12/10/2024
#ইতালিতে উচ্চশিক্ষা: স্কলারশিপ, খণ্ডকালীন চাকরিসহ আছে নানা সুযোগ
ইতালিতে আছে বিশ্বের প্রাচীনতম সব বিশ্ববিদ্যালয়
পশ্চিম ইউরোপের প্রাচীন রাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য ইতালিতে আছে বিশ্বের প্রাচীনতম সব বিশ্ববিদ্যালয়। সময়ের বিবর্তনে পুরোনো শিক্ষাব্যবস্থার ক্রমাগত উন্নয়নের পটভূমিতে এগুলো বহন করছে শত বছরের ঐতিহ্য। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা কারিকুলাম ও স্কলারদের অভিজাত ফোরামগুলোতে সুপরিচিত এসব শিক্ষাপ্রতিষ্ঠান। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকা এই বিদ্যাপীঠগুলো হলো পলিটেকনিকো ডি মিলানো (১২৩), স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোম (১৩৪) ও ইউনিভার্সিটি অব বোলোগনা (১৫৪)।
প্রধান ভাষা ইতালিয়ান হলেও ইংরেজির প্রতি গুরুত্ব থাকায় প্রতিবছরই দেশটিতে যেতে ভিড় বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের। বিশেষ করে মিলান, রোম ও তুরিন—ইউরোপের প্রধান শিক্ষার্থীবান্ধব শহরগুলোর মধ্যে অন্যতম।
শিক্ষার পাশাপাশি শেনজেনভুক্ত দেশটির যে ক্ষেত্রটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে, তা হলো পর্যটন। ইউএনডব্লিউটিও (ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন) অনুসারে, বিশ্ব পর্যটন র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান চতুর্থ। এখন পর্যন্ত ইতালিতেই রয়েছে সর্বাধিক সংখ্যক ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (৫৯)। এগুলোর মধ্যে ৫৩টি সাংস্কৃতিকভাবে স্বীকৃত ও ৬টিতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের বিশেষত্ব।
গ্লোবাল পিইও (প্রফেশনাল এমপ্লয়ার অর্গানাইজেশন) সার্ভিসেস ও ফোর্বসের মতে, ইউরোপ অর্থনীতিতে তৃতীয় এবং গোটা বিশ্বে নবম বৃহত্তম দেশ ইতালি। সেই সূত্রে ইন্টার্নশিপ, অন দ্য জব ট্রেনিং ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে দেশটিতে। চলুন ইতালিতে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়, আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপসহ বিস্তারিত জেনে নেওয়া যাক।
#ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় কোনগুলো
পলিটেকনিকো ডি মিলানো, স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোম, ইউনিভার্সিটি অব বোলোগনা, ইউনিভার্সিটি অব পাডুয়া, পলিটেকনিকো ডি তুরিনো, ইউনিভার্সিটি অব মিলানো, ইউনিভার্সিটি অব নেপলস ফেদেরিকো-২, ইউনিভার্সিটি অব পিসা, ইউনিভার্সিটি অব ফ্লোরেন্স ও ইউনিভার্সিটি অব তুরিনো।
জনপ্রিয় কয়েকটি বিষয়
চারুকলা, ফ্যাশন ডিজাইন, ব্যবসা ও ব্যবস্থাপনা, সামাজিক বিজ্ঞান ও মানবিক, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, মেডিসিন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, ফিন্যান্স, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি।
#আবেদনের উপায়
অন্য শেনজেন দেশগুলোর মতো ইতালিও শিক্ষা ক্ষেত্রে দুই সেমিস্টার পদ্ধতি মেনে চলে। প্রথম ভর্তি মৌসুমটি পরিচিত ফল ইনটেক নামে, যার আবেদন কার্যক্রম শুরু হয় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যাবতীয় আবেদন শেষে কোর্স শুরু হয় সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে। এই সময়টিতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো সর্বাধিক সংখ্যক কোর্সে শিক্ষার্থী ভর্তি হন।
স্প্রিং নামের অপর ইনটেকটিতে আবেদন নেওয়া হয় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। এগুলোর সময়সীমা থাকে অক্টোবর থেকে ডিসেম্বর। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ভর্তি শেষ করে কোর্স শুরু হয়।
এখানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য পৃথকভাবে তাদের নিজস্ব ওয়েব পোর্টালে আবেদন করতে হয়। আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র, খরচসহ সুনির্দিষ্ট ডেডলাইনগুলো ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ থাকে। এখানে খেয়াল রাখা উচিত যে একটি বিশ্ববিদ্যালয়ে শুধু একটি বিষয়ে আবেদন জমা দেওয়া যায়।
আরও পড়ুন: দেশের এক-চতুর্থাংশ ইংরেজি শিক্ষকেরই সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা নেই
#প্রি-এনরোলমেন্ট
ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির একটি প্রধান বিষয় হলো প্রি-এনরোলমেন্ট। এটি যেকোনো কোর্সের জন্য আবেদন করার পূর্বশর্ত। এর জন্য শিক্ষার্থীকে ইউনিভার্সইটালি পোর্টালে নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে হয়।
এ সময় পছন্দের বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য ও নির্দেশনা পেতে এর ওয়েবসাইট গবেষণা ও অ্যাডমিশন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অতঃপর নির্বাচিত অধ্যয়ন প্রোগ্রামের জন্য ইউনিভার্সইটালি সাইটে প্রয়োজনীয় সব নথি আপলোড দিতে হবে। এভাবে প্রি-এনরোলমেন্টের অনলাইন আবেদন শেষ করলে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার প্রস্তুতির কাজ শুরু করা হবে।
এ সময় শিক্ষার্থীকে অধ্যয়ন ফি পরিশোধের জরুরি নির্দেশনা দেওয়া হবে। সাধারণত শিক্ষাবর্ষজুড়ে তিন কিস্তিতে এই ফি নেওয়া হয়। প্রথম কিস্তি নেওয়া হয় ভর্তির সময়। পরবর্তী কিস্তিগুলো সুনির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট ইউনিভার্সিটি থেকে জানানো হয়।
#আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
* অনলাইনে পূরণ করা পূর্ণ আবেদনপত্র
* একটি বৈধ পাসপোর্ট
* বিগত শিক্ষাগত যোগ্যতার নথি
* স্নাতক প্রোগ্রামের জন্য হাইস্কুল ডিপ্লোমা বা সমতুল্য সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট
* স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতকের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
* ডক্টরাল প্রোগ্রামের জন্য স্নাতকোত্তরের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
* ভাষার দক্ষতা পরীক্ষার ন্যূনতম স্কোর
* আইইএলটিএসে ৬ বা টোয়েফল আইবিটিতে ৫৯
* মাস্টার্সের জন্য আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ কিংবা টোয়েফল আইবিটি ৭৯
* পিএইচডির জন্য আইইএলটিএস স্কোর ৭ বা টোয়েফল আইবিটি ৯৬
* অধ্যয়ন ফি পরিশোধের রশিদ: তিন কিস্তির ন্যূনতম এক কিস্তি। অধিকাংশ ক্ষেত্রে এটি প্রায় ১২০ ও ১৮০ ইউরোর মধ্যে থাকে, যা ১৫ হাজার ৮৬২ থেকে ২৩ হাজার ৭৯৩ টাকার (১ ইউরো = ১৩২ দশমিক ১৮ বাংলাদেশি টাকা) সমতূল্য।
* সিভি
* স্টেটমেন্ট অব পারপাস
* একাধিক মোটিভেশন লেটার
* মেডিকেল সার্টিফিকেট ও স্বাস্থ্যবিমা
* জিম্যাট বা জিআরই পরীক্ষার ফলাফল (মাস্টার্সের জন্য)
* পোর্টফোলিও: সৃজনশীল ক্ষেত্রে আবেদনকারীদের জন্য
* গবেষণা প্রস্তাব: পিএইচডির জন্য
* যার অধীন গবেষণা করা হচ্ছে, তার সঙ্গে যোগাযোগের তথ্য এবং শিক্ষার্থীর গবেষণার তত্ত্বাবধান করবেন এই মর্মে একটি সম্মতিপত্র
* প্রাসঙ্গিক পাবলিকেশনের সারাংশ (প্রযোজ্য ক্ষেত্রে)
* কাজের অভিজ্ঞতার প্রমাণ, নির্বাচিত কিছু প্রোগ্রামের ক্ষেত্রে
* বিশ্ববিদ্যালয়, কোর্স ও প্রোগ্রাম বিশেষে আরও কিছু দরকারি কাগজ দিতে হতে পারে।