11/08/2025
বর্তমানে শিক্ষকতা, টিউশনি খুবই কমন একটি পেশা। এ পেশার সাথে বিভিন্নভাবেই আমরা জড়িত। তারমধ্যে অন্যতম একটি বিষয় হলো সামাজিক মর্যাদা। কিন্তুু সামাজিক মর্যাদা উল্লেখযোগ্য হলেও কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকদের অধঃপতন বা অসামাজিক কাজেও জড়িত পাওয়া যায়। আমি মনে করি এক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। কেননা একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষাঙ্গন ও শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি হচ্ছেন আদর্শ ও নৈতিকতা শেখানোর এক জীবন্ত মডেল। ইসলামে শিক্ষার্থী ও শিক্ষকের মর্যাদা এতটাই উচ্চে তুলেছে যে, আল্লাহ নিজেই প্রথম ওহিতে বলছেন:"পড়ো, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন"—(সূরা আল-আলাক: ১)
১. শিক্ষকের নৈতিক গুণাবলী: শিক্ষকের নৈতিক গুণাবলি নিয়ে কয়েকটি বিষয় তুলে ধরা হলো-
আন্তরিকতা (ইখলাস):
শিক্ষক তাঁর জ্ঞান দান ও দায়িত্ব পালন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন।
দায়িত্ববোধ:
সময়মতো শ্রেণিকক্ষে উপস্থিত হওয়া, পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান এবং শিক্ষার্থীর উন্নয়ন নিশ্চিত করা।
ধৈর্য ও সহনশীলতা:
ভিন্ন ভিন্ন মেধার শিক্ষার্থীদের সঙ্গে ধৈর্য সহকারে কাজ করতে জানা একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য।
সদাচরণ ও শিষ্টতা:
শিক্ষক নিজেই ছাত্রদের কাছে চরিত্রের রোল মডেল হবেন।
২. শিক্ষার্থীর প্রতি শিক্ষকের নৈতিক দায়িত্ব:
সমান আচরণ: ধর্ম, বর্ণ বা মেধা নির্বিশেষে সকল শিক্ষার্থীর প্রতি ন্যায়সঙ্গত আচরণ করা।
উৎসাহ প্রদান: দুর্বলদের উৎসাহ দিয়ে উন্নতির পথে নেওয়া।
ভালোবাসা ও সহানুভূতি: কঠোরতা নয়, দয়ালু আচরণের মাধ্যমে জ্ঞানদান।
রাসূল (সা.) বলেন:"তোমাদের মধ্যে উত্তম সেই, যে মানুষকে উপকার করে।"—সহীহ হাদীস
৩. শিক্ষাঙ্গনে সহপাঠীদের মধ্যে নৈতিকতা:
শ্রদ্ধা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা।
সহপাঠীকে কটাক্ষ, অপমান বা সহিংসতা থেকে বিরত থাকা। একে অপরের সহযোগিতায় উন্নতির দিকে এগিয়ে যাওয়া।
৪. একজন আদর্শ শিক্ষকের নমুনা:
এক্ষেত্রে রাসূল (সা.) এর শিক্ষা পদ্ধতির দিকে লক্ষণীয়-
রাসূল (সা.) ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক। তিনি শিক্ষার্থীর স্তর বুঝে শিক্ষা দিতেন। গল্প, প্রশ্নোত্তর, বাস্তব উদাহরণ দিয়ে পাঠ দিতেন। কোমল ব্যবহার করতেন। কখনো অপমান করতেন না।
নৈতিক আচরণ চেকলিস্ট:
একজন আদর্শ শিক্ষক নিম্নোক্ত চেকলিস্ট ফলো করতে পারেন।
বিষয়: হ্যাঁ - আংশিক - না
★আমি সবসময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পাঠদান করি= ☐ ☐ ☐
★আমি নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হই= ☐ ☐ ☐
★আমি পাঠদানে আগ্রহ ও প্রস্তুতি নিয়ে থাকি= ☐ ☐ ☐
★আমি সকল শিক্ষার্থীর প্রতি সমান আচরণ করি= ☐ ☐ ☐
★আমি দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে সহায়তা করি= ☐ ☐ ☐
★আমি কখনো শিক্ষার্থীদের অপমান বা কটূ কথা বলি না= ☐ ☐ ☐
★আমি শিক্ষার্থীদের মধ্যে শিষ্টাচার, দায়িত্ববোধ ও সততার চর্চা করি= ☐ ☐ ☐
★আমার নিজের চরিত্রে সদাচরণ, ধৈর্য ও সহনশীলতা ধরে রাখি= ☐ ☐ ☐
★আমার সহকর্মী, অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রশাসনের সাথে সদ্ব্যবহার করি= ☐ ☐ ☐
★আমি নিয়মিত আত্মমূল্যায়ন করি এবং নিজের ভুল স্বীকার করি= ☐ ☐ ☐
নির্দেশনা:
★প্রতি মাসে একবার নিজে মূল্যায়ন করুন।
★যেখানে ‘আংশিক’ বা ‘না’ এসেছে, সেখানে পরিবর্তনের উদ্যোগ নিন।
শিক্ষকের প্রভাব:
ছোটবেলায় ইমাম আবু হানিফা (রহ.) ছিলেন এক বুদ্ধিমান ও স্মার্ট কিশোর। তবে তিনি প্রাথমিকভাবে ব্যবসায়িক পথে আগ্রহী ছিলেন, কারণ তার পিতা একজন সুগন্ধি বিক্রেতা ছিলেন এবং তিনিও ব্যবসার দিকেই ঝুঁকে পড়েছিলেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে একজন প্রখ্যাত আলিম — ইমাম শা’বি (রহ.)-র সঙ্গে তার দেখা হয়।
ইমাম শা’বি (রহ.) তাকে দেখে জিজ্ঞাসা করলেন:
“তুমি কোথায় যাচ্ছ?”
আবু হানিফা (রহ.) বললেন:
“আমি বাজারে যাচ্ছি।”
শা’বি (রহ.) বললেন:
“তুমি কি ফিকহ শিখ না?”
তোমার মধ্যে তো আমি বুদ্ধি ও যোগ্যতার আলামত দেখতে পাচ্ছি।”
এই কথা শুনে ইমাম আবু হানিফা (রহ.) গভীরভাবে প্রভাবিত হন। শা’বি (রহ.)-এর উপদেশ, ভদ্রতা ও আকর্ষণীয় নৈতিকতা তার মনে দাগ কাটে। সেদিনের সেই সংক্ষিপ্ত কথোপকথনই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি সিদ্ধান্ত নেন, ব্যবসার পাশাপাশি ইসলামী জ্ঞানার্জনের পথে পা বাড়াবেন। এরপর তিনি কুফার বিভিন্ন আলিমদের কাছে শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করেন, বিশেষ করে কুরআন, হাদিস, আরবী ভাষা এবং ফিকহ। পরবর্তীতে তিনি ইমাম হাম্মাদ ইবনে আবী সুলায়মান (রহ.)-এর শিষ্যত্ব গ্রহণ করেন এবং ফিকহ শাস্ত্রে উচ্চতর স্থান লাভ করেন।
শিক্ষা: একজন নৈতিক শিক্ষক বহু প্রজন্ম গড়ে তুলতে পারেন।
৫.শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের করণীয়:
শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন: শিক্ষকের সঙ্গে নম্রতা ও ভদ্রতা বজায় রাখা। কোনো অবস্থায় তর্কে জড়ানো বা কটূক্তি করা ইসলামসম্মত নয়।
মনোযোগ দিয়ে শ্রবণ ও অনুসরণ: পাঠদানে মনোযোগ দেওয়া এবং শিক্ষক যা বলেন, তা যথাসম্ভব অনুসরণ করা।
দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ: শিক্ষকের জন্য দোয়া করা এবং মুখে বা কাজে কৃতজ্ঞতা প্রকাশ করা।
উৎসাহ প্রদান: শিক্ষক কোনো ভালো উদ্যোগ নিলে তার প্রতি সহানুভূতি ও সহযোগিতা দেখানো।
আচরণে ভদ্রতা: শিক্ষক উপস্থিত থাকুক বা না থাকুক—সবসময় সম্মানজনক ও মার্জিত আচরণ করা।
সমালোচনায় শালীনতা: যদি কোনো ভুল মনে হয়, তবে সম্মানজনকভাবে ব্যক্তিগতভাবে আলোচনা করা।
৬.প্রতিষ্ঠানের প্রতি শিক্ষার্থীদের করণীয়:
নিয়ম-কানুন মেনে চলা: প্রতিষ্ঠানের নীতিমালা ও সময়সূচি যথাযথভাবে পালন করা।
পরিচ্ছন্নতা বজায় রাখা: শ্রেণিকক্ষ, বারান্দা, টয়লেটসহ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
সম্পদ রক্ষা: বেঞ্চ, বোর্ড, দেয়াল বা যেকোনো প্রতিষ্ঠানের সম্পদ নষ্ট না করে যত্ন নেওয়া।
ইউনিফর্ম ও উপস্থিতি নিশ্চিত করা: নির্ধারিত পোশাক পরিধান ও সময়মতো প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া।
প্রতিষ্ঠান সম্পর্কে সম্মানজনক মনোভাব রাখা:
প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করা ও বাহিরে সুনাম ছড়ানো। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো না করা এবং কাউকে করতে না দেয়া।
ইভেন্ট ও কার্যক্রমে অংশগ্রহণ: সাংস্কৃতিক, ধর্মীয় বা শিক্ষামূলক অনুষ্ঠানে আগ্রহসহকারে অংশ নেওয়া।
৭.শিক্ষকদের প্রতি সমাজের দায়িত্ব:
একটি সমাজ যদি আদর্শ প্রজন্ম গড়তে চায়, তাহলে তাকে অবশ্যই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে।
★শিক্ষকের সামাজিক অবস্থানকে সম্মান জানানো।
★তাদের ন্যায্য পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
★সমাজে শিক্ষকের কণ্ঠস্বর ও দিকনির্দেশনাকে গুরুত্ব দেওয়া।
শিক্ষক হলেন সমাজগঠনের কারিগর। যদি শিক্ষকগণ নৈতিক ও আদর্শ হন, তবে শিক্ষাঙ্গন হবে চরিত্রবান নাগরিক তৈরির উর্বর ক্ষেত্র। তাই প্রতিটি শিক্ষককে নিজেকে একজন গুরুজন, দিকনির্দেশক এবং আদর্শ মানব হিসেবে গড়ে তুলতে হবে—যার দ্বারা শিক্ষার্থী, পরিবার ও সমাজ আলোকিত হবে।
পর্ব-০৬: শিক্ষাঙ্গনে নৈতিকতা ও আদর্শ শিক্ষক