25/08/2026
ধর্মের বিকৃতি ও আধুনিকতাবাদের নামে বিভ্রান্তির বিরুদ্ধে নিজের জীবনের প্রেক্ষাপট তুলে ধরে নওমুসলিম মরিয়ম জামিলা বলেন,
“আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের আগ থেকেই আমি উপলব্ধি করেছিলাম যে, সমকালীন বিশ্বে তথাকথিত 'আধুনিকতাবাদী' আন্দোলনের কারণে ধর্মের বিশুদ্ধতা ও অখণ্ডতা চরম হুমকির মুখে পড়েছে। এই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল ধর্মের শাশ্বত শিক্ষাগুলোকে মানুষের তৈরি বিভিন্ন দর্শন আর কথিত সংস্কারের মোড়কে কলুষিত করা।
আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, এই আধুনিকতাবাদীরা যদি তাদের উদ্দেশ্যে সফল হয়, তবে মূল ধর্মের আর কিছুই অবশিষ্ট থাকবে না।
শৈশবে আমি নিজের (ইহুদি) পরিবারেই সচক্ষে দেখেছি কীভাবে এই ‘উদারপন্থীরা’ একটি ঐশ্বরিক ধর্মকে বিকৃত ও ছিন্নভিন্ন করেছিল। এক ইহুদি পরিবারে জন্ম নিয়ে এবং বেড়ে ওঠার সুবাদে আমি নিজেই প্রত্যক্ষ করেছি, নাস্তিক্যবাদী পরিবেশের সাথে তাল মেলাতে গিয়ে ধর্মের আদর্শকে বিসর্জন দেওয়া কতটা ব্যর্থ ও নিরর্থক।
এই 'সংস্কারবাদী' (Reformed) ইহুদি ধর্ম ইহুদিদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে বিজাতীয় সংস্কৃতিতে বিলীন হওয়া রোধ করতে তো পারেইনি, বরং এই প্রক্রিয়াকে আরও উৎসাহিত করেছিল। ফলে তারা কেবল নামকাওয়াস্তে ইহুদি রয়ে গিয়েছিল; বাস্তবে তাদের মধ্যে ধর্ম বলতে কিছুই অবশিষ্ট ছিল না।
শৈশবজুড়েই সংস্কারবাদী ইহুদি ধর্মের এই বুদ্ধিবৃত্তিক অসততা, ভণ্ডামি আর অগভীরতা ছিল আমার কাছে এক জীবন্ত অভিজ্ঞতার মতো। সেই অল্প বয়সেই আমি বুঝে গিয়েছিলাম যে, ধর্মের এমন হীনবল আর দায়সারা আপস কখনও তার অনুসারীদের ধরে রাখতে পারবে না, আর পরবর্তী প্রজন্মের আস্থা ধরে রাখা তো একেবারেই অসম্ভব।
মুসলিমদের মাঝেও যখন আমি ঠিক একই ধরনের রুগ্নতার অস্তিত্ব খুঁজে পেলাম, তখন আমি দারুণভাবে মর্মাহত হলাম। আমি এটা দেখে স্তব্ধ হয়ে গেলাম যে, মুসলিম সমাজের কিছু বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতা হুবহু সেই সব পাপে লিপ্ত, যার জন্য পবিত্র কুরআনে আল্লাহ ইহুদিদের প্রতি কঠোর নিন্দা করেছেন!
আমি নিশ্চিত ছিলাম যে, আমরা যদি আন্তরিকভাবে তওবা না করি এবং নিজেদের পথ সংশোধন না করি, তবে আল্লাহ আমাদেরও ধ্বংসের হাত থেকে রেহাই দেবেন না। ইহুদিরা যে করুণ পরিণতির শিকার হয়েছে, আমাদের ভাগ্যেও তা-ই জুটবে।
তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম—কালক্ষেপণ হওয়ার আগেই আমি আমার সকল সাহিত্যিক সংগ্রাম ও লেখালেখি উৎসর্গ করব মুসলমানদের ভেতরকার এই আপদ মোকাবিলায়।”
— মরিয়ম জামিলা
ইসলাম অ্যান্ড মডার্নিজম, ভূমিকা, পৃষ্ঠা: xii-xiii