26/04/2025
প্রশ্ন : দুআ কবুলের শর্ত ও আদব সমূহ কি কি?
উত্তর : দোয়া কবুলের শর্তাবলী : ১. দো‘আ কারীকে তাওহীদপন্থী হতে হবে অর্থাৎ প্রার্থনাকারীকে আল্লাহর রুবুবিয়্যত, উলূহিয়্যত ও আসমা ওয়াছ ছিফাতের প্রতি একত্ববাদী হতে হবে ২. একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দো‘আ করতে হবে। যে কোন ইবাদত খালেছভাবে আল্লাহর জন্য করা না হলে তা আল্লাহ কবুল করেন না ₀₁
৩. তাড়াহুড় না করা যাবে না, বান্দা আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণকর যা ইচ্ছা তা চাইবে, কাকুতি মিনতি করবে। তবে দো‘আর ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া করবে না। নবী ﷺ বলেন, বান্দার দো‘আ ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোন পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দো‘আ করে। বান্দার দো‘আ ততক্ষণ পর্যন্ত কবুল করা হয়, যতক্ষণ পর্যন্ত না বান্দা ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া করে।
জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ! তাড়াহুড়া বলতে কী বুঝাচ্ছেন? তিনি বললেন, বান্দা বলে যে, আমি দো‘আ করেছি, আমি দো‘আ করেছি। কিন্তু আমার দো‘আ কবুল হতে দেখিনি। তখন সে ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে এবং দো‘আ করা ছেড়ে দেয় ₀₂
৪. জীবিকা হালাল হতে হবে। ইমাম ইবনে রজব হাম্বলী রহ. বলেন, হালাল খাওয়া, হালাল পান করা, হালাল পরিধান করা ও হালাল খেয়ে পরিপুষ্ট হওয়া দো‘আ কবুল হওয়ার শর্ত। হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ ﷺ বলেন, জনৈক ব্যক্তি দীর্ঘ সফর করে উষ্কখুষ্ক চুল নিয়ে ধুলিমলিন অবস্থায় দুই হাত আকাশের দিকে তুলে দো‘আ করে, ইয়া রবব, ইয়া রবব! অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে পরিপুষ্ট হয়েছে হারাম খেয়ে, তাহলে তার দো‘আ কিভাবে কবুল হবে? ₀₃
৫. দোয়ার মধ্যে পাপের কিছু না থাকা। যেমন, অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ে উন্নতির জন্য দুআ, চোরের চুরি করতে ধরা না পড়ার দুআ ইত্যাদি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া না হওয়া যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোন পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে ₀₄
৬. মনোযোগ সহকারে দোআ করতে হবে। দোয়াকালে দোয়াকারীর মনোযোগ থাকবে এবং যাঁর কাছে প্রার্থনা করা হচ্ছে তার মহত্ত্ব ও বড়ত্ব অন্তরে জাগ্রত রাখবে। নবী ﷺ বলেন, তোমরা জেনে রাখো, আল্লাহ কোন উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না ₀₅ ৭. সামর্থ্য থাকলে অন্যায় কাজের বিরোধীতা করতে হবে, নবী ﷺ বলেছেন, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাযিল করবেন অতঃপর তোমরা দুআ করবে কিন্তু তিনি তা কবুল করবেন না ₀₆ ৮. তিন ব্যক্তির দো‘আ কবুল হয় না, যে তার চরিত্রহীনা স্ত্রীকে তালাক দেয় না, যে ঋণ প্রদান করে সাক্ষী রাখে না এবং যে মূর্খ বা বুদ্ধিহীন ব্যক্তি অপচয়কারী এর হাতে অর্থ প্রদান করে ₀₇
দোয়া করার আদব সমূহ :
১. মুনাজাত বা নির্দিষ্ট কোন বিষয়ের উপর দোয়া করার ক্ষেত্রে পূর্বে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করা। মুনাজাতের শুরুতে আল্লাহর জন্য প্রশংসা মূলক বাক্য বলা, যেমন : আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহা-নাকাল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাসমুকা ওয়া তা‘আ-লা জাদ্দুকা ওয়া লা- ইলা-হা গাইরুক ইত্যাদি।
এছাড়াও অন্যান্য প্রশংসা মূলক বাক্যও বলতে পারেন এরপর নবী ﷺ এর উপর দরুদ পড়া উচিৎ কারণ হাদীসে এসেছে, নবী ﷺ এর উপর দরূদ না পড়া পর্যন্ত প্রত্যেক দো‘আ আটকে থাকে অর্থাৎ কবুল হয় না ₀₈ একদল আলেমদের মতে সব ক্ষেত্রে দরুদ পড়া বাধ্যতামূলক না তবে দরুদ পড়লে দুআ কবুলের সম্ভাবনা বেড়ে যায়।
২. আল্লাহর সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে দোআ করা উচিৎ কারণ, আল্লাহ তা‘আলা বলেন, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর নাম সমূহ। সে নামেই তোমরা তাকে ডাক এবং তাঁর নাম সমূহে যারা বিকৃতি ঘটিয়েছে তাদেরকে তোমরা পরিত্যাগ কর ₀₉ ৩. ক্বিবলামুখী হয়ে দো‘আ করা উত্তম। রাসুলুল্লাহ ﷺ ক্বিবলামূখী হয়ে দুআ করেছেন মর্মে হাদীস বর্ণিত হয়েছে ₁₀
৪. দু’হাত উত্তোলন করে দো‘আ করা উত্তম। এ সময় হাতের তালু থাকবে আকাশের দিকে। যেভাবে একজন নতজানু দরিদ্র সাহায্যপ্রার্থী কিছু পাওয়ার আশায় হাত পাতে ₁₁ ৫. দৃঢ়তার সাথে দো‘আ করা, দৃঢ়তার সাথে আল্লাহর কাছে দো‘আ করতে হবে। অর্থাৎ আমি দো‘আ করলাম, আল্লাহ চাইলে কবুল করবেন, নচেৎ নয়। এরূপ মনে করে দো‘আ করা যাবে না। নবী ﷺ বলেছেন, তোমাদের কেউ যেন অবশ্যই এভাবে না বলে, হে আল্লাহ! আপনি যদি চান আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ! আপনি যদি চান আমাকে দয়া করুন। বরং সে যেন দৃঢ়ভাবে চায়। কেননা আল্লাহর ওপর জবরদস্তি করার কেউ নেই ₁₂
৬. তিনবার করে দো‘আ করা, খুবই গুরুত্বপূর্ণ হলে দোআটি তিনবার উল্লেখ করা উত্তম। রাসুলুল্লাহ ﷺ দোআর একই বিষয়টি তিন-তিন বার পুনরাবৃত্তি করে আল্লাহর কাছে চেয়েছেন মর্মে হাদীস বর্ণিত হয়েছে ₁₃ ৭. নীরবে-নিভৃতে দোআ করা, নির্জনে ও নিভৃতে দো‘আ করা। আল্লাহ তা‘আলা বলেন, তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো, সুরা আরাফ। আল্লাহ তা‘আলা যাকারিয়া আ. এর প্রশংসা করে বলেন, যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিভৃতে ₁₄
তথ্য সুত্র :
₀₁▴ সুনান নাসাঈ ৩১৪৪ ₀₂▴ সহীহ বুখারী ৬৩৪০ মুসলিম ২৭৩৫ ₀₃▴ সহীহ মুসলিম ২২৩৬ ₀₄▴ তিরমিজি ৩৫৭৩ ₀₅▴ তিরমিজি ৩৪৭৯ সহিহুল জামে ২৪৫ ₀₆▴ তিরমিজি ২১৬৯ ₀₇▴ বায়হাক্বী, সিলসিলাতুছ ছহীহাহ ১৮০৫ ₀₈▴ ছহীহুল জামে ৪৩৯৯ ছহীহাহ ২০৩৫ ₀₉▴ সুরা আ‘রাফ ১৮০ ₁₀▴ সহীহ মুসলিম ৪৪৮০ ₁₁▴ আবু দাউদ ১৪৮৬ ₁₂▴ সহীহ বুখারী ৬৩৩৯ ₁₃▴ সহীহ বুখারী ২৪০ ₁₄▴ সুরা মারিয়াম ০৩ ~ লেখাটি বিভিন্ন ওয়েবসাইট এবং বই থেকে সংগৃহীত ও সম্পাদিত।