08/01/2024
পর্ব-৪ ফিরিশতা
ইসলাম ধর্মের পরিভাষায় ফিরিশতাগণ মহান আল্লাহ তাআলার এমন এক নূরানী সৃষ্টি, যারা কখনও আল্লাহর বিরূদ্ধাচরণ করেন না এবং নিরন্তর মহন আল্লাহ পাকের নির্দেশ পালনে রত।
ফিরিশতাগণ নূর বা আলোর সৃষ্টি। তারা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। এই পৃথিবীতে আল্লাহর তরফ থেকে রহমত বা শাস্তি যাই-ই কিছু নাযিল হয়, তা এই ফিরিশতাগণের মাধ্যমেই নাযিল করা হয়। তারা মানুষ ও জ্বিন জাতির প্রত্যেকের আমলনামা পর্যবেক্ষণ ও লিপিবদ্ধ করেন। শেষ বিচার দিবসে তারা বান্দার ভালো-মন্দ আমলের সাক্ষ্য দিবেন। এই ফিরিশতাগণের প্রকৃত সংখ্যা সম্পর্কে সূরা মুদ্দাসসির এর ৭৪ নং আয়াতে বলা হয়েছে 'আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন।'
তবে আল্লাহর আরশ বহনকারী চারজন মূল ফিরিশতার নাম আমরা জানি, তারা হলে হযরত জীবরাঈল (আঃ), হযরত মীকাঈল (আঃ), হযরত আজরাইল (আঃ) এবং হযরত ইস্রাফীল (আঃ)। এদের প্রত্যেকের ভূমিকা সম্পর্কেও আমরা সকলেই অবগত। এরা ছাড়াও আরও বেশ ক'জন ফিরিশতার নাম ও তাদের দায়িত্ব সম্পর্কে আমরা কুরআন ও হাদীসের আলোকে জানতে পারি।
দুনিয়া ও আখিরাতে আল্লাহর ইচ্ছাকে বাস্তবতায় রূপ দেয়ার জন্য অগুনিত ফিরিশতা কাজ করে যাচ্ছেন এবং এদের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের ঈমানের একটি অংশ। অন্যান্য কিতাবী ধর্মসমূহেও তাদের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে।