22/12/2025
আজ ঢাকা কমার্স কলেজ পরিবারের জন্য ছিল এক আনন্দঘন ও স্মরণীয় দিন। আমাদের প্রিয় প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা, জনাব প্রফেসর কাজী মোহাম্মদ নূরুল ইসলাম ফারুকী স্যার বহুদিন পর কলেজ প্রাঙ্গণে আগমন করেছেন। স্যার ও স্যারের সহধর্মিনী, শ্রদ্ধেয় কাজী শামসুন্নাহার ফারুকী ম্যাডামের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে—যা আমাদের জন্য সত্যিই গর্ব ও আবেগের মুহূর্ত।
ঢাকা কমার্স কলেজকে আজকের এই মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে স্যারের অসামান্য অবদান ও দূরদর্শী নেতৃত্ব চিরস্মরণীয়। মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি—তিনি যেন স্যারকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন দান করেন এবং ম্যাডামকেও নেক হায়াতে ভরিয়ে রাখেন।
ঢাকা কমার্স কলেজ পরিবার সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ ও শ্রদ্ধাশীল। 🌸
© Abdus salam sir
18/12/2025
বিড়ালের মতো ১০০ বছর বাঁচার চেয়ে,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সিংহের মতো ১ দিন বাঁচা শ্রেয়।
আল্লাহ তায়ালা হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌসে দান করুক।
আমিন।
16/12/2025
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা কমার্স কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের গৌরব চিহ্নিত লাল-সবুজ রঙে কলেজের সুউচ্চ অ্যাকাডেমিক ভবন আলোকসজ্জায় আলোকিত করা হয়।
দিনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, প্রশাসন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন, সম্মানিত সিনিয়র শিক্ষকবর্গ, বিভিন্ন বিভাগের অন্যান্য সকল শিক্ষক, শিক্ষার্থীগণ এবং বিএনসিসি ও যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।
বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কলেজ কোয়ার্টার মাঠে আয়োজন করা হয় লোকজ খেলাধুলার আয়োজন। গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে জাতীয় খেলা হাডুডু, বৌচি, মোরগ লড়াই, দড়ি লাফ, হাড়ি ভাঙা ও চেয়ার সিটিং খেলায় অংশগ্রহণ করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিশুরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম শামছুদ্দিন। লোকজ খেলা তত্ত্বাবধানে ছিলেন শরীরচর্চা শিক্ষক ফয়েজ আহমদ এবং ক্রীড়া কমিটির আহবায়ক তন্ময় সরকার, সহযোগী অধ্যাপক।
16/12/2025
আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহিদ বুদ্ধিজীবীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। ৯ মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম শেষে বিজয়ের দ্বারপ্রান্তে এসে আমরা জাতির যে-সব সূর্য সন্তানদের হারিয়েছি তাঁদের স্মরণে কলেজ হতে একটি শোক র্যালি যাত্রা করে আজ সকাল ৭ টায়। র্যালিটি মিরপুর-১ এ অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবার কলেজে এসে শেষ হয়।
কলেজের পক্ষ থেকে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন এবং প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন, আহবায়ক, জাতীয় দিবস উদযাপন কমিটি এবং শিক্ষক সচিব। র্যালিতে অংশগ্রহণ করেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবর্গ এবং শিক্ষার্থীদের অনেকেই।
এছাড়াও, বাদ যোহর কলেজের মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম সাহেব।