Combination Production

Combination Production

Share

This is a official page of Youtube Channel Combination Production..

22/06/2025

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ওপর আরোপিত আয়কর হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রবিবার (২২ জুন) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সিদ্ধান্তের ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং শুধুমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজগুলোর ওপর ১০ শতাংশ হারে আয়কর প্রযোজ্য হবে।

এর আগে গত ১৮ জুন রাজধানীর শাহবাগে আয়োজিত এক মানববন্ধনে ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক’ কর প্রত্যাহারের দাবি জানায়। এর জের ধরেই সরকার এই সিদ্ধান্তে আসে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৮ জুন এনবিআরের এক প্রজ্ঞাপনে ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর ১৫ শতাংশ আয়কর নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১০ সালের ১ জুলাই আরেক প্রজ্ঞাপনে সেই হার অপরিবর্তিত রেখে পুনঃনিশ্চিত করা হয়।

এ কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬টি রিট করা হয়। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট এ প্রজ্ঞাপনগুলোকে অবৈধ ঘোষণা করলেও, পরে আপিল বিভাগ এনবিআরকে আপিলের অনুমতি দেয় এবং কর আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেন।

২০২৩ সালের জুন পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। কিন্তু চলতি বছরের জুন মাসে আপিল বিভাগ চূড়ান্ত রায় দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১৫ শতাংশ হারে কর আদায়ের নির্দেশ দেন।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এনবিআর ১৫ শতাংশ করহার কমিয়ে ১০ শতাংশে নামিয়ে এনেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

Source Credit: The Daily Campus

19/06/2025

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাবি, দ্বিতীয় ও তৃতীয় স্থানে বুয়েট-এনএসইউ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয়বারের মতো উঠে এল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গতবার (২০২৫ সালের র‌্যাঙ্কিং) প্রথমবারের মতো ৬০০–এর নিচে (৫৫৪তম) আসার পর এবার কিছুটা পিছিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। এবারের র‍্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ৫৮৪তম।

তবে দ্বিতীয় হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে নেই কোনো উন্নতি কিংবা অবনতি। গতবারের মতো তাদের অবস্থান ৭৫০–এর পরে (৭৬১-৭৭০তম)। আর গতবারের মতো বেসরকারি নর্থ সাউথ ইউনির্ভাসিটি তৃতীয় স্থান অর্জন করেছে। ঢাবির মতো এ বিশ্ববিদ্যালয়ও র‌্যাঙ্কিংয়ের অবস্থান পিছিয়েছে। এবার তাদের অবস্থান ৯৫১-১০০০তম, যা গতবার ছিল ৯০১-৯৫০তম।

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস আজ বৃহস্পতিবার (১৯ জুন) তাদের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করেছে। ২০২৬ সালের ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিজ’ শীর্ষক এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১ হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের মোট ১৫টি সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষালয়।

টানা ১৩তম বছরের মতো প্রথম স্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় রয়েছে পঞ্চম স্থানে।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করলেও ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এর পর থেকে আলাদাভাবে র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা৷ কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয়।

এই র‍্যাঙ্কিংয়ে এখন ৯টি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়৷ প্রতিটি সূচকে ১০০ করে স্কোর থাকে৷ সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়৷ কিউএস র‍্যাঙ্কিংয়ের সূচকগুলো হলো গবেষণা ও আবিষ্কার, শিখন অভিজ্ঞতা, কর্মসংস্থান, বৈশ্বিক সম্পৃক্ততা, স্থায়িত্ব, ইন্টারন্যাশনাল ফি, স্কলারশিপ, স্টুন্ডেট মিক্স, ইংলিংশ টেস্ট এবং একাডেমিক টেস্ট।

২০২৬ সালের জন্য সদ্যপ্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৭০৷ এর মধ্যে গবেষণা ও আবিষ্কার সূচকে একাডেমিক খ্যাতিতে ৩০.৫০ ও শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতিতে ৬ দশমিক ৯০, শিখন অভিজ্ঞতার সূচকে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ১০ দশমিক ৫০, কর্মসংস্থান সূচকে কর্মসংস্থানের ফলাফলে ৯৭, চাকরির বাজারে সুনামে ৫১ দশমিক ৩০, বৈশ্বিক সম্পৃক্ততা সূচকে আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ২ দশমিক ২০, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৫৭.৮০, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১ দশমিক ৪০ এবং আন্তর্জাতিক ছাত্র বৈচিত্র্য ১ দশমিক ৩০ স্কোর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়৷এছাড়া স্থায়িত্ব সূচকে ৫৪.২০ স্কোর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

অন্যদিকে, ইন্টারন্যাশনাল ফি ও স্কলারশিপ সূচকে কোনো অর্জন করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। স্টুন্ডেট মিক্স সূচকে দেশীয় ১০০% আন্তর্জাতিক ০%, ইংলিংশ টেস্ট এবং একাডেমিক টেস্ট সূচকেও কোনো অর্জন করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়।

অবশ্য এবারের র‍্যাঙ্কিংয়ে জায়গা পাওয়া বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর কোনোটিরই সামগ্রিক স্কোর উল্লেখ করেনি কিউএস৷ দেশসেরা দ্বিতীয় হওয়া বুয়েটের অবস্থান ৭৬১-৭৭০তম এবং তৃতীয় হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ৯৫১-১০০০তম।

এছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলো তালিকার এক হাজারের পরে। এসব বিশ্ববিদ্যালয় হলো যথাক্রমে-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১০০১-১২০০), ব্র্যাক ইউনিভার্সিটি (১২০১-১৪০০), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (১২০১-১৪০০), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১২০১-১৪০০), রাজশাহী বিশ্ববিদ্যালয় (১২০১-১৪০০), আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১৪০০+), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৪০০+), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (১৪০০+), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (১৪০০+), খুলনা বিশ্ববিদ্যালয় (১৪০০+), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৪০০+) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৪০০+)।



source credit : The Daily Campus

18/06/2025

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশের ২০ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৫ সালের সর্বশেষ ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বুধবার (১৮ জুন) এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৮টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে।
এই র‍্যাঙ্কিংয়ে সামগ্রিকভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং বিশ্বব্যাপী ১০১-২০০তম অবস্থানের মাঝে রয়েছে। তালিকায় ৬০১-৮০০তম স্থানে থেকে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

তালিকায় এবার ৮টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালগুলো মধ্যে প্রথম স্থান লাভ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তাছাড়া তালিকায় বাকি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে যথাক্রমে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
তাছাড়া তালিকায় বাকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে যথাক্রমে-ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বরেন্দ্র ইউনিভার্সিটি।

এবারের তালিকায় এক নম্বরে আছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়। এরপরেই আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি।

১৭টি নির্দিষ্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে র‌্যাঙ্কিংটি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, নো পোভার্টি; জিরো হাঙ্গার; গুড হেলথ এন্ড ওয়েলবিং; কোয়ালিটি এডুকেশন; জেন্ডার ইকুয়ালিটি; ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন; অফ ডল এন্ড ক্লিন এনার্জি; ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ; ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার; রিকোয়ার্ড ইনেকুয়ালিটিস; সাসটেইনেবল সিটিজ এন্ড কমিউনিটিস; রেসপন্সিবল কনসামশান এন্ড প্রোডাকশন; ক্লাইমেট চেঞ্জ; লাইফ বিলোওয়াটার; লাইফ অন ল্যান্ড; পিস, জাস্টিস এণ্ড স্ট্রং ইন্সটিটিউশন্স ও পার্টনারশিপ ফর দ্যা গোলস।

টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে র‌্যাঙ্কিংয়ে নির্ধারণে বিবেচিত সূচকগুলো বিশদ ব্যাখ্যাও রয়েছে। সেখানে বলা হয়েছে, শিক্ষাদান সূচকটিকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান, অর্থাৎ র‌্যাঙ্কিংয়ে নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় সূচক গবেষণায় দেখা হয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্মের খ্যাতি-জরিপ, গবেষণা থেকে আয় এবং গবেষণার সংখ্যা ও মান।

গুরুত্বপূর্ণ আরেকটি সূচক হচ্ছে গবেষণা-উদ্ধৃতি। এ ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত কাজ বিশ্বব্যাপী গবেষকদের দ্বারা কতসংখ্যকবার উদ্ধৃত হয়। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে বিশ্ববিদ্যালয়ের দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থী-কর্মী অনুপাতের সঙ্গে দেখা হয় আন্তর্জাতিক যুক্ততাও। ইন্ডাস্ট্রি ইনকামে আবিষ্কার, উদ্ভাবন ও পরামর্শের মাধ্যমে কোনো বিশ্ববিদ্যালয়ের শিল্পকে সহযোগিতার সক্ষমতা দেখা হয়।

Source credit: The Daily Campus

16/06/2025

করোনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় বন্ধ নিয়ে যা ভাবছে ইউজিসি

দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। এ ভাইরাস যেন পুনরায় মহামারির রূপ না নেয়, সেজন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এসব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এখনই কিছু ভাবছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা, ব্যবহৃত টিস্যু যথাযথভাবে ফেলা, নিয়মিত সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া এবং অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ না করা।

এছাড়া অন্তত ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা, জ্বর, কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলে বাড়িতে অবস্থান করা, মাস্ক পরা এবং প্রয়োজনে চিকিৎসা সহায়তা নেওয়ার কথা বলা হয়েছে।

তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা না আসায় ইউজিসিও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো আমরা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে আমরা সেটি অনুসরণ করে ব্যবস্থা নেব এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তবে এখনো ইউজিসিতে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘করোনা বাড়ছে। তবে এখনো আমরা এ বিষয়ে কিছু ভাবিনি। অবশ্যই কিছু দিকনির্দেশনা দেওয়া প্রয়োজন। বিষয়টি এখনো পর্যবেক্ষণে রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে কিছু দিকনির্দেশনা দেওয়া হতে পারে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হবে। অনলাইন ক্লাস বা অন্যান্য বিষয়ে এখনই কিছু ভাবা হচ্ছে না। মাস্ক, স্যানিটাইজার, সাবান ব্যবহার এবং নিরাপত্তা বজায় রাখাসহ যেসব উপসর্গ দেখা দিলে সেবা নেওয়া দরকার, সে বিষয়েও সচেতনতামূলক বার্তা দেওয়া হবে। তবে এখনই কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না। পরিস্থিতি গুরুতর হলে তখনই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ বলেন, ‘আজ আমাদের কর্মচারীদের সঙ্গে মিটিং হয়েছে। সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য সচেতন থাকার কথা বলেছি। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারের কথাও বলেছি। এই বার্তাটি সবাইকে ছড়িয়ে দিতে হবে। বর্তমানে হ্যান্ডশেক ও কোলাকুলির সংস্কৃতি বাদ দেওয়া উচিত। আমি আগেও হ্যান্ডশেক করতাম না, গত করোনা পরিস্থিতির পর একেবারেই করি না। তারপরও কিছু মানুষ এমনভাবে এগিয়ে আসে, না করেও পারা যায় না। তবে আমার মতে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। হাত তুলে সালামের মাধ্যমেই যোগাযোগ করা ভালো।’

বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনেকেই বলে আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক সংস্থা বা নজরদারি সংস্থা। কিন্তু আমি বলি, ইউজিসি হলো বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগী সংস্থা। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন অনুসারে চলে। তাই অনধিকার চর্চা আমরা করব না।’

Source credit: The Daily Campus

15/06/2025

যুক্তরাষ্ট্রে স্যাটেলাইট ডিজাইন প্রতিযোগিতায় সেরা দশে ইউআইইউ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যানস্যাট ২০২৫ প্রতিযোগিতায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল দারুণ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিশ্বজুড়ে ১৭টি দেশের ৩৪টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশি এই দলটি এশিয়ার মধ্যে দ্বিতীয় এবং বিশ্বপর্যায়ে সপ্তম স্থান অর্জন করেছে।

যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় গত ৫ থেকে ৮ জুন ভার্জিনিয়ায়। ইউআইইউ টিম ২০২৪ সালের ক্যানস্যাট প্রতিযোগীতায় এশিয়ায় ৩য় এবং বিশ্বে ১১তম হয়েছিল। প্রতিযোগিতাটির স্পনসর হিসাবে ছিলো নাসা, ইউএস নেভাল রিসার্চ ল্যাব (এনআরএল), সিমেন্স ইত্যাদি।

ক্যানস্যাট হল একটি বার্ষিক স্টুডেন্ট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগিতা যা মহাকাশযান সম্পর্কিত বিষয়গুলির জন্য একটি স্যাটেলাইট ক্যাপসুল (কন্টেইনার এবং প্রোব) ডিজাইন কাজ করে। এই স্যাটেলাইটটিকে প্রায় ৬৭০ - ৭২৫ মিটার উচ্চতায় উৎক্ষেপণ, সফল স্থাপনা প্রদর্শন এবং সফলভাবে অবতরণ না হওয়া পর্যন্ত সকল তথ্য প্রদর্শন করা।

ক্যানস্যাট প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বাংলাদেশ থেকে ৩টি দলসহ বিশ্বের মোট ৩৪টি দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগীতায় দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে ইউআইইউ’র দল বিশ্বে ৭ম স্থান অর্জন করলেও এশিয়ান দলগুলোর মধ্যে ২য় স্থান এবং বাংলাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, তাইওয়ান, কানাডা, তুরস্ক, কোরিয়া, ভারত, ইতালি, মেক্সিকো, মালেশিয়া, সিংঙ্গাপুর এবং জার্মানিসহ প্রায় ১৭টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল।

ইউআইইউ’র দল ক্যানস্যাট প্রতিযোগিতায় তাদের চিত্তাকর্ষক ও পারফরম্যান্স প্রদর্শন করে প্রাথমিক ধাপগুলোতে সফলভাবে উত্তীর্ণ হয়েছিলো। এই অর্জন আজ শুধু মাত্র ইউআইইউ’র একার জন্য আনন্দের নয় বরং বিশ্বের দরবারে সকল বাংলাদেশীদের জন্য একটি গৌরবময় অর্জন।



source credit: The Daily Campus

12/06/2025

ব্র্যাকসহ ১৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা
দেশের ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটিতে নারী নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে।

বুধবার (১১ জুন) ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেসব বিশ্ববিদ্যালয় কমিটি পেয়েছে সেগুলো হলো- ব্রাক ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সাউথইস্ট ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশপ্রেমিক শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় কে ঢেলে সাজানো হচ্ছে, যাতে ২৪-এ গণঅভ্যুত্থানের মত দেশের যেকোনো সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সর্বোচ্চ ভূমিকায় রাখতে পারে, যেভাবে ভূমিকা রেখেছিল ২৪ এর গণ অভুত্থানে। পর্যায়ক্রমে বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হবে।

কমিটিতে জায়গা পেলেন যারা

ব্র্যাক ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হয়েছেন নাইমুর রহমান, সিনিয়র সহ সভাপতি আকাইদ হোসেন বিজয়, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ফয়সাল, সিনিয়র যুগ্ম সম্পাদক জিদান খান, সাংগঠনিক সম্পাদক মুজতবা মাহবুব প্রান্ত।

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদলের সভাপতি মো. আব্দুল হালিম, সিনিয়র সহ সভাপতি মারজান আহমেদ উচ্ছ্বাস, সাধারণ সম্পাদক সাগর হোসাইন, সিনিয়র যুগ্ম সম্পাদক মিঠুন মিনহাজ, সাংগঠনিক সম্পাদক তাইশা আফরোজ মুনা।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদলের সভাপতি হয়েছেন সভাপতি রাশেদ মো. নাফিস হৃদয়, সিনিয়র সহ সভাপতি ফারুক আব্দুল্লাহ নাঈম (সিয়াম), সাধারণ সম্পাদক মো. লিসানুল আলম।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ছাত্রদলের সভাপতি হয়েছেন মেহেদী হাসান শুভ, সিনিয়র সহ সভাপতি শেখ গোলাম মাহবুব হিমেল, সাধারণ সম্পাদক এস. এম. সালমান ফারর্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশিক বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক এ. আরিয়ান।

সাউথইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান (সাদ), সদস্য সচিব মো. নাজমুস সাকিব।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন ইমরানুল হাসান রিমু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজোয়ান মন্ডল রেজা, সদস্য সচিব শাহরিয়ার কবির মিকাইল।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. মুবিন মোল্লাহ, সিনিয়র সহ সভাপতি রেজুয়ান রহমান তামিম, সাধারণ সম্পাদক কাজী মো. হাসিবুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক আরমান পাশা, সাংগঠনিক সম্পাদক তাজওয়ার হাসিন জুবরাজ।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াছিন আরাফাত ছোটন, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক জিসান আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. জিসান।

প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হয়েছেন তাহসীন মো. চৌধুরী (অমিও), সিনিয়র সহ সভাপতি নূর মোহাম্মদ কাওছার, সাধারণ সম্পাদক মো. ফাহিম বকসী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার (নারী নেতৃত্ব)।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. হাবিবুল্লাহ আকন্দ, সিনিয়র সহ সভাপতি মারুফ শাহারিয়া, সাধারণ সম্পাদক গাজী আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মিত্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহেদ মল্লিক (শান্ত)।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রেজওয়ান রশীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডি. এস. তাওহিদ আহমেদ (স্বপ্নীল), সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রাব্বি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) ছাত্রদলের সভাপতি হয়েছেন আল আমানত কবির শাইক, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল আলীম পিয়াস, সাধারণ সম্পাদক রাতুল তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আল শাহারিয়ার রাফি, সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ হাসান।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) ছাত্রদলের সভাপতি হয়েছেন দুদুল তালুকদার, সিনিয়র সহ সভাপতি মো. মুনিফ সরকার শাদ, সাধারণ সম্পাদক শাবাব আনোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোফরাদুল ইসলাম সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক জান্নাত আরা পায়েল (নারী নেতৃত্ব)।

বাংলাদেশ ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হয়েছেন ইমাম হাসান জুয়েল, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাজিদুর রহমান সৌমিক, সাংগঠনিক সম্পাদক লিমন তরফদার স্বাধীণ।

দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি হয়েছেন রণি বর্মন, সিনিয়র সহ সভাপতি শিব্বির আহমেদ সজীব, সাধারণ সম্পাদক হাসান শাহারিয়ার শাওন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা মাহবুব সৌরভ, সাংগঠনিক সম্পাদক ফাতিমা আক্তার (নারী নেতৃত্ব)।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান নিশাত, সিনিয়র সহ সভাপতি মো. ইলিয়াস হাওলাদার, সাধারণ সম্পাদক এ. আর. নাজমুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান চৌধুরী।

গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. নির্জন, সিনিয়র সহ সভাপতি মো. মামুন হোসেন খান, সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান বিজয়, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ আল রাইভার, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ।

এশিয়ান ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. অন্তর, সাধারণ সম্পাদক মুসা ইব্রাহিম অনিক।

সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়ালিদ নাঈম, সিনিয়র সহ সভাপতি মারজুক আহম্মেদ হিমেল, সাধারণ সম্পাদক মো. লিংকন মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ পিয়াল।

source credit: TThe Daily Campus

15/03/2025

ইউআইইউতে ‘ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস’র যাত্রা শুরু
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস (আইআইবিএফই-ইউআইইউ)’-এর যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ, ইউনিয়ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরচিালক ডা. মো. আখতারুজ্জামান, সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের (সিএসবিআইবি) চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং ইউনাইটেড ফাইন্যান্স’র চেয়ারম্যান জনাব নাজমুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের (আইআইবিএফই-ইউআইইউ) পরিচালক এবং ইকোনমিকস বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের (সিএসবিআইবি) মহাসচিব মো. আবদুল্লাহ শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে ইসলামি ব্যাংকিং সেক্টর বিস্তারে নানা ধরনের প্রতিবন্ধকতার পাশাপাশি দক্ষ জনশক্তির অভাব রয়েছে। ইউআইইউর এই ইনস্টিটিউটর মাধ্যমে দক্ষ জনশক্তির তৈরি এবং ইসলামি ব্যাংকিং সেক্টরের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিরা বাংলাদেশের ইসলামি ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া তারা ইসলামি ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনীতি পরিবর্তনের দিকগুলো তুলে ধরেন।

উদ্বোধনী অধিবেশন শেষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং দ্বিতীয় অধিবেশনের টেকনিক্যাল সেশনে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ইসলাম বিশেষজ্ঞ, সাংবাদিকরাসহ অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
Source Credit: The Daily Campus

29/01/2025

ইউআইইউতে ইসলামিক সেমিনার অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘ইউআইইউ ইসলামিক সেমিনার ২০২৫’ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোখতার আহমাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামের সুমহান উদার নৈতিক আদর্শের আলোকে সমাজ গড়ার আহ্বান করেন এবং দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। এছাড়াও আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

বিশেষ অতিথি শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে বর্তমান সময়ে তরুণদের বা বিশেষ করে ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদেরকে হজরত মোহাম্মাদ (স.) জীবনাদর্শের থেকে শিক্ষা নিয়ে চরিত্র গঠনের পরামর্শ দেন।

বিশেষ অতিথি প্রফেসর মোখতার আহমাদ বলেন ছাত্র-শিক্ষক সম্পর্কের যে সম্মান ও মর্যাদা ইসলাম দিয়েছে তা প্রত্যেকের পালন করতে হবে। এছাড়াও তিনি ছাত্র-শিক্ষকের মধ্যে সুসম্পর্ক তৈরিতে ইসলামের ভূমিকা ও গুরুত্বের বিষয় বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ইসলামি বিশেষজ্ঞ এবং সাংবাদিকগণসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

source Credit: The Daily Campus

10/12/2024

বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশসেরা পাচঁ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) তৃতীয়বারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৫’ শীর্ষক এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এতে সারা বিশ্বের প্রায় ১৮০০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় এবারও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় হলো কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো।

এ র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ৬৯০তম স্থান লাভ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান প্রথম। এছাড়া এক হাজারের তালিকায় বাংলাদেশের আর কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।

তালিকায় দেশের দ্বিতীয় বেসকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১৪১-১১৬০ এর মধ্যে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অবস্থান ১৩০১-১৩৫০, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটির অবস্থান (১৪০১-১৪৫০) এর মধ্যে।

র‍্যাঙ্কিংয়ে এবার তিনটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে। সব সূচক মিলিয়ে মোট স্কোর ১০০। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫%, সামাজিক প্রভাব ৪৫% এবং শাসনগত প্রভাব ১০% ধরে এই মান নিরূপণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে প্রথমবারের মতো এই র‍্যাঙ্কিং প্রকাশ করে কিউএস। সেবার বিশ্বসেরা টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রকাশ করা হয়েছিল। আর তাতে স্থান পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। সেবার এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৫৫১-৬০০ ও বুয়েটের অবস্থান ছিল ৬০১ থেকে ওপরে। এছাড়া বাংলাদেশের আর কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান হয়নি।
Source Credit: The Daily Campus





08/12/2024

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডিসহ ৪ সিদ্ধান্ত নিচ্ছে সরকার

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এমফিল, ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) চালু করাসহ চারটি বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রতিনিধি মনোনয়ন করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল/পিএইচডি, ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম, ডুয়েল সেমিস্টার/ট্রাইসেমিস্টার চালুকরণ, ওয়ার্ল্ড র‍্যাংকিং, ক্রেডিট আওয়ারস ইত্যাদি সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়-১) নুরুন আখতারকে মনোনয়ন করা হয়েছে।’

এর আগে চলতি বছরের শুরুতে পিএইচডি চালুর বিষয়ে উদ্যোগ নেয় উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পর ইউজিসি একটি খসড়া নীতিমালা প্রণয়নের করতে ৬ সদস্যের একটি গঠন করে দেয়।

যদিও ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই উদ্যোগ নিয়ে কোনো কার্যক্রম দেখা যায়নি। ইউজিসি সূত্রে জানা গেছে, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি চালু করতে নতুন আরেকটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

নতুন করে গঠিত কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুইজন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রতিনিধি রয়েছেন। এছাড়া ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে তিনজন প্রতিনিধি রয়েছেন।

Source Credit: The Daily Campus

Photos from Combination Production's post 03/09/2024

আন্দোলনে শহীদ ইরফানের স্মরণে দোয়া মাহফিল, ইউআইইউতে স্বাধীনতা কর্নারের উদ্বোধন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সকল শহীদের স্মরণে মাদানী এভিনিউ ইউনাইটেড সিটিস্থ মসজিদ আল-মুস্তফাতে রবিবার (১ সেপ্টেম্বর) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ইউআইইউ লাইব্রেরিতে ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউর বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউআইইউর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য কে এম আহসান শামীম, ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া, ট্রেজরার মো. আব্দুল মোকাদ্দেম, আইএআর’র নির্বাহী পরিচালক ও প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান এবং রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে শহীদ ইরফান ভূঁইয়ার পরিবারকে ৫০ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়। শহীদ ইরফান ভূঁইয়ার নামে ইউআইইউ লাইব্রেরি এবং মেইনটেনেন্স ল্যাবের নামকরণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অগ্রণী ভূমিকায় ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এই গৌরবময় আন্দোলনকে তুলে ধরতে ইউআইইউ লাইব্রেরিতে ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস ও তথ্য-উপাত্ত এখানে সংরক্ষিত থাকবে এবং প্রতিনিয়ত এগুলো সমৃদ্ধ হবে।

ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, স্বাধীনতা কর্নারের মাধ্যমে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে সঠিক তথ্য তুলে ধরতে এবং বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka
1000