01/12/2020
Time Machine বা Time Travel নিয়ে আপনাদের কি ধারনা? বিজ্ঞান ও প্রযুক্তি যে দ্রুত গতিতে এগিয়ে চলছে তাতে কি আগামী ভবিষ্যতে Time Machine কল্পনার পাতা থেকে বাস্তবে উঠে আসবে? এই যেমন দু দশক আগেও Video Communication ছিল আলিফ-লায়লায় দেখা একটা গোলোক যেখানে কোনো রাক্ষস বা রাক্ষসী তার শিকারকে দেখতে পেত ভুদূর থেকে! কিন্তু সেই আলিফ-লায়লা দেখে বড় হয়ে ওঠা আমি আপনি আজ কিন্তু মোবাইলে video chat করছি!
তেমনি যদি কোনদিন বৈজ্ঞানিকরা time travel কে বাস্তবে নিয়ে আসে? আহা! সে কি মধুর দিন হবে তাই না! একটা বোতাম টিপে দাও আর দুম করে দেখা করে আসো ছেলেবেলার ফেলে আসা প্রেমিকার সাথে, কিংবা আগামি লোকসভায় ভোটের ফলাফলটা আগেভাগেই জেনে নেও - এরকম কত কী!
কি ভাবছেন? time machine টা বেরোলে একটা কিনে একমাসের মত রিচার্জ করিয়ে যা মন চায় করে বেরাবেন? আজ্ঞে না মশায়, সমস্যা অনেক আছে এই মেশিন বেরোলে। আজ তেমনি এক সমস্যা নিয়ে কথা বলব।
এই সমস্যাটি বিজ্ঞানীদের কাছে "Grandfather Paradox" নামে পরিচিত। 1985 এ তৈরী Back To The Future নামের সিনেমাটি এই paradox এর উপর ভিত্তি করে বানান হয়েছিল যদ্দুর জানি।
দেখা যাক কি এই "Grandfather Paradox"?
ধরুন আজ থেকে একশ বছর পরের একটা সময় যখন Time Machine আবিষ্কার হয়ে গেছে। তার মানে যে কেউ তখন চাইলে সময়ের মধ্য দিয়ে আগু-পিছু করতে পারেন। ঠিক যেমন এখন আমরা space এর মধ্য দিয়ে এদিক-ওদিক উপর-নিচে যেতে পারি।
তো সেরকমই এক ভবিষ্যত সময়ের এক হাড়-বজ্জাত ঢ্যামনা ছেলে Time Machine এ করে চলে গেল অতীতে। কতটা অতীতে? ঠিক ততোটা অতীতে যখন তার দাদু ছিল যুবক। মানে বিয়েটাও করেননি আর কি। তো সেই ঢ্যামনা করল কি - তার যুবক দাদুকে খুজতে লাগল। আর ঠিক একদিন পেয়ে গেল তার দাদুকে। দাদু তখন ভবিষ্যতের দিদার সাথে এক পার্কে প্রেমালাপে ব্যস্ত। ওদিকে ওই হারামী ছেলেটা কোথা থেকে একটা বন্দুক জোগাড় করে এনেছিল। আর সেই বন্দুক দিয়ে সে তার সেই যুবক দাদুকে দিল খুন করে!!
যাহ শালা! এটা কি হল??দাদু তো বিয়ে করার আগেই টসকে গেল। আর বিয়েই যদি না হল তো দাদুর ছেলেই বা হবে কি করে? আর দাদুর ছেলেই যদি না জন্মায় তাহলে তার ছেলে মানে আমাদের এই হাড়-হারামী খুনে নাতিটাও বা জন্মাবে কি করে? আর যদি নাতি নাই জন্মায় তাহলে time travel করে অতীতে গিয়ে দাদুকে খুনই বা করল কে???
কি দাদা-দিদিরা? মাথা গুলিয়ে গেল নাকি? তাহলে বুঝতে পারছেন তো Time Machine আবিষ্কার হলে কি ঝামেলায় পরতে হবে সবাইকে। তাই বলি এসব জিনিস যতদিন না আবিষ্কার হয় ততদিনই ভাল।
তবে এসব পড়ে যদি কেউ ভেবে বসেন যে - ধুর মশাই, এই paradox এর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে ওসব Time Machine-টেশিন কোনোদিনও বানানো সম্ভব নয়, তাহলে বলব - আজ্ঞে না দাদা, অন্তত পক্ষে theoretically এই time travel সম্ভব। আইনস্টেইনের Special and General Theory of Relativity কিন্তু সেটাই প্রমান করে। তার হাতে নাতে প্রমান কি বলুন ত? GPS! হ্যা, আমার আপনার হাতে যে মোবাইল আছে তার তাতে যে GPS চলছে সেটা কিন্তু ওই সময়ের হেরফেরের মাধ্যমেই আপনার এই মূহুর্তের অবস্থান সঠিক ভাবে নির্ণয় করছে।
ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে বলি। Special Theory of Relativity বলছে যদি কোন বস্তুর গতিবেগ অনেক বেশি হয় মানে ধরুন আলোর গতিবেগের প্রায় সমান, তাহলে অন্যকোন বস্তুর সাপেক্ষে সেই বস্তুর সময় অতি ধীরে প্রবাহ করবে। মানে ধরুন আপনি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন। আর আপনার বন্ধু ট্রেনের ভিতর রয়েছে এবং তিনি একটা বল নিয়ে উপর দিকে ছুড়ে আবার লুফে নিচ্ছেন। এমতাবস্থায় ট্রেনটা প্রায় আলোর বেগের সমান বেগে আপনাকে অতিক্রম করল। তাহলে আপনি কি দেখবেন? দেখবেন যে ট্রেনের ভিতর সবকিছু যেন slow-motion এ হচ্ছে। মানে আপনার বন্ধুটি যে বলটি উপরের দিকে ছুড়লেন সেটা যেন খুব আস্তে আস্তে হাওয়ায় ভেসে ভেসে উপরে উঠল, তারপর যেন খানিক্ষন হাওয়ায় ভেসে রইল, তারপর খুব ধীরে ধীরে আবার নিচে নেমে এল।
এরকম হওয়ার কারন হল Time Dilation; অর্থাৎ একটি বস্তু যদি অপর একটি বস্তুর সাপেক্ষে চলমান থাকে তাহলে সেই চলমান বস্তুর সময় প্রবাহের হার(Rate of Time flow) কমে যাবে। মানে আপনার কাছে যেটা এক ঘন্টা, সেটা আপনার ওই বন্ধুর কাছে হয়ত দশ মিনিট। তারমানে যদি সেই বন্ধুটি ট্রেনে না থেকে কোন space-ship এ থাকত আর আলোর বেগের প্রায় সমান বেগে পৃথিবী থেকে বেরিয়ে ঘন্টা দশেকের মধ্যে অন্য একটা গ্রহ হয়ে আবার পৃথিবীতে ফিরে আসত, তাহলে সে ফিরে এসে কি দেখত বলুন তো? ফিরে এসে শুন্ত আপনি মারা গেছেন। শুধু আপনি কেন; আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে এরকম কয়েক প্রজন্ম শেষ হয়ে গেছে। কারন সেই বন্ধুর ঘড়িতে যতক্ষনে দশ ঘন্টা হয়েছিল, পৃথিবীতে ততক্ষনে হয় দুশ বছর পেরিয়ে গেছে।
(এখানে একটা কথা বলে রাখা দরকার বলে আমার মনে হয়, যদিও সেটা তথাকথিত বিজ্ঞানের আওতায় পরে না। মহাভারত সহ কয়েকতটি mythological literature এ এই Time Dilation এর উল্লেখ পাওয়া যায়। মহাভারতের একটি পর্ব যেখানে কুকুদ্মি ব্রক্ষ্মার সাথে স্বর্গে দেখা করতে যান এবং সেখানে কিছু সময় ব্যয় করে যখন পৃথিবী ফিরে আসেন তখন দেখেন যে সেখানে অনেক বছর কেটে গেছে।)
তাহলে কথা হল - প্রাত্যহিক জীবনে আমরা এই Time Dilation প্রত্যক্ষ করি না কেন? কারন হল - প্রাত্যাহিক জীবনে আমরা যে সব চলমান বস্তু দেখি তাদের সবারই গতিবেগ আলোর গতিবেগের তুলনায় খুউউউব কম, তাই যে পরিমান Time Dilation হয় সেটা আমাদের পাপী চোখে ধরা পরে না।
ঠিক তেমনি General Theory of Relativity এর মাধ্যমে দেখান যায় যে অভিকর্ষ বল ও এই Time Dilation ঘটাতে পারে। যে বস্তুর উপর অভিকর্ষ বলের প্রভাব যত কম তার সময় তত তাড়াতাড়ি প্রাবাহিত হয় মানে Rate of Time Flow বেড়ে যায়।
এখন আপনি হয়ত বলছেন যে - অনেক হয়েছে মশাই, এবার আপনি GPS নিয়ে কি একটা বলছিলেন সেখানে আসুন। হ্যা দাদা, ওটা বলতেই ত এতগুলান কথা বলা আর কি।
হ্যা যা বলছিলাম - তা এই GPS যে কতগুলান স্যাটেলাইটের দ্বারা নিয়ন্ত্রিত হয় সে সক্কলেই জানেন আমি জানি। আর এই স্যাটেলাইটের ভিতর রয়েছে atomic clock যা খুব সুক্ষ সময়েরও হিসেব রাখতে পারে। এখন কথা হচ্ছে গিয়ে এই স্যাটেলাইটগুলো রয়েছে পৃথিবী থেকে অনেক উচুতে , ফলে পৃথিবীর অভিকর্ষ বলের টান খুব কম এগুলোর উপর। আবার মালগুলো শালা ঘুরছেও বিশাল বেগে, প্রায় 9000 mph এ। সব মিলিয়ে এদের ক্ষেত্রে Time Dilation এর মানটা নেহাত ফেলনা নয় - মোটামুটি 8 millisecond এর মত সময়কে বেকিয়ে দেয় এরা। আর এই যে বেকে যাওয়া সময়টা হিসাবের মধ্যে ধরেই কিন্তু GPS বলে দেয় যে এই মূহুর্তে আপনি ঠিক কোন জায়গাতে আছেন। যদি এই 8 millisecond এর হিসেবটা GPS এর algorithm এ না থাকত তাহলে নাকি আপনার অবস্থান নির্ণয়ে 10 km এর মত জল মিশে যেত! ভাবুন একবার, আপনি রয়েছেন শিয়ালদা চত্বরে আর আপনার ক্যাব বুক হল পার্ক সার্কাস লোকেশনে!
তা এতকিছু বলার একটাই উদ্দেশ্য - এই যে সময়কে দুমড়িয়ে মুচরিয়ে দেওয়া - সেটা কিন্তু এখন আর একেবারেই অলীক কল্পনা নয়। আর Time Machine বানাতে গেলে সময়কে আরো বেশি করে দুমড়িয়ে মুচড়িয়ে দিতে হবে বৈজ্ঞানিকদের। আর সেটা করতে কিন্তু উঠে পরে লেগে গেছে বিজ্ঞানীরা বহুদিন হল। কিন্তু প্রশ্ন সেই একটাই - আমার নাতি না নাতনি যদি ভবিষ্যতে থেকে এখান এসে আমাকে মেরে দিয়ে যায় তাহলে তারা ভবিষ্যাতে জন্মাবে কি করে?