12/09/2023
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের প্রকৃত মানুষ হওয়ার একমাত্র পথ ও পাথেয় হলো কুরআন ও হাদীস। কুরআন ও হাদীসের আলো যে অন্তরে নেই, তা মৃত অন্তর। কুরআন ও হাদীসের আলো যে ঘরে নেই, সে ঘর অন্ধকার। যে সমাজে নেই, সে সমাজ জাহিলি সমাজ। যে জীবনে কুরআন ও হাদীস নেই, সে জীবন চতুষ্পদ জন্তুর জীবন; বরং তার চেয়েও নিকৃষ্ট।
সুতরাং অন্তরকে জীবিত রাখার জন্য, ঘরকে আলোকিত রাখার জন্য, সমাজকে সুপথে পরিচালনার জন্য কুরআন ও হাদীসের বিকল্প নেই। আমরা তা কতটুকু অনুধাবন করতে পারি? কুরআন ও হাদীস জানার, বুঝার ও কাজে লাগানোর ক্ষেত্রে পরষ্পরকে সহযোগী হতে স্বয়ং কুরআন আমাদের নির্দেশ দিচ্ছে—
আল্লাহ তা‘আলা বলেন-
تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ
“সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। (সূরা মায়িদা : আয়াত ০২)
প্রিয়নবী হযরত রাসূলুল্লাহ ﷺ বলেন-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ " إِنَّ الدَّالَّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ".
হযরত আনাস ইবন মালিক রাদি. থেকে বর্ণিত। তিনি বলেন- নবী ﷺ বলেছেন- “ভালো কাজের পথ প্রদর্শনকারী তা সম্পাদনকারীর মতই। (হাসান সহীহ, তিরমিজী-২৬৭০)
নবীজী ﷺ আরও বলেন-
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ وَمَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَىْءٌ .
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যাক্তি ইসলামের মধ্যে কোন উত্তম প্রথা চালু করবে, সে নিজের সৎকর্মের সাওয়াব তো পাবেই এবং ঐ ব্যাক্তিদের সম পরিমাণ সাওয়াবও লাভ করবে যারা তার পরে ঐ নেক আমল করবে, এতে তাদের নেকী বিন্দুমাত্রও কমবে না। পক্ষান্তরে যে ব্যাক্তি ইসলামের মধ্যে কোনো কুপ্রথা চালু করবে, সেই অসৎকর্মের গুনাহ তো তার হবেই এবং ঐ ব্যাক্তিদের সমপরিমান গুনাহও তার ঘাড়ে আসবে যারা তার পরবর্তীতে সেই অসৎকর্মটি করবে, এতে তাদের গুনাহ বিন্দু পরিমাণও কমবে না। (সহীহ, মুসলিম-2223)
প্রিয় দর্শক! আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে একটু ভেবে দেখুন তো, কুরআন-হাদীস সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু? অথবা আপনি কয়টি আয়াত বা হাদীসের অর্থ বিশুদ্ধভাবে জানেন? নিতান্তই কম, তাইনা? বিজ্ঞানের উৎকর্ষে আর আধুনিকতার ছোঁয়ায় অন্যসব ক্ষেত্রে আমাদের যথেষ্ট চাঞ্চল্যতা থাকলেও কুরআন-হাদীস চর্চায় আমরা খুবই পশ্চাতপদ। এখানে আমাদের পিছুটান যেনো ছাড়েই না। অথচ আমরা অনলাইনে যে পরিমাণ সময় দেই, তার কিঞ্চিতও যদি কাজে লাগাই, ভাগ্যাকাশে উদিত হতে পারে আমাদের হেদায়াতের রশ্মি। জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে পারে আমাদের জীবন।
তাছাড়াও যদি ভেবে দেখি, আমরা প্রতিদিন অনলাইনে যত সময় ব্যয় করি, তার কতটুকু আমাদের কাজে লাগে বা উপকারে আসে? নিশ্চয়ই খুব সামান্য, তাই না! অথবা শুধুই সময় নষ্ট! কিন্তু কেমন হয়, যদি আমদের অনলাইনে ব্যয়িত সময়গুলোর মধ্য থেকে প্রতিদিন সামান্য সামান্য সময় দিয়ে একটি করে কুরআনের আয়াত ও হাদীসের অর্থ বিশুদ্ধভাবে শিখে নেই! কিছুদিন পর যা আমাদের জন্য জ্ঞানের মহা সমুদ্র থেকে কিঞ্চিৎ অর্জনের দার খুলে দিবে।
উপরিউক্ত আয়াত, হাদীসদ্বয় এবং এজাতীয় অসংখ্য বাণী সামনে রেখে আমরা শুরু করেছি এক মহান পথচলা। আমরা এই পেইজে নিয়মিত একটি করে বিষয় ভিত্তিক আয়াত ও হাদীস প্রচার করব, ইন শা আল্লাহ।
প্রিয় বন্ধু! এই #আলোর_পথ-এ আমাদের সহযাত্রী হতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। পেইজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন এবং দ্বীন প্রচারের স্বার্থে অন্যদেরকে শেয়ার করুন, যেন আপনিও তাদের সমপরিমাণ সাওয়াবের অধিকারী হতে পারেন।
:_আলোর_পথ