্নিভাল ২.০’। তিন দিনব্যাপী এই ক্রীড়া উৎসবটি আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এবারের কার্নিভালে আইন বিভাগের মোট ৮টি ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।
আজ দুপুর ২:৩০ মিনিটে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কার্নিভালের শুভ সূচনা করেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাজীবনে পাঠ্যপুস্তকের পাশাপাশি ক্রীড়াঙ্গনের ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি, নেতৃত্বগুণ এবং শৃঙ্খলার চর্চা বিকশিত করতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. মোঃ মাসুদুল হক চৌধুরী এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক। বক্তৃতায় তাঁরা আইন বিভাগের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের সহকারী পরিচালক হাসান আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সুদীপ দাস, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান, প্রভাষক ও ল স্টুডেন্টস ফোরামের কো-অর্ডিনেটর তানজিলা মুবাশ্বিরা মিতু, প্রভাষক মাধবী পালসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভাগের শতাধিক শিক্ষার্থী।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই কার্নিভালে ছাত্রদের জন্য রয়েছে রোমাঞ্চকর ফুটবল টুর্নামেন্ট এবং ছাত্রীদের জন্য রয়েছে লুডু ও ইউনো প্রতিযোগিতা। । হার-জিত ছাপিয়ে প্রতিটি মুহূর্তকে স্মৃতিময় করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত যেন শিক্ষার্থীদের একতা ও শৃঙ্খলার নতুন উদাহরণ তৈরি করে, এই প্রত্যাশাই রাখছে আয়োজক কর্তৃপক্ষ। ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করছেন।