03/09/2024
সুশিক্ষা আমাদের জীবনে অবিচ্ছেদ্য ভুমিকা পালন করে: আলহাজ্ব আব্দুল মোমিন
সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষিত সমাজ ব্যতীত জীবনমানের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আমাদের দেশে সুশিক্ষার উন্নয়ন ঘটাতে পেরোতে হয়েছে অনেকটা পথ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে শিক্ষার কালো ঘোর অমানিশা, অন্ধকার কেটে এসেছে আলোর পথযাত্রায় সুশিক্ষা। সুশিক্ষা প্রদানে ও শিক্ষাব্যবস্থা নিয়ে আমাদের মহান শিক্ষকদের ভাবতে হবে বলে মনে করি।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর আধুনিক সদর হাসপাতাল মোডে অবস্থিত তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য তুলে ধরেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দারুল আম্বিয়া হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন সাহেব।
এসময় তিনি আরও বলেন, সুশিক্ষাই জাতি ও রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। সুশিক্ষা ছাড়া জাতির অগ্রগতি কল্পনামাত্র। একটি জাতির উন্নতি, অগ্রগতি শিক্ষার উপর নির্ভর করে। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবন সবক্ষেত্রে শিক্ষা আমাদের অবিচ্ছেদ্য ভুমিকা পালন করে। কিন্তু আমাদের দেশের শিক্ষার উপর অনেকেই আঘাত করেছে, নানানভাবে নির্যাতন বৈষম্য করেছে। আমাদের ভাষার উপর আঘাত হেনেছে, শিক্ষার উপর আঘাত হেনেছে, আমাদের অধিকারের উপর আঘাত হেনেছে। সুস্থ জাতি গড়ে তোলবার জন্য যে শিক্ষা প্রয়োজন। তা নেই বললেই চলে। প্রযুক্তির যুগে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নৈতিক, মানবিক জাতি গঠনে সহায়ক এমন শিক্ষানীতি প্রণয়ন করা দরকার। তবেই যারা শিক্ষার জন্য জীবন দিয়েছে, তাদের জীবন স্বার্থক হবে।
মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মোহাম্মদপুর গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুফতি এজহারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাযকিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের ফিন্যান্স ডিরেক্টর মাওলানা মাঈন উদ্দিন, দারুল আম্বিয়া হিফয মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ফারুক আহমদ শামীম।
সভায় সভাপতিত্ব করেন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন।