27/09/2026
"মুহাম্মাদ ইবন 'আলী আশ্ শাওকানী জীবন ও কর্ম”
লেখক: ড. ছামিউল হক ফারুকী
বহুমুখী প্রতিভার অধিকারী, জ্ঞান-গবেষণার অন্যতম পুরোধা মুহাম্মাদ ইবন 'আলী আশ্ শাওকানী। জ্ঞান-গবেষণা, অধ্যাপনা, গ্রন্থ রচনা ও বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে যে সকল মনীষী অবিস্মরণীয় হয়ে আছেন, তাঁদের একজন হলেন তিনি। আশ্ শাওকানী ছিলেন একাধারে চিন্তাবিদ, গবেষক, লেখক, অধ্যাপক, সুসাহিত্যিক, কবি, আইনবিদ ও যোগ্য বিচারক। সমসাময়িক প্রায় সকল বিষয়েই তিনি ছিলেন অত্যন্ত দক্ষ।
"আল্লামা আশ্ শাওকানী সে যুগের একজন সুযোগ্য মুজতাহিদ ছিলেন। তিনি কুরআন-সুন্নাহর আলোকে ইসলামের প্রকৃত রূপরেখা অত্যন্ত যোগ্যতার সাথে তুলে ধরেছেন। তিনি মাযহাব ও ব্যক্তি বিশেষের তাকলীদ তথা অন্ধ অনুকরণের আবর্ত থেকে বেরিয়ে মুক্ত ও স্বাধীন চিন্তা অনুশীলনের পথে পা বাড়ান।
ইজতিহাদ অর্থাৎ চিন্তা-গবেষণা করে মাসয়ালা চয়নে তিনি ছিলেন খুবই পারদর্শী। ইসলামী আইনশাস্ত্রে তাঁর ছিল বিশেষ পান্ডিত্য। বিভিন্ন বিষয়ে আইনী ব্যাখ্যা তথা ফাতওয়া দানের ক্ষেত্রে আশ্ শাওকানী অনন্য যোগ্যতার অধিকারী ছিলেন। বিচার কার্যেও তাঁর দক্ষতা এবং যোগ্যতা ছিল সুবিদিত।
তিনি শিক, বিদ'আত ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং লিখনীর মাধ্যমে এগুলোর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস চালিয়েছেন।
আমৃত্যু জ্ঞান সাধক এই মনীষী বহু সংখ্যক মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তাঁর লেখা বইয়ের সংখ্যা শতাধিক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বর্ণাঢ্য জীবনের অধিকারী এ মহান মনীষীর বহুমুখী অবদান সত্ত্বেও তাঁর জীবন সম্পর্কে সবিস্তারে তেমন কিছু জানা যায় না।
আশ্ শাওকানীর কর্মময় জীবন ও চিন্তাধারাকে সাধারণ্যে পরিচিত করানোর জন্যই মূলত এ ক্ষুদ্র প্রয়াস। "মুহাম্মাদ ইবন 'আলী আশ্ শাওকানী জীবন ও কর্ম” শীর্ষক অভিসন্দর্ভে তাঁর জীবনী, কর্ম ও চিন্তাধারার আলোচনা পেশ করা হয়েছে।