30/06/2026
হোয়াটসঅ্যাপের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে অবশেষে সেই বহু প্রতীক্ষিত ঘোষণাটি এলো, এখন থেকে ফোন নম্বর ছাড়াই কাউকে মেসেজ করা যাবে। শুধু একটি ইউজারনেম (Username) থাকলেই চলবে। এই খবর দেখার সাথে সাথেই টেলিগ্রাম (Telegram) তাদের অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে হোয়াটসঅ্যাপকে এক হাত দেখে নিয়েছে। তারা মনে করিয়ে দিয়েছে যে, ২০১৪ সালেই টেলিগ্রামে ইউজারনেম ফিচারটি ছিল। অর্থাৎ হোয়াটসঅ্যাপ যা ২০২৬ সালে আনল, টেলিগ্রাম তা ১২ বছর আগেই করে দেখিয়েছে।
২০০৯ সালে যখন হোয়াটসঅ্যাপ তৈরি হয়েছিল, তখন ফোন নম্বরই ছিল একমাত্র পরিচয়। কিন্তু এই কনসেপ্টের সবচেয়ে বড় সমস্যা হলো প্রাইভেসির অভাব। কাউকে মেসেজ করতে চাইলে আপনার ব্যক্তিগত ফোন নম্বরটি শেয়ার করতে হয়, যা থেকে স্প্যাম মেসেজ বা হয়রানির সুযোগ তৈরি হয়। বাংলাদেশে এই সমস্যাটি আরও প্রকট। অনেক নারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কারণ নম্বর দিলেই অপরিচিত মানুষের মেসেজ আসা শুরু হয়। ইউজারনেম ফিচারটি এই সমস্যার এক বড় সমাধান।
হোয়াটসঅ্যাপের পুরো আর্কিটেকচার বা গঠনতন্ত্র ফোন নম্বরকে কেন্দ্র করে তৈরি। এন্ড-টু-এন্ড এনক্রিপশন থেকে শুরু করে সবকিছুই নম্বরের সাথে যুক্ত। ৩০০ কোটি ব্যবহারকারীর এই বিশাল সিস্টেমে ইউজারনেম যুক্ত করা মানে হলো বছরের পর বছর পুরনো ইনফ্রাস্ট্রাকচার নতুন করে সাজানো। টেলিগ্রাম বা সিগন্যাল ছোট কোম্পানি হওয়ায় তাদের জন্য এই পরিবর্তন সহজ ছিল, কিন্তু হোয়াটসঅ্যাপের জন্য এটি ছিল এক বিশাল চ্যালেঞ্জ।
নতুন কী কী সুবিধা পাচ্ছেন?
১। ইউজারনেমঃ ৩ থেকে ৩৫ ক্যারেক্টারের মধ্যে আপনি নিজের ইউজারনেম বেছে নিতে পারবেন। এতে ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং পিরিয়ড (.) বা আন্ডারস্কোর (_) ব্যবহার করা যাবে।
২। ইউজারনেম কি (Username Key): এটি একটি ৪-ডিজিটের ঐচ্ছিক কোড। এটি চালু করলে শুধু ইউজারনেম জানলেই কেউ আপনাকে মেসেজ করতে পারবে না, কি-টিও লাগবে। অন্যথায় মেসেজটি 'রিকোয়েস্ট' ফোল্ডারে চলে যাবে।
৩। প্রাইভেসিঃ নতুন কেউ আপনার সাথে যোগাযোগ করলে শুধু ইউজারনেম দেখবে, ফোন নম্বর নয়। তবে আপনার আগের কন্টাক্টরা এখনও আপনার নম্বর দেখতে পাবেন।
কবে নাগাদ বাংলাদেশে আসবে?
হোয়াটসঅ্যাপের এই গ্লোবাল রোলআউটটি ধাপে ধাপে সম্পন্ন হবেঃ
> ৭ জুলাই ২০২৬: আলজেরিয়া, আজারবাইজান, ঘানা, লিবিয়া ও নেপালে শুরু হবে।
> ২০ জুলাই ২০২৬: আরও কিছু দেশে চালু হবে।
> সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ সহ বাকি সব দেশে এটি ব্যবহার করা যাবে।
এই ফিচারটি হোয়াটসঅ্যাপ বিজনেসকেও বদলে দেবে। এতদিন কাস্টমারের নম্বর সংগ্রহ করে মেসেজ করতে হতো, কিন্তু এখন ইউজারনেম থাকলেই বিজনেস অ্যাকাউন্টগুলোর সাথে যোগাযোগ করা সহজ হবে। এতে অ্যানোনিমাস মেসেজিংয়ের সুবিধা বাড়বে এবং টেলিগ্রামের ওপর নির্ভরতা কমবে।
ফোন নম্বরই একমাত্র পরিচয় এই ধারণাটি এখন ধীরে ধীরে সেকেলে হয়ে যাচ্ছে। ১৩ বছর দেরি হলেও, ৩০০ কোটি মানুষের প্রাইভেসির সংজ্ঞা বদলে দিতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
আপনার ইউজারনেম কী হবে তা কি ভেবে রেখেছেন?
-সংগৃহীত