13/05/2026
চীনা ভাষায় রবীন্দ্রসমগ্র
রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার প্রতি চীনের মানুষের গভীর অনুরাগ রয়েছে এবং তাঁর সমগ্র সাহিত্যই চীনা ভাষায় অনূদিত হয়েছে।
বিশ্বকবির ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১৬ সালে চীনের গণ প্রকাশনালয় ৩৩ খণ্ডে তাঁর পূর্ণাঙ্গ রচনাবলি প্রকাশ করে। এটিই প্রথম প্রকাশনা যেখানে কবির সাহিত্যকর্ম ইংরেজি বা অন্য কোনো মাধ্যম ছাড়াই সরাসরি মূল বাংলা থেকে চীনা ভাষায় অনুবাদ করা হয়।
৩৩ খণ্ডের পূর্ণাঙ্গ রচনাবলির প্রধান সম্পাদক অধ্যাপক তোং ইউ ছেন। এ বিশাল অনুবাদ কাজে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রবীন অনুবাদক পাই খাই ইউয়ান, শি চিং উ, চুং শাও লি, ফেং শিউ ছিয়ান এবং প্রয়াত অধ্যাপক লি ইউয়ান শান-এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তাঁরা চীনে বাংলা সাহিত্য চর্চা বিশেষ করে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম অনুবাদে অতুলনীয় অবদান রেখেছেন। নবীন অনুবাদকের মধ্যে ইয়ু কুয়াং ইউয়ে, ইয়াং ওয়েই মিং, ছাও ইয়ান হুয়া ও ছাই ইউয়ে উল্লেখযোগ্য রবীন্দ্র সাহিত্য চীনা ভাষায় অনুবাদ করছেন।