04/05/2025
ওয়েটল্যান্ড বা জলাভূমি এক ধরণের বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম)। সহজ ভাষায়, যেকোন জল বা পানি থাকতে পারে এমন অঞ্চলকেই জলাভূমি বলে। এটা হতে পারে প্রাকৃতিক বা কৃত্রিম, স্থায়ী বা অস্থায়ী, স্থির বা প্রবাহিত পানির ধারা, লোনা বা লবণ সহ সামুদ্রিক জলের এলাকা যার গভীরতা কম। আর জলাভূমিতে পানিই সব কিছু নিয়ন্ত্রণ করে।
জলাভূমি আমাদের প্রাকৃতিক পানির আধার। কার্বন ডাই অক্সাইড জমিয়ে রাখার পাশাপাশি পানি বিশুদ্ধকরণেও এসব জলাভূমি অনেক কাজ করে। কিন্তু বাণিজ্যিক কৃষিকাজ, জলাভূমি ভরাট, অতিরিক্ত পানির ব্যবহার ধীরে ধীরে এই জলাভূমিকে ধ্বংস করছে। আর এখানেই এই রামসার কনভেনশনের প্রয়োজনীয়তা। এটি প্রথম চুক্তি যা নির্দিষ্ট কোন ইকোসিস্টেমকে নিয়ে করা হয়েছে। এই কনভেশনে কিভাবে জলাভূমি রক্ষা করা সম্ভব তার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। যেহেতু জলাভূমি বা প্রকৃতির যেকোন উপাদান দেশের সীমারেখা মানে না তাই একে রক্ষা করতে একাধিক দেশের সদিচ্ছা প্রয়োজন। রামসার কনভেনশন কিভাবে আন্তর্জাতিক সহযোগীতায় একসাথে কাজ করা যায় সেটা নিয়েও কাজ করে।
১৯৭১ সালে ইরানের রামসার শহরে গৃহীত এই চুক্তির অধীনে এখন পর্যন্ত ২৫৩৬টি জলাভূমিকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রামসার সাইটগুলো শুধু সম্মাননা নয়, এগুলো বাস্তবে জলাভূমির রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখছে। পাশাপাশি তৈরি করছে কর্মসংস্থান।
রামসার কনভেনশন নিয়ে আরও জানতে তাদের ওয়েবসাইটটি ঘুরে আসুন। https://www.ramsar.org/