18/05/2024
ট্রেনের ৪ জনের কেবিনে রাজশাহী-ঢাকা যাচ্ছি। আলাপে বোঝা গেলো, একজন বিসিএসের বড় অফিসার, একজন ব্যাংকার। একজন রাজমিস্ত্রি আর একজন ঢাকায় ফুটপাতে কাঁচা আম বিক্রেতা। রাজমস্ত্রি যে ছেলেটা সে দৈনিক মজুরি পায় ১০০০ টাকা, মানে মাসে ৩০০০০। আর যে ১০০পিস কাঁচা আম কেটে খুচরা বেচে তার সব বাদ ১২০০ মত থাকে। মানে মাসে ৩৬০০০। তারা স্বাধীন পেশায় নিয়োজিত। ৯ম গ্রেডের যে ব্যাংকার তার থাকে ৩৪ হাজার মত। বিসিএস কর্মকর্তা পান হাজার ছত্রিশেক। আমাদের চারজনের ইনকামই প্রায় সমান। তাই আমরা একই কেবিনে করে সমান ভাড়া ১৪৫৬ টাকা দিয়ে অনলাইনে টিকেট কেটে একসাথে যাত্রা করছি। অফিসারের সকালে জরুরি কনফারেন্স আছে, তাই তিনি লেপ গায়ে দিয়ে ঘুমানোর ট্রাই করছেন। আমারও সকালে অফিস আছে, আমিও ঘুমানোর ট্রাই করছি। রাজমিস্ত্রী ছেলেটা টিকটকে ফানি ভিডিও দেখছে, আর খুটখুট করে লেপ চেপে হাসছে। আমওয়ালা মামা গান শুনছে 'সোনাবন্ধু তুই আমারে ভোঁতা দা কিয়া কাইট্টালা, পিরিতের ক্যাথা দিয়া জাপ্টে ধরে মাইরালা'। জেফারের টা না, নার্গিসের অরিজিনাল ভার্শণটা। আমি জানালার পর্দা সরিয়ে আকাশের পানে চেয়ে চেয়ে ভাবছি, মেয়েটা ছেলেটাকে ভোঁতা দা দিয়ে কেন কেটে ফেলতে বলছে। ধারালো দা না কেন। হয়ত মেয়েটা কোনো অন্যায় করেছে, তাই বলে এই গরমের দিনে কাঁথা দিয়ে জাপ্টে ধরে মেরে ফেলতে বলতে পারে? যদি মরতেই হয় তো, ধারালো দা দিয়েই মরাই ভালো, কষ্ট কম হবে।
Mostafa Kamal Toorzo