23/08/2026
দুর্বল ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা–২০২৬ অনুষ্ঠিত
ঢাকা, ২২ আগস্ট ২০২৬: ষাণ্মাসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দুর্বল ও অপেক্ষাকৃত পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে “দুর্বল ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এসিডি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার্থীদের সাম্প্রতিক ফলাফল, উপস্থিতি, শ্রেণিকাজ, বাড়ির কাজ, মনোযোগ এবং পড়াশোনায় দুর্বলতার বিভিন্ন কারণ নিয়ে অভিভাবকদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষাগত দুর্বলতা দূর করতে প্রতিষ্ঠান ও অভিভাবকের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাব, নিয়মিত পড়াশোনার পরিবেশ, সময়ানুবর্তিতা, পর্যাপ্ত অনুশীলন এবং শিক্ষক-অভিভাবকের নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
সভায় শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল ক্লাস, অতিরিক্ত অনুশীলন, নিয়মিত মূল্যায়ন, ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখা, প্রতিষ্ঠানের নির্দেশনা অনুসরণ করা এবং শিক্ষকদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভায় প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মোহাম্মাদ রেজাউল করিম বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনা রয়েছে। যথাযথ পরিচর্যা, আন্তরিক সহযোগিতা ও নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদেরও কাঙ্ক্ষিত শিক্ষাগত মানে উন্নীত করা সম্ভব।
মতবিনিময় সভায় শিক্ষক ও অভিভাবকগণ শিক্ষার্থীদের শিক্ষাগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটি পরিচালনা করেন এসিডির ভাইস প্রিন্সিপাল মোহাম্মাদ রেজাউল করিম। অনুষ্ঠানে এসিডির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উস্তায-উস্তাযাহবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা | ২২ আগস্ট ২০২৬
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)