01/10/2025
১৯৭২ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ওয়াল্টার মিশেল শিশুদের ওপর একটি অদ্ভুত কিন্তু গভীর প্রভাববিস্তারী পরীক্ষা চালান। এই পরীক্ষাই পরে বিশ্বজুড়ে “মার্শমেলো টেস্ট” নামে পরিচিত হয়।
পরীক্ষায় চার থেকে ছয় বছর বয়সী শিশুদের একটি কক্ষে একা বসানো হয়। তাদের সামনে রাখা হয় একটি মার্শমেলো (নরম ও মিষ্টি খাবার)। শিশুদের বলা হয়—
👉 চাইলে এখনই খেতে পারো, তবে পাবে একটিই।
👉 যদি কিছুক্ষণ অপেক্ষা করো, তবে পাবে দুটি।
তারপর গবেষকরা কক্ষ ছেড়ে যান এবং শিশুদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন।
কেউ সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলে।
কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে—চোখ বন্ধ করে, খাবার থেকে মুখ ঘুরিয়ে নেয়, কিংবা অন্যভাবে নিজেকে ব্যস্ত রাখে।
গবেষণার আসল ফলাফল আসে কয়েক বছর পর। শিশুদের অনেককে প্রাপ্তবয়স্ক অবস্থায় খুঁজে পাওয়া যায়। দেখা যায়—
যারা শিশু বয়সেই ধৈর্য ধরে অপেক্ষা করতে পেরেছিলো, তারা ভবিষ্যতে শুধু শিক্ষা ও ক্যারিয়ারেই নয়, বরং ব্যক্তিগত জীবনেও সফল হয়েছে। তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, মানসিক স্থিরতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল তুলনামূলকভাবে বেশি।
অর্থাৎ, ছোটবেলায় শেখা “ইমপাল্স কন্ট্রোল” বা “ধৈর্যের শক্তি” জীবনের দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
📌 আধুনিক প্রেক্ষাপট
পরে একই ধরনের গবেষণায় দেখা যায়—আজকের শিশুদের সবচেয়ে বড় “মার্শমেলো” হচ্ছে স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইস।
অনেক ক্ষেত্রে দেখা গেছে, শিশুরা মিষ্টির চেয়ে ডিভাইসের দিকে দ্রুত হাত বাড়ায়।
মনোবিজ্ঞানীরা বলেন, আজকাল মানুষের মন সহজেই বিভ্রান্ত হয়ে যায়।
একবার মনোযোগ ভেঙে গেলে আগের কাজে ফিরতে গড়ে ২০–৩০ মিনিট পর্যন্ত সময় লাগে।
ফলে আমাদের মন এখন স্থির থাকার বদলে পিং-পং বলের মতো এক দিক থেকে আরেক দিকে ছুটছে।
এটার প্রভাব শুধু শিশু নয়, বড়দের জীবনেও দেখা যাচ্ছে—
দীর্ঘ লেখা পড়ার ধৈর্য কমে যাচ্ছে।
অল্পতেই মনোযোগ হারিয়ে যাচ্ছে।
চিন্তায় গভীরতা হারাচ্ছে।
📌 মূল শিক্ষা
ওয়ারেন বাফেট প্রতিদিন প্রায় ৫০০ পৃষ্ঠা বই পড়েন—যেখানে আমরা অনেকেই দিনে ৫০০টি রিল দেখে ফেলি, কিন্তু ৫০ পৃষ্ঠা পড়তে পারি না।
যদি আপনি এই লেখা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ে থাকেন, তবে বুঝতে হবে—আপনার ভেতরে এখনো সেই অপেক্ষার শক্তি, মনোযোগের ক্ষমতা ও চিন্তার ধৈর্য জীবিত আছে।
যা আজকের অস্থির সময়ে সবচেয়ে বড় সম্পদ।