04/07/2026
প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রতিবাদ
------------------------------------------------
এতদ্দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দৈনিক ইত্তেফাক (Daily Ittefaq) পত্রিকার ফেইসবুক ভেরিফাইড পেজ থেকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের পরিবহন সেবা নিয়ে একটি ভিত্তিহীন, বানোয়াট প্রতিবেদন প্রচারিত হওয়ার পর তা আমাদের নজরে এসেছে। আমাদের প্রাণ প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নকারী, মিথ্যা তথ্যে ভরপুর উক্ত প্রতিবেদনের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
দূরবর্তী শিক্ষার্থীদের যথাসময়ে কলেজে উপস্থিতি নিশ্চিত করতে ও নিরাপদে বাড়ি পৌছে দিতে বিভিন্ন রুটে আমাদের ২৮টি কলেজ বাস রয়েছে। এর মাধ্যমে ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় ২০০টি স্টপেজ থেকে আমরা প্রায় ৩ হাজার পরিবহন সেবা গ্রহণকারী ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে সাশ্রয়ী মূল্যে নিরাপদ যাতায়াত নিশ্চিত করে থাকি। পরিবহন বহরের প্রতিটি বাসের বিআরটিএ রেজিস্ট্রেশন রয়েছে। বাসগুলোর নিয়মিত ফিটনেস টেস্ট ও নিজস্ব ওয়ার্কশপে প্রয়োজনীয় মেরামত করা হয়। আমাদের প্রতিটি চালকের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্র নিয়মিত হালনাগাদ করা হয়। পরিবহন সংক্রান্ত সার্বিক বিষয় তদারকির জন্য প্রতিষ্ঠান প্রধানকে সহযোগীতার জন্য রয়েছেন একাধিক দায়িত্বশীল কর্মকর্তা। পরিবহন শাখার উক্ত কর্মকর্তাদের সাথে কোনরকম যোগাযোগ না করে, সঠিক ও হালনাগাদ তথ্য সংগ্রহ না করে দৈনিক ইত্তেফাকের সংশ্লিষ্ট সাংবাদিক কোন হীন উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য এরকম মিথ্যা তথ্যে ভরপুর AI দিয়ে তৈরি একটি প্রতিবেদন প্রচার করেছে তা বোধগম্য নয়। হাজারও শিক্ষার্থীর ভালোবাসার প্রতিষ্ঠান, অভিভাবকদের আস্থার ঠিকানা, শৃঙ্খলা ও ফলাফলে সমুজ্জ্বল এই প্রতিষ্ঠানের সম্মানহানির লক্ষ্যে কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি বিনষ্টে তৎপর রয়েছে। আমরা সচেতন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং অত্র এলাকার শুভাকাঙ্খীবৃন্দ তাদের এই অপতৎপরতাকে তীব্রভাবে নিন্দা জানাই।
—শুভাকাঙ্খীবৃন্দ।