20/04/2026
আসসালামু আলাইকুম। আশা করি তোমাদের প্রস্তুতি ভালোই চলছে। আগামীকাল থেকে তোমাদের এসএসসির শেষ ধাপ শুরু হতে যাচ্ছে। প্রথম প্রশ্নপত্রটি দেখার পর আর যাই হোক, সবার মনেই একটা ভয় কাজ করবে যে— "আমি যে উত্তরটা দেব, সেটা সঠিক হবে তো?" বা এই ধরনের আরও অনেক ভয়।
পরীক্ষা শুরু হওয়ার আগে এইটুকু মনে রাখবে যে, আমি যতই মানসিক চাপে বা ভয়ে থাকি না কেন, আমার এই পরীক্ষার ফলাফল আল্লাহ ইতোমধ্যে নির্ধারণ করে রেখেছেন। যখন প্রশ্নপত্র পাবে, তখন এমনটা ভাববে না যে আমি কিছুই পারব না। এইটুকু মনে রাখবে— "এখন লিখতে থাকি, পরেরটা পরে দেখা যাবে।" প্রশ্ন কঠিন হলেও তোমরা তোমাদের পড়াশোনা এবং অভিজ্ঞতা থেকে তা সমাধান করবে। আল্লাহ আমাদের সবার জন্য ভালো কিছুই লিখে রেখেছেন।
অনেকে হয়তো আগামীকাল রোল বা রেজিস্ট্রেশন নম্বর লিখতে ভুল করবে। ভুল হলে সাথে সাথে শিক্ষককে বলবে। শিক্ষক তোমাদের সমস্যাটি সমাধান করে দেবেন। মনে রাখবে, রোল বা রেজিস্ট্রেশন নম্বরের মধ্যে যেকোনো একটি সঠিকভাবে লিখলেও তোমাদের রেজাল্ট আসবে, তাই সামান্য ভুলে দুশ্চিন্তা করবে না। সবকিছু গুছিয়ে নিয়েছ কি না, তা আগের রাতেই দেখে নেবে। আর পরীক্ষার হলে অন্তত ৩০ মিনিট আগে প্রবেশ করবে। ভেতরে গিয়ে আশেপাশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে।
আগামীকাল বের হওয়ার আগে অবশ্যই কিছু খেয়ে বের হবে। তবে এমন খাবার এড়িয়ে চলবে যা পরে শারীরিক সমস্যার কারণ হতে পারে। চুইংগাম চিবাতে চিবাতে পরীক্ষা হলের দিকে যেতে পারো, কারণ এটি আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। তবে হলে ঢোকার আগেই তা ফেলে দেবে। মা এবং বাবার দোয়া নিয়ে পরীক্ষা দিতে বের হবে।
ইনশাআল্লাহ, আল্লাহ তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ করবেন এবং সবাইকে ভালো ফলাফল দান করবেন।
best wishes to all ssc students from team EyeQ.