29/07/2026
কিছু প্রশ্ন আছে, যেগুলো আমরা নিজেকে খুব কম করি।
যেমন, যদি কেউ জিজ্ঞেস করে,
"একজন মুসলিম হিসেবে কি কি জানা অত্যাবশ্যক?"
আমরা কি নির্ভয়ে বলতে পারব, "আমি জানি"?
অদ্ভুত হলেও সত্য, আমরা জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য প্রস্তুতি নিই। চাকরির জন্য পড়াশোনা করি, ব্যবসার আগে পরিকল্পনা করি, কয়েক দিনের সফরের আগেও তালিকা বানাই। কারণ আমরা জানি, প্রস্তুতি ছাড়া গুরুত্বপূর্ণ কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন হয় না।
কিন্তু দ্বীনের ক্ষেত্রে আমরা অনেকেই একটি কমন ভুল করে বসি। আমরা মনে করি, ভালো মানুষ হওয়াই যথেষ্ট, এবং শেখার সময় একদিন হয়ে যাবে।
সেই একদিন অনেকেরই আর আসে না।
হয়তো আপনি হজে যেতে চান। হয়তো অনেক বছর ধরে সেই স্বপ্ন লালন করছেন। আল্লাহ ডাক দিলে যাবেন, এই আশা নিয়েই আছেন। কিন্তু হজ শুধু পৌঁছে যাওয়ার নাম নয়। হজ এমন এক ইবাদত, যেখানে ঈমান, আকিদা, পবিত্রতা, সালাত, হালাল-হারাম, আদব, দায়িত্ব, ইখলাস, সবকিছু একসঙ্গে এসে দাঁড়ায়।
তাই হজের প্রস্তুতি শুধু অর্থের প্রস্তুতি হতে পারে না। ইলমের প্রস্তুতিও তার অবিচ্ছেদ্য অংশ।
আমরা এমন সব জ্ঞানার্জনের কথা বলছি, যা জানার দায়িত্ব অন্য কারও ওপর নয়। এটি প্রত্যেক মুসলিমের নিজের দায়িত্ব। এই কথাটি আমাদের স্মরণ করিয়ে দেওয়ার মানুষ হয়তো কমে গেছে, কিন্তু দায়িত্বটি কমে যায়নি।
এই উপলব্ধি থেকেই "জিল হজ"-এর জন্ম।
আমরা কোনো নতুন ধারা তৈরি করতে আসিনি। আবার শুধু কয়েকটি ক্লাস আয়োজন করাও আমাদের উদ্দেশ্য নয়। আমরা এমন একটি শেখার পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে একজন ব্যস্ত মানুষও ধীরে ধীরে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করতে পারেন।
যেখানে প্রশ্ন করতে সংকোচ লাগে না। যেখানে বিশ্বস্ত আলেমদের সোহবতে শেখা যায়। যেখানে হজের প্রস্তুতি শুরু হয় নিজের ঈমান ও আমলকে প্রস্তুত করার মাধ্যমে।
আমরা বিশ্বাস করি, একজন মানুষের জীবন একটি বক্তৃতায় বদলে যায় না। বদলে যায় যখন সে একটি সত্য শিখে, সেটি আমলে আনে, তারপর আরেকটি সত্য শেখে। এভাবেই ইলম চরিত্র গড়ে। চরিত্র পরিবারকে প্রভাবিত করে। আর পরিবার মিলেই একটি সমাজ তৈরি করে।
যদি আপনারও কখনো মনে হয়ে থাকে,
"অনেক কিছু জানার কথা ছিল, কিন্তু শেখা হয়নি",
তাহলে আপনি একা নন।
হয়তো এটাই নতুন করে শুরু করার সময়।
চলুন বিসমিল্লাহ বলে শুরু করি!
স্বাগতম জিল হজ-এ 💐
#হজ