17/06/2026
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নিয়োগপ্রাপ্ত হয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার (কোষাধ্যক্ষ) হিসেবে যোগদান করেছি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) এর মতো একটি অভিনব মডেলের বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে যুক্ত হতে পেরে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন (১০ এপ্রিল ২০২৬) অনুযায়ী সংযুক্ত কলেজগুলো একটি একক বিশ্ববিদ্যালয় কাঠামোর অংশ। অর্থাৎ কলেজগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নয়, বরং সাতটি কলেজের সমন্বয়েই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হয়েছে। আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, এবং ডিগ্রি প্রদানের পূর্ণ ক্ষমতা রয়েছে। ফলে এটি দেশের প্রথম 'Multi-campus Public University' হিসেবে বিকশিত হওয়ার সুযোগ রয়েছে।
আগামী দিনে DCU-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একটি কার্যকর ‘Academic Governance Model’ প্রতিষ্ঠা করা এবং সাতটি কলেজকে তাদের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে একটি সমন্বিত বিশ্ববিদ্যালয় কাঠামোর মধ্যে নিয়ে আসা। এছাড়া চলমান ব্যাচসমূহের (Running) শিক্ষার্থীদের জন্য একটি আইনসম্মত ‘Academic Transition Policy’ প্রণয়নও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে।
সঠিক পরিকল্পনার মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রাজধানীর একটি বিশ্বমানের পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে, এই প্রত্যাশা করছি।
ট্রেজারার
বোরহান উদ্দিন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি