19/12/2025
আমার সবসময় মনে হয়-একদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, কিন্তু থেকে যাবে এই ঘর, এই দেয়াল, এই উঠোন আর সমস্তকিছু। একদিন এই ঘরে এমন একটা প্রজন্ম হয়তো বসবাস শুরু করবে যাদের স্মরণে আমার কোনো স্মৃতি থাকবে না। আমাকে খেয়াল রাখা তো দূর, আমার নামটা মনে করতেও তারা হয়তো হিমশিম খাবে। যারা আমার কথা তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারত-আমার সন্তান আর নাতি-নাতনিরা, তারাও হয়তো ততদিনে পাঠ চুকোবে দুনিয়ার। দুই থেকে তিনটা প্রজন্মের ব্যবধান কেবল-এরমধ্যেই দুনিয়া থেকে মুছে যাবে আমার সকল অস্তিত্ব। সময়টাকে কল্পনা করতে গেলেই আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আমি ভাবি-এত দৌড়ঝাঁপ, এত আয়োজন আর এত তোড়জোড়, সবকিছুই তো একদিন 'নাই' হয়ে যাবে। এই মরীচিকা জীবনের মায়ায় জীবনটা যদি এভাবেই কেটে যায়-এত অদরকারি ব্যস্ততায়, আখেরে নিজের সম্বল হিশেবে অবশিষ্ট থাকবে কী?
-হায়াতের দিন ফুরালে