Symposium Insight

Symposium Insight

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Symposium Insight, Education, Dhaka.

Symposium Insight
A Realistic Platform for Job Preparation
by Hosen A Ali
BCS (Administration), 43rd Batch
Former Lecturer, BRAC University
BSc in Mechanical Engineering, BUET
MS in Biomedical Engineering, DU
MSS in Development Studies, JU

17/04/2026

ইরান-মার্কিন সংকটের বাস্তববাদী তাত্ত্বিক বিশ্লেষণ:

আমরা আজ এমন এক বিশ্ব ব্যবস্থার সাক্ষী, যেখানে বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দু অত্যন্ত দ্রুততার সাথে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার একক পরাশক্তির তকমা হারাচ্ছে। বিশ্ব রাজনীতির এই পালাবদলের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং একটি বহুমেরুকেন্দ্রিক বিশ্বের অনিবার্য উত্থান। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায়, একটি ক্ষয়ে যাওয়া পরাশক্তি বা 'হেজিমন' যখন তার আধিপত্য হারাতে বসে, তখন তার আচরণে এক ধরনের অস্থিতিশীল ও মরিয়া ভাব ফুটে ওঠে। আসন্ন এই আলোচনায় আমরা যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি, সিদ্ধান্ত গ্রহণে যৌক্তিকতার অভাব এবং বৈশ্বিক আধিপত্য টিকিয়ে রাখার ব্যর্থ প্রচেষ্টাকে একাডেমিক তত্ত্ব ও পরিভাষার সাহায্যে বিশ্লেষণ করব।

১. Failure of the 'Rational Actor Model'
আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম প্রধান একটি ধারণা হলো Rational Actor Model বা যৌক্তিক রাষ্ট্রীয় আচরণ মডেল । এই তত্ত্ব অনুযায়ী, একটি রাষ্ট্র সর্বদা তার জাতীয় স্বার্থ সর্বোচ্চ করার লক্ষ্যে অত্যন্ত হিসাব-নিকাশ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণে এই যৌক্তিকতার চরম অভাব রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হয়েছে মূলত যুক্তরাষ্ট্রের 'ক্যাপিচুলেশন' বা সম্পূর্ণ আত্মসমর্পণের শর্ত জুড়ে দেওয়ার কারণে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরোপ করার সিদ্ধান্তটি আপাতদৃষ্টিতে অত্যন্ত অযৌক্তিক এবং অসংলগ্ন। ডোনাল্ড ট্রাম্পের আচরণে ধারাবাহিকতার অভাব স্পষ্ট; একদিকে তিনি একটি সভ্যতা ধ্বংসের হুমকি দিচ্ছেন, আবার পরক্ষণেই যুদ্ধবিরতির ঘোষণা আসছে, এবং এর পরপরই লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ শুরু হচ্ছে।
বাস্তববাদে সর্বোচ্চ দাবি বা Maximalist Approach বলতে এমন এক কূটনৈতিক অবস্থানকে বোঝায় যেখানে কোনো ছাড় দিতে অস্বীকৃতি জানানো হয়। যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের কাছে এমনই অবাস্তব দাবি পেশ করছে। ট্রাম্প বিশ্বাস করেন যে তিনি হুমকি-ধামকি, বোমাবর্ষণ এবং আস্ফালনের মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত ফলাফল আদায় করতে পারবেন, যা মূলত এক ধরনের বিভ্রম বা Delusion। এছাড়া, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার ইসরায়েলের নিজস্ব এজেন্ডা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ইসরায়েল কোনো যুদ্ধবিরতি চায় না, বরং তারা ইরানের সম্পূর্ণ ধ্বংস কামনা করে। মিত্রদের এমন চরমপন্থি লক্ষ্যের সাথে যুক্তরাষ্ট্রের অন্ধ একাত্মতা যৌক্তিক কূটনীতির পরিপন্থী।

২. পররাষ্ট্রনীতিতে বিপ্রাতিষ্ঠানিকীকরণ বা Deinstitutionalization
একটি শক্তিশালী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সাধারণত সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। একে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ব্যুরোক্রেটিক পলিটিক্স মডেল বলা হয়। এই মডেলে পেন্টাগন, CIA, বিচার বিভাগ এবং পররাষ্ট্র দপ্তরের মতো প্রতিষ্ঠানগুলো তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিকল্প নির্ধারণের মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছায়।
অধ্যাপক জেফরি স্যাক্স অত্যন্ত জোরালোভাবে দাবি করেছেন যে, বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ভয়াবহ মাত্রায় বিপ্রাতিষ্ঠানিকীকরণ ঘটেছে। একটি স্বাভাবিক প্রক্রিয়ায় যেখানে মেমো, ফাইল, আমলাতন্ত্র এবং বিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথা, সেখানে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এবং তার চারপাশের কয়েকজন স্তাবক মিলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিচ্ছেন। ১৯৬২ সালে কিউবান মিসাইল ক্রাইসিসের সময় প্রেসিডেন্ট কেনেডির 'এক্সিকিউটিভ কমিটি' যেভাবে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কাজ করেছিল, বর্তমান প্রশাসনে তার ছিটেফোঁটাও নেই। এমনকি এই প্রাতিষ্ঠানিক অবক্ষয় কেবল বর্তমান ট্রাম্প প্রশাসনের মধ্যেই সীমাবদ্ধ নয়। পূর্ববর্তী বাইডেন প্রশাসনের সময়ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না, যা তার ঘনিষ্ঠজনরা গোপন রেখেছিলেন। তখন হোয়াইট হাউস মূলত পরিচালিত হতো প্রেসিডেন্টের স্ত্রী এবং গুটিকয়েক রাজনৈতিক উপদেষ্টার দ্বারা, যা কাঠামোগত দুর্বলতারই একটি বড় প্রমাণ। এটি প্রমাণ করে যে, আমেরিকার মতো একটি প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যখন সর্বোচ্চ ব্যক্তি অযোগ্য বা অক্ষম হয়ে পড়েন, তখন ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলোকে পাশ কাটানো হয়।

৩. মানসিক অস্থিতিশীলতা এবং 'ওয়ান-পার্সন শো'
নেতৃত্বের স্তরে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ভূ-রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণকে "একজন বিভ্রান্ত বৃদ্ধের অযোগ্যতা" হিসেবে আখ্যায়িত করছেন বিশ্লেষকরা। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গভীর রাতে যেসব অসংলগ্ন পোস্ট করেন তা একজন রাষ্ট্রপ্রধানের মানসিক অস্থিতিশীলতারই পরিচায়ক। যেমন নিজেকে যিশু খ্রিস্টের সাথে তুলনা করা বা অত্যন্ত অশালীন ভাষায় কূটনীতি পরিচালনা করা। যেখানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মতো আইনী কাঠামোর যুদ্ধ ও শান্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেখানে ট্রাম্পের ভয়ে তার নিজ দলের নেতারাও নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। একটি পরাশক্তির রাষ্ট্রযন্ত্র যখন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার বদলে একজন ব্যক্তির খেয়ালখুশির ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন বৈশ্বিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।

৪. অপেশাদারিত্ব, দুর্নীতি এবং কাঠামোগত দুর্বলতা
একটি সাম্রাজ্য বা হেজিমন যখন পতনের দিকে ধাবিত হয়, তখন তার আমলাতন্ত্র ধীর, দুর্নীতিগ্রস্ত এবং সংস্কারের প্রতি অনীহা প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা চরমভাবে দুর্নীতিগ্রস্ত, যেখানে অর্থের বিনিময়ে পদ কেনা যায় এবং শীর্ষ পদগুলোতে পেশাদার ও মেধাবীদের বদলে অযোগ্য ও অপেশাদার ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। উদাহরণস্বরূপ, আন্তর্জাতিক বাণিজ্যে ট্রাম্পের কোনো আনুষ্ঠানিক শিক্ষা বা ধারণা না থাকা সত্ত্বেও তিনি হাওয়ার্ড লুটনিক (Howard Lutnik) এবং পিটার নাভারো-এর মতো অযোগ্য ও কট্টর সংরক্ষণবাদী ব্যক্তিদের দিয়ে চীনের সাথে বাণিজ্য যুদ্ধ পরিচালনা করেছেন। একইভাবে, বর্তমান ইরান এবং ইউক্রেন নীতিও অপেশাদারদের দ্বারা পরিচালিত হচ্ছে। CIA বাদে প্রায় পুরো মার্কিন সরকার কাঠামোতেই এই অতি-রাজনীতিকরণ এবং অযোগ্যদের আধিপত্য দেখা যাচ্ছে।

৫. বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান এবং হেজিমনিক পতন
এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক দিকটি হলো হেজিমনিক পতন এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বাস্তবতা। স্নায়ুযুদ্ধের পর যুক্তরাষ্ট্র একটি একমেরু বিশ্বের অধিপতি হিসেবে আবির্ভূত হয়েছিল। কিন্তু বর্তমানে চীন এবং রাশিয়ার উত্থানের ফলে বিশ্বব্যবস্থা একটি বহুমেরুকেন্দ্রিক কাঠামোতে রূপ নিয়েছে। অধ্যাপক স্যাক্সের মতে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কাঠামোগত ব্যর্থতা হলো এই "বহুমেরুকেন্দ্রিক বিশ্বকে স্বীকার করে নিতে না পারা"। যুক্তরাষ্ট্র এখনও মনে করে যে তারা বিশ্বের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী নিয়ে যা খুশি তাই করতে পারে এবং সবাই তাদের দাবি ১০০% মেনে নিতে বাধ্য । কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

চীনের ক্ষেত্রে ভুল হিসাব: যুক্তরাষ্ট্র ভেবেছিল সেমিকন্ডাক্টর সরবরাহ বন্ধ করে দিলে চীনের অর্থনীতি ধসে পড়বে । কিন্তু চীন পাল্টা আঘাত করে প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের এই ধারণা ভুল।

রাশিয়ার ক্ষেত্রে ভুল হিসাব: ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ধারণা ছিল যে সুইফট (SWIFT) থেকে বহিষ্কার এবং নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতি এক সপ্তাহের মধ্যে ধ্বংস হয়ে যাবে এবং যুদ্ধক্ষেত্রে তারা পরাজিত হবে। কিন্তু বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত হয়েছে।

ইরানের ক্ষেত্রে ভুল হিসাব: ইরানকে একটি ভঙ্গুর রাষ্ট্র ভেবে যুক্তরাষ্ট্র শাসনব্যবস্থা পরিবর্তনের (Regime Change) স্বপ্ন দেখেছিল এবং ভেবেছিল বিমান হামলা দিয়েই তাদের পরাজিত করা সম্ভব। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে যে, সামরিকভাবে ইরানকে পরাজিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় । ইরান নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে অত্যন্ত দৃঢ় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে।
এই প্রতিটি ঘটনাই প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র তার বিশাল Relative Power হারিয়েছে এবং বর্তমানে তারা তাদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে হাত-পা ছুঁড়ছে ।

এটি স্পষ্ট যে, ইরান-মার্কিন সংঘাত বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি ক্ষয়িষ্ণু পরাশক্তির ভূ-রাজনৈতিক ব্যর্থতার একটি বৃহত্তর চিত্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আজ প্রাতিষ্ঠানিক প্রজ্ঞার বদলে অপেশাদারিত্ব, ব্যক্তিগত বিভ্রম এবং ক্ষমতা হারানোর আতঙ্কের দ্বারা পরিচালিত হচ্ছে । বহুমেরুকেন্দ্রিক এই নতুন বিশ্ব ব্যবস্থায় অন্য পরাশক্তি এবং রাষ্ট্রগুলোর সাথে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে কোনো বিকল্প নেই। কিন্তু যতোক্ষণ পর্যন্ত ওয়াশিংটনের নীতিনির্ধারকরা এই বাস্তবতা অনুধাবন করতে ব্যর্থ হবেন এবং পেশিশক্তির অহংকারে মত্ত থাকবেন, ততোক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ কিংবা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অধরাই থেকে যাবে। ভূ-রাজনীতির ইতিহাসে বৃহৎ সাম্রাজ্যগুলোর পতনের যে সাধারণ প্রবণতা দেখা যায়, যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণ তারই এক ক্লাসিক উদাহরণ।

13/04/2026

পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা এবং মার্কিন আধিপত্যের সংকট

স্নায়ুযুদ্ধের অবসানের পর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হয়েছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আবির্ভূত হয় একক পরাশক্তি হিসেবে। আন্তর্জাতিক রাজনীতির ভাষায় একে বলা হতো 'একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা' বা Unipolar World। কিন্তু একুশ শতকের দ্বিতীয় দশকে এসে, বিশেষ করে ২০১৭ সালের পর থেকে, এই দৃশ্যপট দ্রুত বদলাতে শুরু করে। প্রখ্যাত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও Offensive Realism-এর প্রবক্তা জন মেয়ারশাইমার যেমনটি বলেন, বিশ্ব এখন আর কারও একক আধিপত্যে নেই; বরং এটি একটি বহুমেরুভিত্তিক বিশ্বব্যবস্থায় বা Multipolar World Order-এ প্রবেশ করেছে। এখানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন এবং রাশিয়াও সমান প্রভাব নিয়ে বিশ্বমঞ্চে অবস্থান করছে।

এই তত্ত্বের সবচেয়ে বড় এবং সাম্প্রতিকতম প্রমাণ হলো ইরান যুদ্ধ। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত বিপর্যয় তাদের বৈশ্বিক মিত্রতা এবং পরাশক্তির ইমেজকে এক নজিরবিহীন সংকটের মুখে দাঁড় করিয়েছে। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন আধিপত্যের এই সংকটকে আমরা কয়েকটি দৃষ্টিকোণ থেকে খুব সহজেই বিশ্লেষণ করতে পারি।

১. Power Projection বা শক্তি প্রদর্শনের সংকট:
আন্তর্জাতিক রাজনীতিতে শুধু বিশাল সেনাবাহিনী বা শক্তিশালী অর্থনীতি থাকলেই চলে না; সেই শক্তিকে বিশ্বের যেকোনো প্রান্তে কতটা কার্যকরভাবে প্রয়োগ করা যাচ্ছে, সেটাই আসল। একে বলা হয় 'পাওয়ার প্রজেকশন'। একটু ইতিহাসের দিকে তাকালে দেখবেন, ভিয়েতনাম যুদ্ধে (১৯৫৫-১৯৭৫) আমেরিকা পরাজিত হলেও তাদের মূল সামরিক শক্তি (Material power) খুব একটা কমেনি। কিন্তু বিশ্ববাসীর কাছে তাদের 'অজেয়' ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছিল। সাম্প্রতিক ইরান যুদ্ধের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। ইরানে মার্কিন বাহিনীর বিপর্যয় তাদের সামরিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস না করলেও, বিশ্বব্যাপী তাদের শক্তি প্রদর্শনের দম্ভকে চূর্ণ করে দিয়েছে। সহজ কথায়, পৃথিবী এখন দেখছে যে আমেরিকাকেও হারানো সম্ভব। আর এই মনস্তাত্ত্বিক বিজয়ের সরাসরি সুবিধা পাচ্ছে চীন ও রাশিয়া।

২. NATO-তে ফাটল এবং আস্থার সংকট:
১৯৪৯ সালে গঠিত ন্যাটো জোট গত সাত দশক ধরে পশ্চিমা নিরাপত্তার মূলভিত্তি হিসেবে কাজ করেছে। কিন্তু ইরান যুদ্ধ এই জোটে বড় ধরনের ফাটল ধরিয়েছে। খেয়াল করে দেখবেন, যুদ্ধে নিজেদের কৌশলগত ব্যর্থতা ঢাকতে বর্তমান মার্কিন প্রশাসন মিত্রদের ওপর দোষ চাপাচ্ছে। আমেরিকার অভিযোগ—ইউরোপীয় মিত্ররা যদি মধ্যপ্রাচ্যে তাদের নৌবাহিনী পাঠিয়ে সহায়তা করত, তবে হয়তো এই পরাজয় এড়ানো যেত। এই 'ব্লেইম গেইম' ইউরোপের মনে গভীর আস্থার সংকট তৈরি করেছে। ফলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর প্রস্তাবিত Strategic Autonomy বা নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা নিজেরা গড়ে তোলার ধারণাকে এখন ইউরোপীয় নেতারা আরও সিরিয়াসলি নিচ্ছেন। তারা বুঝতে পারছেন, বিপদের দিনে মার্কিন ছাতার নিচে আর ১০০ ভাগ নিরাপদ থাকা সম্ভব নয়।

৩. ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার ভূ-কৌশলগত পুনরুত্থান:
একই সাথে দুটি ফ্রন্টে যুদ্ধ করা যেকোনো পরাশক্তির জন্যই আত্মঘাতী। ইরান যুদ্ধে জড়ানোর ফলে যুক্তরাষ্ট্রকে তাদের ফোকাস এবং বিপুল সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নিতে হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ইউক্রেন যুদ্ধে। অস্ত্রের অভাবে ইউক্রেন যখন ধুঁকছে, রাশিয়া ঠিক সেই সুযোগটি কাজে লাগিয়ে রণক্ষেত্রে নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছে। অন্যদিকে, ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এড়াতে পশ্চিমাদের বাধ্য হয়েই রাশিয়ার তেলের ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কার্যত অকেজো হয়ে পড়েছে এবং তাদের অর্থনীতি নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে।

৪. এশিয়া-প্যাসিফিকে ক্ষমতার শূন্যতা ও চীনের উত্থান:
২০১১ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য রুখতে Pivot to Asia নীতির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ইরান যুদ্ধের ডামাডোলে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে এই অঞ্চল থেকে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে। এই শূন্যতার সুযোগে চীন দক্ষিণ চীন সাগর এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের কাজটা আরও নির্বিঘ্নে করতে পারছে। শুধু তাই নয়, ইরান যুদ্ধে আমেরিকার নাজেহাল অবস্থা দেখে জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো এশীয় মিত্ররাও এখন মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতির বা Security Umbrella-এর ওপর ভরসা হারাচ্ছে।

৫. মধ্যপ্রাচ্যে Pax Americana-এর অবসান:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে একচ্ছত্র প্রভাব ছিল, যাকে 'প্যাক্স আমেরিকানা' বলা হতো, ইরান যুদ্ধের মাধ্যমে মূলত তার কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে। উপসাগরীয় দেশগুলো (যেমন: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত) এখন পরিষ্কার বুঝতে পারছে যে, মার্কিন বলয়ের ওপর নির্ভর করে বসে থাকার দিন শেষ। তাই তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করছে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় চিরশত্রু সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ছিল এই পরিবর্তনের একটি বড় উদাহরণ। আমেরিকা যখন যুদ্ধে ব্যস্ত, চীন তখন এই অঞ্চলে শান্তিরক্ষক হিসেবে আবির্ভূত হয়ে মার্কিন আধিপত্যের জায়গাটি দখল করে নিচ্ছে।

আন্তর্জাতিক রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শক্তির দম্ভ, আন্তর্জাতিক আইনের অবমূল্যায়ন এবং মিত্রদের ছুড়ে ফেলার মানসিকতা মার্কিন যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে একাকী করে দেবে। বিশ্ব এখন স্পষ্টতই একটি বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে হাঁটছে, যেখানে আগামী দিনের নেতৃত্ব তাদের হাতেই থাকবে, যারা শক্তির পাশাপাশি কৌশলগত মিত্রতা বা Strategic Alliances ধরে রাখতে জানবে।

12/04/2026

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা কেন ব্যর্থ হলো?

আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী (Realist) দৃষ্টিকোণ থেকে দেখলে, যেকোনো শান্তি চুক্তি কেবল তখনই সফল হয় যখন বিবদমান দুই পক্ষের শক্তির ভারসাম্য এবং পারস্পরিক আস্থার একটি নূন্যতম ভিত্তি থাকে। ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ২১ ঘণ্টার ম্যারাথন শান্তি আলোচনার ব্যর্থতা মূলত এই দুটি উপাদানেরই চরম ঘাটতির প্রমাণ।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লব এবং তেহরানে মার্কিন দূতাবাস সংকটের পর, এটিই ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রত্যক্ষ আলোচনা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধ ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহকে বিপর্যস্ত করে মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। চলমান দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার লক্ষ্যে এই আলোচনা শুরু হলেও, শেষ পর্যন্ত কোনো পক্ষই চুক্তিতে পৌঁছাতে পারেনি। আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে, এই আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে ৫টি প্রধান ভূ-রাজনৈতিক ও কৌশলগত কারণ রয়েছে।

১. অনড় অবস্থান এবং পারমাণবিক অচলাবস্থা:
যেকোনো সফল কূটনীতির প্রথম শর্ত হলো ছাড় দেওয়ার মানসিকতা, যা ইসলামাবাদে একেবারেই অনুপস্থিত ছিল। মার্কিন প্রতিনিধি দলের প্রধান, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের স্পষ্ট দাবি ছিল—ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে চিরতরে সরে আসতে হবে। অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এই দাবিকে ‘অযৌক্তিক ও একপেশে’ বলে প্রত্যাখ্যান করে। তারা বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলই বেসামরিক কাজের জন্য। যুক্তরাষ্ট্র তাদের ১৫-দফা চূড়ান্ত প্রস্তাব দিলেও, ইরান কোনো ছাড় দিতে রাজি হয়নি। মূলত, ইরান মনে করে অর্থনৈতিক চাপ সহ্য করার সক্ষমতায় তারা যুক্তরাষ্ট্রের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

২. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ:
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেলের সরবরাহ যে পথ দিয়ে হয়, সেই হরমুজ প্রণালী গত ২৮ ফেব্রুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। এটি তাদের সবচেয়ে বড় 'কৌশলগত ট্রাম্পকার্ড'। যুক্তরাষ্ট্রের প্রধান দাবি ছিল এই প্রণালীটি অবিলম্বে খুলে দেওয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর বা অবরোধ করারও হুমকি দেন। কিন্তু ইরান এই প্রণালীকে নিজেদের সার্বভৌমত্বের অংশ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিপরীতে প্রধান দরকষাকষির হাতিয়ার হিসেবে দেখছে। তারা পশ্চিমা নিষেধাজ্ঞার অবসান এবং নিরাপত্তা গ্যারান্টি ছাড়া এই জলপথ খুলে দিতে নারাজ।

৩. ইসরায়েলের লেবানন আক্রমণ ও প্রক্সি যুদ্ধের সমীকরণ:
ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, ঠিক তখনই ইরানের ‘অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স’-এর অন্যতম প্রধান শক্তি হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে আক্রমণ অব্যাহত রেখেছিল ইসরায়েল। ইরানের দাবি ছিল, শান্তি চুক্তির পূর্বশর্ত হিসেবে ইসরায়েলকে এই আক্রমণ থামাতে হবে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন যে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলকে ‘গণহত্যার’ দায়ে অভিযুক্ত করে একটি পোস্ট দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। আঞ্চলিক এই প্রক্সি যুদ্ধ চলমান থাকায় ইরানের পক্ষে চুক্তিতে আসা অসম্ভব হয়ে দাঁড়ায়।

৪. হুমকিনির্ভর কূটনীতি ও বৈরী পরিবেশ:
কূটনীতিতে আস্থার পরিবেশ অপরিহার্য, কিন্তু আলোচনার ঠিক আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ হুমকির নীতি (Maximalist approach) পরিবেশকে আরও বিষাক্ত করে তোলে। চুক্তি না হলে "পুরো সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে"—ট্রাম্পের এমন আগ্রাসী হুমকিকে ইরান কূটনীতির বদলে ‘চাপ প্রয়োগের ফাঁদ’ হিসেবে বিবেচনা করেছে। ফলে, তেহরানের প্রতিনিধিরা চরম অবিশ্বাস নিয়ে আলোচনার টেবিলে বসেছিলেন।

৫. ঐতিহাসিক আস্থার সংকট:
মূলত এই আলোচনার কফিনে শেষ পেরেকটি ছিল দুই দেশের মধ্যকার ঐতিহাসিক আস্থার সংকট। ১৯৫৩ সালে CIA কর্তৃক ইরানের নির্বাচিত সরকার মোসাদেককে ক্ষমতাচ্যুত করা, ১৯৭৯ সালের বিপ্লব এবং সাম্প্রতিক সময়ে ২০১৫ সালের পরমাণু চুক্তি (JCPOA) থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়া—এই দীর্ঘ ইতিহাস ইরানের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। ইরানি মধ্যস্থতাকারী গালিবাফের কথায় এটিই প্রতিফলিত হয়েছে, "আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমরা প্রতিপক্ষকে বিশ্বাস করি না।" এর আগে জেনেভায় ইতিবাচক আলোচনার পরপরই ২৮ ফেব্রুয়ারি যেভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালিয়েছিল, তার কারণে আমেরিকার যেকোনো প্রস্তাবকেই ইরান এখন সামরিক আক্রমণের পূর্বপ্রস্তুতি বা 'ফাঁদ' হিসেবে মনে করে।

সামনে কী ঘটতে যাচ্ছে?
আগামী ২২ এপ্রিল চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় সামনের দিনগুলোতে নিম্নোক্ত পরিস্থিতিগুলো তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে:

Strategic Deadlock: ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (INSS)-এর বিশ্লেষকদের মতে, উভয় পক্ষই মনে করছে এই যুদ্ধে তারা জয়ী হয়েছে এবং তাদের হাতে পর্যাপ্ত সময় আছে। যুক্তরাষ্ট্রের দাবি আর ইরানের নিজস্ব সক্ষমতার অহংকারের এই ফারাক একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অচলাবস্থার জন্ম দেবে।
হরমুজ প্রণালীতে নৌ-সংঘাতের শঙ্কা: ট্রাম্প ইতোমধ্যে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধের হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানও বলেছে, এটি তাদের 'শিকারের জায়গা'। ফলে, সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে সীমিত আকারের নৌ-সংঘাত বা 'ট্যাকটিক্যাল ক্ল্যাশ' হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

অর্থনৈতিক অস্থিতিশীলতা: এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম আরও বৃদ্ধি পাবে, যা বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

সীমিত ও পারষ্পরিক চুক্তি :*সরাসরি কোনো বড় ধরনের চুক্তির বদলে, হয়তো পর্দার আড়ালে ছোট পরিসরে কিছু সমঝোতা হতে পারে (যেমন: কাতারে আটকে থাকা ইরানের অর্থ ছাড়ের বিনিময়ে সাময়িকভাবে কিছু জাহাজ চলাচলের সুযোগ দেওয়া), যা মূলত কেবল সময়ক্ষেপণ এবং পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর কৌশল হিসেবে ব্যবহৃত হবে।

বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই দ্বন্দ্ব কোনো একক চুক্তির মাধ্যমে সমাধান হওয়ার মতো বিষয় নয়। এটি মূলত মধ্যপ্রাচ্যে ক্ষমতার আধিপত্য বিস্তারের লড়াই। যতদিন না উভয় পক্ষ একটি Mutually Hurting Stalemate পৌঁছাচ্ছে বা অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে বাধ্য হচ্ছে, ততদিন পর্যন্ত এই উত্তেজনা, প্রক্সি যুদ্ধ এবং কূটনৈতিক লুকোচুরি চলতেই থাকবে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য কোনো শান্তির পথে নয়, বরং একটি সুদীর্ঘ এবং অস্থিতিশীল স্নায়ুযুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

06/04/2026

বিশ্বরাজনীতিতে এখন উত্তাল কালবৈশাখীর হাওয়া বইছে, তা হয়তো অনেকেই খেয়াল করছেন। একদিকে পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্যের) এই যুদ্ধ আর রক্তপাত গোটা বিশ্বের অর্থনীতিকে একদম খাদের কিনারায় নিয়ে এসেছে। জ্বালানী সংকটে বিশ্ব প্রায় স্থবির হয়ে যাচ্ছে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছে চীন। দুনিয়াজুড়ে চলা এই চরম অস্থিরতার আড়ালে তারা খুব নীরবে, কিন্তু দারুণ এক কৌশলে নিজেদের নতুন বৈশ্বিক পরাশক্তি হিসেবে গড়ে তুলছে।

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান এই বৈশ্বিক সংঘাত চীনের জন্য এক প্রকার Manna from heaven বা "স্বর্গীয় আশীর্বাদ" হয়ে ধরা দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের চোরাবালিতে আটকে আছে, চীন তখন অত্যন্ত সুচারুভাবে বিশ্বমঞ্চের নেতৃত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চীনের এই অভাবনীয় কৌশলগত সুবিধার পেছনে মূলত তিনটি প্রধান কারণ রয়েছে:

১. যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগের স্থানান্তর: গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল 'পিভট টু এশিয়া' (Pivot to Asia)। অর্থাৎ, তারা চীনকে তাদের প্রধান বৈশ্বিক হুমকি হিসেবে বিবেচনা করে পূর্ব এশিয়ায় মনোযোগ নিবদ্ধ করার নীতি গ্রহণ করেছিল। কিন্তু বর্তমান মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র আবারও সেই পুরোনো ফ্রন্টে জড়িয়ে পড়েছে। এটি এশিয়ায় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ বা Containment নীতিকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে।
২. পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক সক্ষমতা হ্রাস: মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে পূর্ব এশিয়া থেকে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট এবং থাড (THAAD) মিসাইল ব্যাটারিগুলো এশিয়া থেকে মধ্যপ্রাচ্যে স্থানান্তর করছে। এছাড়া, জাপানে মোতায়েনকৃত একটি 'মেরিন এক্সপিডিশনারি ইউনিটকেও' ইতোমধ্যে সেখানে পাঠানো হয়েছে। এর ফলে পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও সক্ষমতা সরাসরি হ্রাস পাচ্ছে, যা চীনের সামরিক ও ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য অত্যন্ত লাভজনক।
৩. বৈশ্বিক ভাবমূর্তি ও কূটনৈতিক প্রভাব বৃদ্ধি: সংঘাতের এই ডামাডোলে আন্তর্জাতিক অঙ্গনে চীনের কূটনৈতিক প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র যখন ইসরায়েল ইস্যুতে একতরফা আচরণ করছে এবং গ্লোবাল সাউথের তোপের মুখে পড়ছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় চীনকে একটি Responsible stakeholder হিসেবে দেখছে। বৈশ্বিক সংকটে চীন এখন পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিণত রাষ্ট্র বা Adults in the room হিসেবে আবির্ভূত হয়েছে। এমনকি ইউরোপীয় এবং এশীয় মিত্ররাও যখন যুক্তরাষ্ট্রের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছে, তখন বিশ্বমঞ্চে চীনের গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক প্রভাব বহুগুণ বেড়ে গেছে।

চীনের এই উত্থান এবং যুক্তরাষ্ট্রের এই কৌশলগত বিচ্যুতির বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কের একটি ক্লাসিক তত্ত্ব দিয়ে খুব নিখুঁতভাবে ব্যাখ্যা করা যায়। ১৯৫৮ সালে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এ.এফ.কে. অর্গানস্কি তাঁর Power Transition Theory প্রদান করেন।
এই তত্ত্ব অনুযায়ী, বিশ্বব্যবস্থা হলো একটি পিরামিডের মতো। এর চূড়ায় থাকে একটি মাত্র Dominant Power, যারা আন্তর্জাতিক নিয়মকানুন ও বৈশ্বিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং এই ব্যবস্থা থেকে সর্বোচ্চ সুবিধা ভোগ করে। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র হলো সেই শীর্ষ পরাশক্তি। অন্যদিকে পিরামিডের নিচের দিকে থাকে Dissatisfied বা Challenger রাষ্ট্র, যাদের ক্ষমতা দ্রুত বাড়ছে কিন্তু তারা মনে করে বর্তমান বিশ্বব্যবস্থায় তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। চীন হলো বর্তমান বিশ্বের সেই প্রধান চ্যালেঞ্জার।

অর্গানস্কির তত্ত্বের সবচেয়ে ভয়াবহ সতর্কবার্তাটি হলো—যখন কোনো উদীয়মান পরাশক্তির বা Rising Power ক্ষমতা দ্রুত বাড়তে বাড়তে শীর্ষ পরাশক্তির প্রায় কাছাকাছি বা সমান হয়ে যায়, তখনই বিশ্বব্যবস্থায় ক্ষমতার স্থানান্তর ঘটে এবং বড় ধরনের সংঘাতের সৃষ্টি হয়। বর্তমান বৈশ্বিক সমীকরণ ঠিক সেই বিন্দুর দিকেই এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মূলত এই 'পাওয়ার ট্রানজিশন' বা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটিকে অবিশ্বাস্যভাবে ত্বরান্বিত করে দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন তার মিত্রদের বাঁচাতে এবং বর্তমান আধিপত্য ধরে রাখতে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি ক্ষয় করছে, চীন তখন সেই শূন্যস্থানগুলো পূরণ করে শীর্ষ পরাশক্তির সাথে ক্ষমতার 'সমতা' অর্জন করছে।

ইতিহাস সাক্ষী, পরাশক্তিগুলোর পতন হঠাৎ করে হয় না; বরং এভাবেই নিজেদের শক্তির অতিরিক্ত বিস্তৃতি ঘটাতে গিয়ে তারা ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ তাই শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়; বরং এটি 'পাওয়ার ট্রানজিশন থিওরি'-র বাস্তব প্রয়োগ, যার চূড়ান্ত পরিণতি হলো বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের অবসান এবং নতুন পরাশক্তি হিসেবে চীনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।

27/03/2026

*জরুরি বিজ্ঞপ্তি ও সতর্কবার্তা*
সম্মানিত অনুসারীবৃন্দ,
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের 'Symposium Insight' ফেসবুক পেজটি পরিচালনায় যুক্ত অ্যাডমিন "Hosen A Ali"-এর ব্যক্তিগত ফেসবুক আইডিটি সম্ভবত হ্যাক হয়েছে।
এমতাবস্থায়, উক্ত "Hosen A Ali" আইডি থেকে আসা কোনো অপ্রত্যাশিত মেসেজ, লিংক বা পোস্টে বিভ্রান্ত না হওয়ার এবং তা সম্পূর্ণভাবে এড়িয়ে চলার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করা হলো। আমরা দ্রুত আইডিটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

ধন্যবাদান্তে,
Symposium Insight কর্তৃপক্ষ।

14/03/2026

মধ্যপ্রাচ্যের মানচিত্র কি চিরতরে বদলে যাচ্ছে?
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর যে আকস্মিক সামরিক হামলা চালায়, তাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন । এই হামলার মূল কারণ কি শুধুই পারমাণবিক হুমকি নির্মূল, নাকি এর পেছনে রয়েছে 'রেজিম চেঞ্জ' বা সরকার পতনের কোনো সুপরিকল্পিত ভূ-রাজনৈতিক নীলনকশা?আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্বরাজনীতির জটিল সমীকরণগুলো সহজভাবে বুঝতে আমাদের এই স্পেশাল লাইভ ক্লাসটি সম্পূর্ণ দেখুন। বিসিএস (BCS Written) ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাসের আলোকে আন্তর্জাতিক বিষয়াবলির এই ক্লাসটি সাজানো হয়েছে।

এই ক্লাসে যা যা আলোচনা করা হয়েছে:
১। ক্ষমতার অদৃশ্য হাত ও গ্র্যান্ড এরিয়া ডকট্রিন: কীভাবে পরাশক্তিগুলো নিজেদের আধিপত্য ও মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদ নিয়ন্ত্রণে রাখে ।
২। মুয়াশের ডকট্রিন: পশ্চিমা বিশ্ব কেন মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের বদলে স্বৈরশাসকদের টিকিয়ে রাখতে চায় ।
৩। অর্থনীতি ও জ্বালানি বাজারে প্রভাব: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় কীভাবে বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়ছে এবং বিশ্ব অর্থনীতিতে 'স্ট্যাগফ্লেশন' (Stagflation) বা মূল্যস্ফীতির চরম ঝুঁকি তৈরি হয়েছে ।
৪। ডিক্যাপিটেশন স্ট্রাইক (Decapitation Strike): শীর্ষ নেতৃত্ব বিনাশ বা গুপ্তহত্যার মাধ্যমে 'রেজিম চেঞ্জ'-এর চেষ্টা রাজনৈতিক ইতিহাসে কতটা সফল বা ব্যর্থ হয়েছে (ইরাক, লিবিয়া ও হামাসের উদাহরণসহ) ।
৫। দ্য হাইডিং হ্যান্ড প্রিন্সিপল (The Hiding Hand Principle): সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক লক্ষ্য অর্জন কেন এত কঠিন ।
৬। বিশ্বব্যবস্থায় নতুন মেরুকরণ: এই সংঘাতে চীন ও রাশিয়ার ভূ-রাজনৈতিক হিসাবনিকাশ এবং তাদের লাভ-ক্ষতি ।

🎓 কাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ?
বিসিএস লিখিত (BCS Written) এবং প্রিলিমিনারি পরীক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (IR) ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীব্যাংক জব ও অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি গ্রহণকারীবৈশ্বিক ভূ-রাজনীতি ও অর্থনীতি নিয়ে আগ্রহী যেকোনো দর্শক

লেকচার নোট: https://drive.google.com/file/d/1tVhb7jdlWIZTvBsgPR6WiQ2cM3fv2mEh/view?usp=drive_link

⏳ টাইমস্ট্যাম্প (Timestamps):

00:00 - ইন্ট্রো: ইরান যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট
04:28 - The Invisible Hand of Power & Grand Area Doctrine
18:30 - যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন হামলা চালাল? (Strategic Reasons)
35:14 - বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে যুদ্ধের প্রভাব (Strait of Hormuz)
40:20 - চীন ও রাশিয়ার ভূমিকা এবং ক্ষমতার নতুন ভারসাম্য (Balance of Power)
42:00 - ডিক্যাপিটেশন স্ট্রাইক ও রেজিম চেঞ্জ (Decapitation Strategy)
46:00 - বিসিএস পরীক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর পর্ব ও উপসংহার

13/03/2026

১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সংকট:
১৯৭৩ সালের ৬ই অক্টোবর, পবিত্র মাহে রমজান মাসে এবং ইহুদিদের ধর্মীয় দিন 'ইয়োম কিপুর' (Yom Kippur)-এ মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন আরব জোট ইসরায়েলের ওপর এক আকস্মিক ও সমন্বিত সামরিক আক্রমণ চালায়। ইতিহাসে এটি 'রমজান যুদ্ধ', 'ইয়োম কিপুর যুদ্ধ' বা 'অক্টোবর যুদ্ধ' নামে পরিচিত। এই যুদ্ধ মূলত ১৯৬৭ সালের 'ছয় দিনের যুদ্ধ'-এর (Six-Day War) আরবদের অপমানজনক পরাজয়ের প্রতিশোধ এবং হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের একটি সুপরিকল্পিত সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ ছিল।

যুদ্ধের মূল প্রেক্ষাপট ও কারণসমূহ:
এক, ছয় দিনের যুদ্ধের পরিণতি: ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল অভাবনীয় বিজয় লাভ করে এবং মিশরের সিনাই উপদ্বীপ, সিরিয়ার গোলান মালভূমি, জর্ডানের পশ্চিম তীর (West Bank) এবং গাজা উপত্যকা দখল করে নেয়। আরব রাষ্ট্রগুলোর কাছে এটি ছিল এক চরম অপমান। হারানো ভূখণ্ড উদ্ধার এবং আরবদের হারানো গৌরব পুনরুদ্ধারের তীব্র আকাঙ্ক্ষাই এই যুদ্ধের মূল ইন্ধন জোগায়।
দুই, কূটনৈতিক অচলাবস্থা: ইসরায়েল তাদের দখলকৃত অঞ্চলগুলোকে 'কৌশলগত গভীরতা' (Strategic Depth) বা বাফার জোন হিসেবে ব্যবহার করতে চেয়েছিল এবং কোনো ধরনের ছাড় দিতে নারাজ ছিল (Status Quo)। এই কূটনৈতিক অচলাবস্থা ভাঙার জন্য আরবদের কাছে সামরিক শক্তির প্রয়োগ অপরিহার্য হয়ে ওঠে।

যুদ্ধরত পক্ষগুলোর কৌশলগত স্বার্থ ও লক্ষ্য:
মিশর (প্রেসিডেন্ট আনোয়ার সাদাত): মিশরের মূল লক্ষ্য ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা ছিল না; বরং সাদাতের উদ্দেশ্য ছিল সুয়েজ খাল অতিক্রম করে সিনাই উপদ্বীপে সামরিক সাফল্য অর্জন করা, যাতে ইসরায়েলের অপরাজেয় থাকার মিথ ভেঙে যায়। এর মাধ্যমে তিনি ইসরায়েলকে একটি সম্মানজনক শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে চেয়েছিলেন।
সিরিয়া (প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ): সিরিয়ার সামরিক লক্ষ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল সামরিক শক্তি প্রয়োগ করে ১৯৬৭ সালে হারানো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'গোলান মালভূমি' পুরোপুরি পুনরুদ্ধার করা।
ইসরায়েল (প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার): ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য ছিল আরবদের এই আকস্মিক আক্রমণ প্রতিহত করা, দখলকৃত ভূখণ্ডগুলোতে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা এবং আরবদের এই বার্তা দেওয়া যে সামরিকভাবে ইসরায়েলকে হারানো অসম্ভব।

ফিলিস্তিনিদের প্রত্যাশা ও প্রাপ্তির শূন্যতা: এই যুদ্ধটি ছিল মূলত রাষ্ট্রীয় পর্যায়ের একটি প্রথাগত যুদ্ধ (State-on-State Conflict), যেখানে ফিলিস্তিনিদের সরাসরি কোনো লাভ হয়নি। যুদ্ধের পরও ফিলিস্তিনিদের রাজনৈতিক ও ভূখণ্ডগত বাস্তবতা অপরিবর্তিত থাকে। ইসরায়েল পশ্চিম তীর ও গাজায় তাদের দখলদারিত্ব অব্যাহত রাখে। যুদ্ধে অংশগ্রহণকারী আরব রাষ্ট্রগুলো (বিশেষ করে মিশর) পরবর্তীতে নিজেদের ভূখণ্ড উদ্ধারে ইসরায়েলের সাথে শান্তি চুক্তিতে পৌঁছালেও, ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের স্বপ্ন এই প্রক্রিয়ায় সম্পূর্ণ উপেক্ষিত থেকে যায়।
এই যুদ্ধ স্নায়ুযুদ্ধের (Cold War) চরম উত্তেজনাকে সামনে নিয়ে আসে। যুদ্ধের প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন আরব রাষ্ট্রগুলোকে বিপুল অস্ত্র সহায়তা দেয়। অন্যদিকে, ইসরায়েলের পতন ঠেকাতে যুক্তরাষ্ট্র 'অপারেশন নিকেল গ্রাস' (Operation Nickel Grass)-এর মাধ্যমে ইসরায়েলে জরুরি ভিত্তিতে ব্যাপক সমরাস্ত্র পাঠায়। সামরিকভাবে ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করলেও, এটি ছিল আরবদের এক বিরাট মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক জয়। এই যুদ্ধের ফলেই আনোয়ার সাদাত মাথা উঁচু করে আলোচনার টেবিলে বসার সুযোগ পান, যার চূড়ান্ত পরিণতি ছিল ঐতিহাসিক ১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তি (Camp David Accords) এবং ১৯৭৯ সালের মিশর-ইসরায়েল শান্তি চুক্তি। (পরবর্তীতে ১৯৯৪ সালে জর্ডানও ইসরায়েলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করে)। কিন্তু ফিলিস্তিনিদের কথা মিশর জর্দান বা সিরিয়া কি তখন ভেবেছিলো? এর প্রশ্নের পরিষ্কার জবাব হচ্ছে, না। তারা তাঁদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলো, এটাই বাস্তববাদ, প্রত্যকেটা রাষ্ট্র শুধুমাত্র তাঁদের জাতীয় স্বার্থে জন্যই আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা পালন করবে।

১৯৭৩ সালের বৈশ্বিক জ্বালানি সংকট:
আরব-ইসরায়েল যুদ্ধের সবচেয়ে দূরপ্রসারী ও ভয়াবহ বৈশ্বিক প্রভাব ছিল ১৯৭৩ সালের তেল বা জ্বালানি সংকট। যুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সমর্থন করায়, 'অর্গানাইজেশন অব আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ' (OAPEC—যা মূলত ওপেকভুক্ত আরব দেশগুলোর জোট) পশ্চিমা দেশগুলোর ওপর 'তেল নিষেধাজ্ঞা' (Oil Embargo) আরোপ করে এবং তেলের উৎপাদন কমিয়ে দেয়।
এই নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার থেকে লাফিয়ে প্রায় ১২ ডলারে উন্নীত হয়। অর্থাৎ, তেলের দাম একধাপেই প্রায় ৩০০% বা চারগুণ বৃদ্ধি পায়। জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিশ্বব্যাপী শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপে একই সাথে উচ্চ মূল্যস্ফীতি (Inflation) এবং অর্থনৈতিক স্থবিরতা (Stagnation) দেখা দেয়, যাকে অর্থনীতিবিদরা 'স্ট্যাগফ্লেশন' (Stagflation) বলে আখ্যায়িত করেন।
এই সংকট পশ্চিমা বিশ্বকে মর্মান্তিকভাবে উপলব্ধি করায় যে, কেবল মধ্যপ্রাচ্যের তেলের ওপর একক নির্ভরশীলতা তাদের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য কতটা ভয়ংকর হুমকিস্বরূপ। এর প্রতিক্রিয়ায় বিশ্বে নতুন শক্তির উৎস অনুসন্ধান, কৌশলগত তেল মজুত (Strategic Petroleum Reserve) তৈরি এবং নবায়নযোগ্য শক্তি (Renewable Energy) ব্যবহারের প্রতি বৈশ্বিক আগ্রহ বহুগুণ বৃদ্ধি পায়।
১৯৭৩ সালের আগে মার্কিন রাস্তায় চলত বিশাল আকৃতির, ভারী এবং প্রচুর জ্বালানি পোড়ানো সব গাড়ি (যাদের বলা হতো 'Gas Guzzlers')। কিন্তু তেলের দাম রাতারাতি চারগুণ বেড়ে যাওয়ায় এবং পেট্রোল পাম্পগুলোতে মাইলের পর মাইল গাড়ির লাইন তৈরি হওয়ায় পশ্চিমা জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। এই চরম অসহায়ত্ব থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ১৯৭৫ সালে লুইজিয়ানা ও টেক্সাসের মাটির নিচে বিশ্বের বৃহত্তম জরুরি তেল মজুত কেন্দ্র 'স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ' (SPR) গড়ে তোলে, যাতে ভবিষ্যতে কেউ তেল সরবরাহ বন্ধ করলেও দেশ কয়েক মাস চলতে পারে।
একই সাথে মার্কিন সরকার বাধ্য হয়ে 'ক্যাফে স্ট্যান্ডার্ড' (CAFE - Corporate Average Fuel Economy) নামে একটি যুগান্তকারী আইন পাস করে। এই আইনের মাধ্যমে গাড়ি নির্মাতা কোম্পানিগুলোকে কম জ্বালানি পোড়ায় (উচ্চ মাইলেজ দেয়) এমন গাড়ি বানাতে আইনিভাবে বাধ্য করা হয়। এই পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়েই টয়োটা (Toyota) বা হোন্ডার (Honda) মতো জাপানি কোম্পানিগুলো তাদের ছোট ও জ্বালানি-সাশ্রয়ী গাড়ি দিয়ে রাতারাতি মার্কিন ও ইউরোপীয় বাজার দখল করে নেয়।
তেলের ওপর নির্ভরতা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতে ফ্রান্স ১৯৭৪ সালে Messmer Plan নামে একটি মেগা-প্রকল্প গ্রহণ করে। তারা তেলের বদলে ব্যাপকভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করে। যার সুফল হিসেবে বর্তমানে ফ্রান্সের মোট বিদ্যুতের প্রায় ৭০ শতাংশই আসে পারমাণবিক শক্তি থেকে।
এই সংকটের ফলে Automotive engineering বড় ধরনের পরিবর্তন আসে। গাড়িতে বেশি তেল পোড়ানো পুরোনো 'কার্বুরেটর' (Carburetor) সিস্টেমের বিদায়ঘণ্টা বাজে এবং এর বদলে অত্যন্ত সাশ্রয়ী ও আধুনিক 'ফুয়েল ইনজেকশন' (Fuel Injection) প্রযুক্তির ব্যাপক বাণিজ্যিক ব্যবহার শুরু হয়। অন্যদিকে, এই সংকটের আগে সোলার প্যানেল বা ফটোভোলটাইক (PV) সেল অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা কেবল মহাকাশযানেই ব্যবহৃত হতো। কিন্তু তেলের বিকল্প খুঁজতে গিয়ে সৌরশক্তি ও বায়ুকল (Wind Turbine) প্রযুক্তিতে প্রথমবারের মতো বিপুল সরকারি ও বেসরকারি বিনিয়োগ শুরু হয়। ডেনমার্কের মতো দেশগুলো তখন থেকেই বায়ুবিদ্যুৎ প্রযুক্তিতে বিপ্লব ঘটাতে শুরু করে, যা আজকের আধুনিক নবায়নযোগ্য শক্তি (Green Energy) শিল্পের মূল ভিত্তি।
১৯৭৩ সালের যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্র বা কূটনৈতিক সমীকরণই বদলায়নি, বরং তেলের মতো একটি প্রাকৃতিক সম্পদকে যে ভূ-রাজনৈতিক 'অস্ত্র' হিসেবে ব্যবহার করা যায়, তা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই যুদ্ধ ও এর পরবর্তী জ্বালানি সংকট আধুনিক আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতির (International Political Economy) এক অন্যতম সন্ধিক্ষণ।

এখন প্রশ্ন জাগে, এশিয়া বা গ্লোবাল সাউথের অপেক্ষাকৃত দূর্বল অর্থনীতির রাষ্ট্র সমূহ বর্তমানে চলা বৈশ্বিক জ্বালানি সংকট থেকে কী শিক্ষা নেবে ও কী ধরনের পদক্ষেপ নেবে ভবিষ্যতের জন্য?

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
1216