08/11/2022
সরি আব্বু
তোমাকে অনেক ভালোবাসি আব্বু কিন্তু সেটা প্রকাশ করতে পারি না। কারন আব্বু মানে অনেকটা ভয় জরানো একটা ডাক। আব্বু মানে, আব্বুর একটা কথা আম্মুর দশটা কথার সমান। সবাই যদি জিজ্ঞেস করে তুমি কাকে বেশি ভালোবাসো,আমি বলি যে আমি আম্মুকে বেশি ভালোবাসি কিন্তু সেই সময় তোমার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে আর মনে মনে একটা কথাই বেজে ওঠে সত্যি কি আম্মুকে বেশি ভালোবাসি নাকি আব্বুকে। কিন্তু ঐ যে বলে ফেলছি আম্মুকে ভালোবাসি এজন্য সরি।
আমি জানি সব আব্বুরা ধৈর্যশীল হয়, আমি যখন মাসে একটা/ দুইটা করে জামা নেই সেখানে আব্বু দুইটা শার্ট দুইটা প্যান্ট আর একটা পাঞ্জাবি দিয়ে বছরের পর বছর কাটিয়ে দেয়। মায়েরা তবুও স্বামির কাছে জ্বিদ করতে পারে যে আমাকে কেনো শাড়ি/বোরকা দিচ্ছো না কিন্তু আব্বুরা সেটা পারে না। আব্বু তুমি না নিয়ে যে আমাকে জামা দিচ্ছো আর আমি নিচ্ছি এজন্য সরি।
আমি জানি সব আব্বুরা মিথ্যেবাদী, আমি অসুস্থ হলে ঔষধ,ডাক্তার রেস্ট এসব নিয়ে ব্যস্ত হয়ে পরো আর নিজে যে কতোদিন থেকে গ্যাস্ট্রিক এর ব্যথায় ভুগছো এজন্য তো কখনো ডাক্তারের কাছে যাও না, পাঁচটাদিন বাড়িতে বসেও থাকো না। শুধু তিনটাকা দিয়ে রেনিটিড এনে খেয়ে বলো যে এখন ঠিক হবে। কিন্তু একদিন ভালো থাকলেও পরে যে আবার ব্যথা ভাসে সেটা তো আর বলো না।
মাকে যেমন সকাল বিকাল জরিয়ে ধরে বলি ভালোবাসি আম্মু আব্বুকে তেমনভাবে জরিয়ে কখনো বলা হয় নি ভালোবাসি আব্বু। এজন্য সরি আব্বু।
বলা না হলে কি হবে, তবুও অনেক ভালোবাসি।
সবশেষে একটাই কথা,প্রত্যকে নিজের জায়গা থেকে বাবাকে ভালোবাসুন। বাবা নামের বটগাছ একবার মাথার ওপর থেকে হারিয়ে গেলে পুরো পৃথিবী অন্ধকার। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।সব বাবাদের জন্য ভালোবাসা অবিরাম।
ভালোবাসি আব্বু।