04/05/2020
সুপ্রিয় ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সুস্থ আছ। আজ আমি তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ বই থেকে ২য় অধ্যায়ের ১ম পরিচ্ছেদ অংশের ধ্বনিতত্ত্বের ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আলোচনা করব। আশা করছি এ নোটটি তোমাদের কাজে আসবে এবং পরবর্তিতে পড়ার জন্য তোমরা নোটটি নিজেদের সংগ্রহে রাখবে।
ব্যাকরণ পর্ব: ২
ব্যঞ্জনধ্বনি:
• ক থেকে ম পর্যন্ত মোট ২৫ ধ্বনিকে একত্রে - স্পর্শধ্বনি (Plosive) বা স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বলে।
• উচ্চারণের স্থানের দিক থেকে ৫টি গুচ্ছে বা বর্গে ভাগ করা যায়।
• প্রতিটি বর্গের ১ম ধ্বনির নামানুসারে এদের নামকরণ করা হয়। তাই এদের বর্গীয় ধ্বনি বলে।
• নিম্নবর্ণিত তালিকা থেকে অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য ধ্বনি ও উচ্চারণের স্থান সম্পর্কে জানা যাবে।
অঘোষ ১,২ সারি ঘোষ ৩,৪,৫ সারি
অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য
ক বর্গীয়- কণ্ঠ ক খ গ ঘ ঙ
চ বর্গীয় - তালু চ ছ জ ঝ ঞ
ট বর্গীয়- মূর্ধা ট ঠ ড ঢ ণ
ত বর্গীয়-দন্ত্য ত থ দ ধ ন
প বর্গীয়-ওষ্ঠ্য প ফ ব ভ ম
• উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোক দুই ভাগে ভাগ করা যায়।
o অঘোষ ধ্বনি ও
o ঘোষ ধ্বনি।
অঘোষ ধ্বনি: যে ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রী(স্বরযন্ত্রের ভেতরের অংশ) অনুরণিত( প্রতিধ্বনি বা ঝংকার) হয় না। তাদের অঘোষ ধ্বনি বলে। যেমন: ১ম ও ২য় সারি: ক, চ, ট, ত, প এবং খ, ছ, ঠ, থ, ফ।
ঘোষ ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাদের বলে ঘোষ ধ্বনি।
যেমন: ৩য় ও ৪র্থ সারি: গ, জ, ড, দ, ব এবং ঘ, ঝ, ঢ, ধ, ভ।
অল্পপ্রাণ ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকে, তাদের অল্প প্রাণ ধ্বনি বলে।
যেমন: ১ম ও ৩য় সারি: ক, চ, ট, ত, প এবং গ, জ, ড, দ, ব।
মহাপ্রাণ ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকে, তাদের মহাপ্রাণ ধ্বনি বলে।
যেমন: ২য় ও ৪র্থ সারি: খ, ছ, ঠ, থ, ফ এবং ঘ, ঝ, ঢ, ধ, ভ।
একটি পরীক্ষার মাধ্যমে বিষয়টি তোমরা অনুশীলন করতে পার। একটি সাদা কাগজ হাতে নিয়ে তোমার মুখ থেকে ২০ সে.মি. দূরে ধরে রেখে অল্পপ্রাণ ধ্বনিগুলো উচ্চারণ করে দেখ মুখ থেকে নিঃসৃত বাতাসে কাগজটি যে পরিমাণ নড়া চড়া করছে মহাপ্রাণ ধ্বনি উচ্চারণে তার চেয়ে অধিক পরিমাণে নড়ছে। অল্প বাতাসে কাগজটি খুব সামান্য পরিমাণে কাঁপবে , তাই অল্পপ্রাণ ধ্বনি ।
আবার, বেশি পরিমাণ বাতাস বের হয়ে মহাপ্রাণ ধ্বনিসমূহ উচ্চারিত হবে।
অঘোষ অল্পপ্রাণ : শ, ষ, স।
ঘোষ মহাপ্রাণ বা উষ্ম ঘোষ : হ।
কণ্ঠনালীয় ধ্বনি : হ।
তাড়ণজাত ধ্বনি : ড়, ঢ়।
কম্পনজাত ধ্বনি : র।
পার্শ্বিক ধ্বনি : ল।
পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি : শ।
পরাশ্রয়ী ধ্বনি: ৩টি : ং ঃ ঁ (অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু)
চলবে.........