13/09/2025
আমার জান্নাতি বোনের এক অলৌকিক ঘটনা!
ছবিতে আমার ভাগিনা হাফেজ মুহা. তাহসীন। আমার বড় আপুর ছোট ছেলে। মাত্র ১ বছরে গত পরশু দিন হিফজ শেষ করেছে। আলহামদুলিল্লাহ।
আমার বড় বোন তাহসিনের হিফজ পড়া নিয়ে খুব দুঃশ্চিন্তা করতেন। কারণ, তার গলার আওয়াজ একটু জোরে পড়লে ভেঙে যায়। এজন্য আমার ভগ্নিপতি হিফজ পড়াতে চাননি। কিন্তু সে তার মায়ের আশায় ও নিজের ইচ্ছায় হিফয শুরু করেছে এবং মাত্র ১ বছরে শেষ করেছে। সুম্মা আলহামদুলিল্লাহ।
তার হিফজ শেষ হওয়ার কথা শুনে আমরা সকলে যেমন যারপরনাই খুশি হয়েছি, তেমনি তার মায়ের কথা মনে পড়ে শত আফসোস করেছি। বড় বোন থাকলে আজ কত যে খুশি হতেন তার কোনো ইয়ত্তা নেই। আর মাত্র মাস খানেকের জন্য বোন আমার এ খুশিটা দেখে যেতে পারেননি। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আজকে এক অলৌকিক বিষয়ের সাক্ষী বানালেন।
সেটি হল, আজকে বাদ ফজর আমি বাসায় গিয়ে দেখি আমার মা জায়নামাজে বসে বসে কি যেনো ভাবছেন। আমি মা বলে ডাক দিলে তিনি চমকে উঠে তাকালেন। বললাম মা! কি নিয়ে এতো ভাবছেন? মা ছলছল নয়নে বললেন, আজকে স্বপ্নে আমার আয়শাকে এতো হাসিখুশি দেখেছি যা আর কখনো দেখিনি। বললাম, কি দেখেছেন একটু খুলে বলুন। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলেন,
তাহসিনের হিফজ শেষ হওয়ার পর থেকে আমি খুব বে-চাইন ছিলাম এই জন্য যে, যদি আমার মেয়েটাকে জানাতে পারতাম তার কলিজার ধন হিফয শেষ করেছে, তাহলে সে কতইনা খুশি হতো! আল্লাহর কি মহিমা; আজকে তাকে স্বপ্নে দেখলাম। সে তার নিজ বাড়িতে কি হাসিখুশি। আমি তাকে বললাম, আয়শা, তাহসিন তো হিফজ শেষ করেছে। এটা শুনে সে এক গাল হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কি বলেন মা, সত্যি? মা বললেন, সত্যি। এরপর মা আরো বলেছেন, আমি তো ওমরা করতে যাবো দোয়া করিস। এটা শুনে আপু মন খারাপ করে ফেলেছেন। আমার মা বললেন, তোর জামাই তোর জন্য ওমরা ও হজ্জ করবে। এটা শুনে নাকি তিনি বিশ্বাস করতে চাননি! পরে মা কসম দিয়ে বলার পর আবারো খুশী হয়ে গেছেন। মুখ ভরা হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরলেন। (ভগ্নিপতি সত্যিই আরো আগে উনার জন্য ওমরা করার নিয়ত করেছেন।) এভাবে হাসিখুশির মধ্যে মায়ের স্বপ্নটা ভেঙে গেল! মা ঘুম থেকে উঠে ঘড়ি চেক করে দেখেন রাত সাড়ে তিনটা। মা আমাকে বলেন, এতটা ক্লিয়ার স্বপ্ন দেখবো আমি কল্পনাও করতে পারিনি। সবই আল্লাহর কুদরত। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার রূহকে শান্তিতে রাখুন।
মায়ের কথা গুলো শুনতে শুনতে চোখটা ঝাপসা হয়ে গেছে! ছলছল নয়নে মা-ছেলে মিলে কিছুক্ষণ আমার জান্নাতি বোনের বিভিন্ন গুনাবলি নিয়ে স্মৃতিচারণ করলাম।
আল্লাহ আমার ভাগিনা ভাগনিদের দ্বীনের সহীহ বুঝ দান করুন। তাদেরকে তাদের মায়ের নাজাতের ওসীলা হিসেবে কবূল করুন। আমার বোনকে জান্নাতুল ফেরদাউসের আ'লা মাকাম নসীব করুন।
copy post