18/03/2026
শেষ! রমজানটা পার হয়ে গেল, ২৮ টি রোজা চলে গেল। এই সময়টা একটু থেমে নিজেকে একটা প্রশ্ন করা দরকার। সেটি হলো, আমার রমজানটা কেমন গেল, সেটা না… বরং আমি আল্লাহর কাছে কতখানি এক্সেপ্টেড হলাম?
কারণ রমজানের আসল লক্ষ্য ছিল শুধু রোজা রাখা না। লক্ষ্য ছিল, আল্লাহর কাছে প্রিয় হওয়া। আমরা অনেকেই একটা ভুল করি। আমরা ভাবি রোজা মানে শুধুই আমি কতগুলো রোজা রাখলাম, কত পেইজ কুরআন পড়লাম, কত রাত তারাবি পড়লাম। কিন্তু আল্লাহ সংখ্যার দিকে তাকান না, আল্লাহ তাকান হৃদয়ের দিকে।
হয়তো কেউ খুব বেশি কিছু করতে পারেনি, কিন্তু সে চুপচাপ একদিন কারো কষ্ট কমিয়েছে, কাউকে ক্ষমা করেছে, নিজের অহংকারটা ভেঙেছে। আল্লাহর কাছে এই কাজগুলো অনেক বড় হতে পারে।
আপনি কি এই রমজানে কারো জন্য দোয়া করেছেন, যে আপনার কোনো উপকার করে নি? আপনি কি কাউকে মাফ করে দিয়েছেন, যাকে মাফ করা কঠিন ছিল? আপনি কি কোনো গুনাহ ছেড়েছেন, যেটা আপনি অনেকদিন ধরে করছিলেন?
এই প্রশ্নগুলোর উত্তরই আসলে বলে দেয়, আপনার রমজান কেমন গিয়েছে?
আমরা সবাই চাই, ঈদের দিন খুশি থাকতে। কিন্তু আসল খুশিটা আসে তখনই, যখন মনে হয়, হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। হয়তো আল্লাহ আমার দিকে তাকিয়ে খুশি হয়েছেন।
এই শেষ কয়েকটা দিন একটা অন্যরকম সুযোগ।
এখন আর নতুন কিছু শুরু করার সময় না, এখন সময়টা নিজের ভিতরটা পরিষ্কার করার। যার সাথে সম্পর্ক খারাপ, ঠিক করে ফেলা। যে গুনাহটা ছাড়তে পারেননি, আজ থেকেই ছাড়ার নিয়ত করা। যে দোয়াটা অনেকদিন ধরে করতে চান, আজকে আল্লাহর সামনে মন খুলে বলে ফেলা।
কারণ আমরা জানিনা, এই সুযোগটা আবার পাবো কিনা।
হয়তো এই রমজানে আমরা পারফেক্ট হতে পারি নি। কিন্তু আমরা যদি সত্যি চেষ্টা করে থাকি, আল্লাহ সেই চেষ্টাকেই ভালোবাসেন।